ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পঞ্চগড়ে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, ক্ষয়ক্ষতির খবর নেই


পঞ্চগড়ে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, ক্ষয়ক্ষতির খবর নেই

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫.৪ ছিল। জানা গেছে, সকাল সাড়ে ৭টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন জানিয়েছেন, ভূমিকম্পের পর জেলার বিভিন্ন স্থানে খবর নিয়ে জানা গেছে, কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘন কুয়াশা এবং কম তাপমাত্রার কারণে মানুষ এ সময় ঘুমিয়ে থাকায় তেমন আতঙ্ক সৃষ্টি হয়নি।

এদিন ভারতের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স এবং সিকিমেও কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন: ডিবির আবেদন, সাঈদ খোকনকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে চায়

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, নেপালে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশ থেকে ১২ কিলোমিটার দূরে লেলেপে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নেপালে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। গত কয়েক বছরে এই অঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে, যার মধ্যে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির কারণ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের কাজে যোগদান, পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের কাজে যোগদান, পুলিশ মোতায়েন

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।

কিছু কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ২০টি কারখানা বন্ধ রয়েছে।

শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস লি., স্টারলিং ক্রিয়েশন লি., বান্দো ডিজাইন লি. এবং নিউএইজ গ্রুপে। মৌখিকভাবে বন্ধ রয়েছে এম অ্যান্ড এইচ করপোরেশন লি. এবং আজমত গ্রুপ।

অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে ১৩(১) ধারা মোতাবেক ২০টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সুসুকা নিট লি., ক্রিস্টাল কম্পোজিট লি., আউটলেট স্টিচ লি., সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লি., মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লি., জিম্যাক্স ক্লোথিং লি., টপ টেক্স সোয়েটার লি., ফুটস্টেপস বাংলাদেশ লি., এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., মন্ডল নিটওয়্যার লি., আর্টিস্টিক ডিজাইন লি., নেক্সট কালেকশন লি., হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, আরপি ক্রিয়েশন এ্যাপারেলস লি., হংকুন লেদার কম্পানি লি., ভার্চুয়াল বটমস লি., প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড (গার্মেন্টস ডিভিশন), ইয়াগী বাংলাদেশ লি..

মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই তৈরি পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। কিছু কারখানায় শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কাজ না করায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং মৌখিকভাবে বন্ধ দুটি কারখানা। শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২০টি কারখানা বন্ধ রয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ, ২০৩৫ আসর যুক্তরাজ্যে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ, ২০৩৫ আসর যুক্তরাজ্যে

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা এবং জ্যামাইকায়। অপরদিকে, ২০৩৫ সালের নারী বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডকে।

এই অনুমোদনটি সোমবার ফিফার বিশেষ কংগ্রেসে গৃহীত হয়।

দুই আসরের বিড ছিল প্রতিদ্বন্দ্বিতাহীন এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পূর্বে, ফিফা ২০৩১ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য আফ্রিকা এবং কনকাকাফ অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। ২০৩৫ আসরের জন্য যোগ্যতা ছিল আফ্রিকা ও ইউরোপীয় সদস্য দেশগুলোর জন্য।

২০৩১ সালের টুর্নামেন্টটি হবে নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চারটি দেশ যৌথভাবে আয়োজন করবে। এটি উত্তর আমেরিকায় অনুষ্ঠিত তৃতীয় নারী বিশ্বকাপও হবে। এর আগে যুক্তরাষ্ট্র ১৯৯৯ ও ২০০৩ সালে এবং কানাডা ২০১৫ সালে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।

মার্কিন ফুটবল ফেডারেশনের সভাপতি সিন্ডি পারলো কন মন্তব্য করেন, “ফিফার সঙ্গে আমরা বিশ্বমানের একটি টুর্নামেন্ট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে নারী ফুটবলের বিকাশ আরও ত্বরান্বিত করতে চাই।”

অন্যদিকে, ২০৩৫ সালের আসরটি যুক্তরাজ্যে অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপ হিসেবে চিহ্নিত হবে।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইট বলেন, “আমরা শুরু থেকেই বলেছি, এটি হবে সবার নারী বিশ্বকাপ। একসঙ্গে আমরা নারী ফুটবলের শক্তিকে উদযাপন করব, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করব এবং বিশ্বের সব প্রান্তের সমর্থকদের একত্রিত করব।”

২০৩১ নারী বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে। ২০৩৫ আসরেও একই ফরম্যাট বজায় থাকবে। সেখানে ১২টি গ্রুপে চারটি করে দল খেলবে এবং পরে শেষ ৩২ থেকে নকআউট পর্ব শুরু হবে।

এদিকে, ২০২৭ নারী বিশ্বকাপ, যা হবে প্রতিযোগিতাটির দশম আসর, আগামী বছর ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হবে। এটি দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

নাজিউর রহমান সোহেল

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করবে সরকার।

প্রস্তাবনার অধীনে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে যারা সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে, তাদের মধ্যে মেধাক্রমের ভিত্তিতে ল্যাপটপ বিতরণ করা হবে। অর্থাৎ, বোর্ডপ্রতি ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী নির্বাচিত হবে।

১০০তম অবস্থানে সমান নম্বরধারীদের জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ রিজার্ভ রাখা হয়েছে। এইভাবে মোট দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসিতেও এ ধরনের প্রণোদনা চালুর চিন্তা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী, উৎপাদনমুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীনে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ ক্রয় করা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এতে সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে, তাদের মধ্যে ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হবে। এতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাসসকে বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

এ বিষয়ে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম বাসসকে বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং শতভাগ মেধার ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করে পাঠাবে।’

তিনি আরও জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের হয় এবং মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিতরণের ক্ষেত্রে একটি আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা

ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, কেবল জিপিএ-৫ নয়, বরং পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রতিটি বোর্ডের প্রথম ১০০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ও অনুপাত বিবেচনায় বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা বোর্ডের কাঠামো অনুযায়ী সাধারণ অন্য ৮টি বোর্ডেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সবগুলো বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বাসসকে বলেন, ‘এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরিতে এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম। সে অনুযায়ী আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।’

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদ বাসসকে বলেন, ‘দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারীদের নিয়ে তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। আমাদের শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান ও মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।’

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গিয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে বর্তমান সরকার এই প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে আ’লীগ নেতা শেখ মোহাম্মদ আতাউর রহমান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


চট্টগ্রামে আ’লীগ নেতা শেখ মোহাম্মদ আতাউর রহমান গ্রেফতার

চট্টগ্রাম (উত্তর), ২৪ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে এসআরবি-৭।

গতকাল সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৭’র একটি আভিযানিক দল শেখ মোহাম্মদ আতাউর রহমানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসআরবি-৭’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরে চট্টগ্রামের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%