ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার


এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

নাজিউর রহমান সোহেল

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করবে সরকার।

প্রস্তাবনার অধীনে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে যারা সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে, তাদের মধ্যে মেধাক্রমের ভিত্তিতে ল্যাপটপ বিতরণ করা হবে। অর্থাৎ, বোর্ডপ্রতি ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী নির্বাচিত হবে।

আরও পড়ুন: মাসুম বিল্লাহ আল-আজহারে ২৫ দেশের সেরা ২৫ শিক্ষার্থীর তালিকায় স্থান পেলেন

১০০তম অবস্থানে সমান নম্বরধারীদের জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ রিজার্ভ রাখা হয়েছে। এইভাবে মোট দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসিতেও এ ধরনের প্রণোদনা চালুর চিন্তা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী, উৎপাদনমুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীনে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ ক্রয় করা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এতে সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে, তাদের মধ্যে ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হবে। এতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাসসকে বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

এ বিষয়ে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম বাসসকে বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং শতভাগ মেধার ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করে পাঠাবে।’

আরও পড়ুন: ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ

তিনি আরও জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের হয় এবং মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিতরণের ক্ষেত্রে একটি আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা

ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, কেবল জিপিএ-৫ নয়, বরং পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রতিটি বোর্ডের প্রথম ১০০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ও অনুপাত বিবেচনায় বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা বোর্ডের কাঠামো অনুযায়ী সাধারণ অন্য ৮টি বোর্ডেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফারিদা শহীদের প্রথম বাংলাদেশ সফর শুরু

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সবগুলো বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বাসসকে বলেন, ‘এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরিতে এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম। সে অনুযায়ী আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।’

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদ বাসসকে বলেন, ‘দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারীদের নিয়ে তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। আমাদের শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান ও মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।’

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গিয়েছে।’

আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশগ্রহণ

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে বর্তমান সরকার এই প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে আ’লীগ নেতা শেখ মোহাম্মদ আতাউর রহমান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


চট্টগ্রামে আ’লীগ নেতা শেখ মোহাম্মদ আতাউর রহমান গ্রেফতার

চট্টগ্রাম (উত্তর), ২৪ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে এসআরবি-৭।

গতকাল সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৭’র একটি আভিযানিক দল শেখ মোহাম্মদ আতাউর রহমানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসআরবি-৭’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরে চট্টগ্রামের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ এম


শেখ হাসিনা ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। তার মুখপাত্র মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে জানান, বিজয়ের দিনে দেশে ফেরার কথা রয়েছে।

এটি শেখ হাসিনার জন্য দেশে ফেরার নির্দিষ্ট তারিখের প্রথম ঘোষণা। এর ফলে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। আওয়ামী লীগ, যা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, এবং হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতা বেড়েছে।

হাসিনা বাতিল হয়ে যাওয়া এসব কাগজপত্রের জন্য আবেদন করেছেন এবং সরকারের কাছে বাংলাদেশে তার ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন, যা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে হতে হবে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, দিল্লি থেকে ঢাকায় তার বিমানযাত্রার ব্যবস্থা করতে।

তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা সম্ভব করা সরকারের দায়িত্ব।

বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিক সাড়া দেননি। রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনা হয়নি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা অবস্থায় হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার সকালে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ এম


মঙ্গলবার সকালে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্পের অনুভূতি হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টা ৩২ মিনিটে এই কম্পনটি অনুভূত হয়। হঠাৎ করে আসা এই কম্পনে ঘুমন্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৪ ছিল এবং উৎপত্তিস্থল নেপালের সিকিম এলাকা। কুড়িগ্রাম ছাড়াও রংপুরের ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ অন্যান্য অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে।

কুড়িগ্রাম শহরের ব্যবসায়ী লাল মিয়া জানিয়েছেন, সকালে হাঁটাহাঁটি করার সময় তিনি অনুভব করেন যে মাটি কাঁপছে। পরে তিনি বুঝতে পারেন যে ভূমিকম্প হচ্ছে, তবে তিনি জানান যে মাত্রা খুব বেশি ছিল না।

কলেজ শিক্ষার্থী ওমর ফারুক বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন এবং হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায়। কিছু না বুঝেই তিনি বাইরে চলে আসেন।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবোল চন্দ্র জানান, সকাল ৭ টা ৩২ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের খবর তাদের কাছে এসেছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। তিনি আরও বলেন, ভূমিকম্পের মাত্রা কম থাকার কারণে দেশের কোথাও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া জানা যায়, বাংলাদেশের উত্তরাঞ্চল ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও চীনেও এই কম্পন অনুভূত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তরের পথে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১১ পি.এম


চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তরের পথে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিবেশবান্ধব ও টেকসই বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের ‘গ্রিন পোর্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় বন্দরের বিভিন্ন প্রশাসনিক ভবন ও পণ্য রাখার শেডের অব্যবহৃত ছাদে ৮ দশমিক ৪২ মেগাওয়াট-পিক (এমডব্লিউপি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথ সুগম হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, গত ১৯ অক্টোবর সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভস লিমিটেডের (জিজিআই) সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান ও জিজিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরে আলম।

জিজিআই-এর সিইও মোহাম্মদ নূরে আলম জানান, অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রকল্পটি প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কারিগরি ডিজাইন, প্রকৌশল এবং যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহের কাজ চলছে। চট্টগ্রাম বন্দর একটি অত্যন্ত নিয়ন্ত্রিত, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা হওয়ায় এ ধরনের বন্দরে যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হয়।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ স্থাপন একটি কারিগরি প্রক্রিয়া এবং এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। যেমন-ছাদের প্রস্তুতি, যন্ত্রপাতি স্থাপনের উপযোগী প্রবেশপথ, বিস্তারিত বৈদ্যুতিক নকশা ও সংযোগের পদ্ধতি নির্ধারণ, নেট মিটারিং ব্যবস্থা, সরঞ্জাম সংগ্রহ, সংরক্ষণ, প্রয়োজনীয় অনুমোদন, নির্মাণকাজের জন্য পৃথক প্রকল্পভিত্তিক বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপন এবং প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সম্পদ নিয়োগ।

বাংলাদেশের বেশিরভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এসব কাজ পরিচালনার জন্য বন্দরের ১৮টি কি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের প্রায় ১৬৯টি বিশেষায়িত ক্রেন রয়েছে। এ ছাড়া জেটি ও কনটেইনার ইয়ার্ডে ব্যবহৃত হয় ২২ ধরনের ২৭২টি যন্ত্রপাতি। পণ্য পরিবহন ও অভ্যন্তরীণ যাতায়াতে রয়েছে ৩০ হাজারের বেশি যানবাহন।

এসবের বেশিরভাগই জীবাশ্ম জ্বালানিনির্ভর। বর্তমানে বন্দরের দৈনিক বিদ্যুতের চাহিদা ৭ থেকে ১৩ মেগাওয়াট। এ জন্য প্রতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৫০ কোটি টাকার বেশি বিল দিতে হয়। এই প্রকল্পের আওতায় দিনে সর্বোচ্চ ৮.৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দিয়ে দিনের বেলায় বন্দরের গড় চাহিদা প্রায় সাত মেগাওয়াট হওয়ায় উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী ২০ বছর প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। দিনে সৌরবিদ্যুৎ এবং রাতে জাতীয় গ্রিডের বিদ্যুতে চলবে বন্দরের কার্যক্রম।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দরে প্রতিবছর চার হাজারের বেশি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আসা-যাওয়া করে। ভবিষ্যতে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ এসব জাহাজে সরবরাহ করা গেলে বন্দরে অবস্থানকালে ভারী তেলচালিত জেনারেটর বন্ধ রাখা সম্ভব হবে। এতে বায়ুদূষণ কমবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চুক্তি অনুযায়ী, জিজিআই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অপারেটিং এক্সপেনস (ওপেক্স) মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, নির্মাণ, পরীক্ষা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। ফলে প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে শুরুতে কোনো মূলধনি বিনিয়োগ করতে হবে না।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো জরুরি মন্তব্য করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, বন্দরের যন্ত্রপাতি ও জাহাজ থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। তা ছাড়া বর্তমানে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, তা মূলত জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎস থেকেই আসে। বন্দরের ছাদ ও ফাঁকা শেড কাজে লাগাতে পারলে ভবিষ্যতে উৎপাদনক্ষমতা ২০ থেকে ২৫ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব।

কার্বন নিঃসরণবিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আনার সবচেয়ে কার্যকর পথ হলো বন্দরকে দ্রুত সৌরবিদ্যুতের আওতায় আনা। জাহাজ বন্দরে অবস্থানের সময় সৌরবিদ্যুৎ দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালানো গেলে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তর করা সম্ভব।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই প্রকল্প চালুর পর দিনে সোলার বিদ্যুৎ ব্যবহার করলে একদিকে যেমন দেশের জাতীয় গ্রিডের ওপর বন্দরের বিদ্যুতের চাপ কমবে, অন্যদিকে জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরশীলতাও উল্লেখযোগ্য হারে বাড়বে।

তিনি জানান, চুক্তি অনুযায়ী বাণিজ্যিক উৎপাদন শুরুর পরবর্তী ২০ বছর জিজিআই বন্দরকে সৌরবিদ্যুৎ সরবরাহ করবে। নির্ধারিত ট্যারিফে এ বিদ্যুৎ কিনবে বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পটির আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সরকারি নির্ধারিত সর্বোচ্চ সীমা ১০ টাকা ৫০ পয়সার মধ্যে রাখা হয়েছে।

বন্দর সূত্র জানায়, বর্তমানে বন্দরের বিদ্যুতের চাহিদা দৈনিক ৭ থেকে ১৩ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। সৌরবিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দিনের বেলায় বন্দরের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা সম্ভব হবে। উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ ভবিষ্যতে নেট মিটারিং ব্যবস্থায় জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের আরও জানিয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ হ্রাস এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব হবে। এতে গ্রিনহাউস গ্যাস ও কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে। একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগটি সহায়ক হবে।

আগামী ফেব্রুয়ারি থেকে আংশিক সৌরবিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা করছে বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দর এলাকায় শেডগুলোর ছাদে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরুর মধ্য দিয়ে অর্থনৈতিক সাশ্রয়, জ্বালানি দক্ষতা ও পরিবেশ সুরক্ষার সমন্বয়ে চট্টগ্রাম বন্দরকে আরও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ এগিয়ে যাচ্ছে বলে জানান বন্দর সচিব।

সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দরের অব্যবহৃত ছাদ ও স্থাপনাগুলোকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কাজে লাগানোর এ উদ্যোগ দেশের অন্যান্য বন্দর ও শিল্পপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।

তবে চট্টগ্রাম বন্দরকে পূর্ণাঙ্গ গ্রিন পোর্টে রূপান্তর করতে সৌরবিদ্যুতের পাশাপাশি জাহাজ, ক্রেন, পণ্য ওঠানামার যন্ত্রপাতি ও অভ্যন্তরীণ পরিবহনে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে বলেও মত দেন তারা। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%