মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৩ পি.এম
দিনাজপুর, ২৪ নভেম্বর ২০২৬ : সদর উপজেলায় আজ সরিষার আবাদ বৃদ্ধির উদ্দেশ্যে দুই হাজার দুইশ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এসব সার ও সরিষার বীজ বিতরণ করেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমিন শরীফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষারসহ অন্যান্য অতিথিরা।
সদর উপজেলার কৃষি অফিসের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে দুই হাজার দুইশ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি এক কেজি উন্নত জাতের সরিষা বীজ এবং ১০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রেমের সম্পর্কের মধ্যে সন্দেহ, অতিরিক্ত অধিকারবোধ, কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণের প্রবণতাকে কখনও কখনও রোমান্টিকতার আড়ালে উপস্থাপন করা হয় সিনেমায়। তবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার মতে, এ ধরনের বিষয়বস্তু নিয়ে আপত্তি রয়েছে। তাঁর অভিমত, বিষাক্ত সম্পর্ক কখনোই ইতিবাচক কিছু হতে পারে না। বরং, এই ধরনের সম্পর্ক মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
অভিনেতা বলেন, সিনেমায় বিভিন্ন ধরনের গল্প উঠে আসতে পারে। কিন্তু কোনো বিষাক্ত সম্পর্ককে আদর্শ বা আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা উচিত নয়। তিনি মনে করেন, শিল্পী হিসেবে পর্দায় গল্পের পাশাপাশি এর বার্তাও সঠিকভাবে উপস্থাপন করা জরুরি।
সম্প্রতি তাঁর অভিনীত ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবির প্রচারের সময় আয়ুষ্মান বিষাক্ত সম্পর্কের উপস্থাপনা নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে তিনি জানান, যদি কোনো চরিত্রের আচরণ বিষাক্ত হয়, তবে সেটিকে ইতিবাচক হিসেবে দেখানোর সুযোগ নেই। বরং, তার নেতিবাচক দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরা উচিত।
অন্য অভিনেতারা এ ধরনের গল্পে অভিনয় করতে চাইলে তাঁদের সিদ্ধান্তকে সম্মান করেন আয়ুষ্মান। তবে তিনি নিজে এমন উপস্থাপনার অংশ হতে চান না।
শুধু সম্পর্কের গল্প নয়, সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও আয়ুষ্মান নিজের চিন্তাভাবনা ও বিশ্বাসকে গুরুত্ব দেন। তাঁর কাছে ছবির বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনার চেয়ে গল্পের মান এবং নিজের মূল্যবোধের সঙ্গে সেটির সামঞ্জস্য বেশি গুরুত্বপূর্ণ।
আয়ুষ্মান জানিয়েছেন, অতীতে বেশ কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যদিও বক্স অফিসে সাফল্যের সম্ভাবনা ছিল, কিন্তু চিত্রনাট্য পছন্দ না হলে তাতে যুক্ত হতে আগ্রহী নন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে গভীর রাতে একটি চকলেট বোমাসদৃশ বস্তু বিস্ফোরিত হয়েছে। পৌরসভার সিসিটিভি ক্যামেরায় তিন মুখোশধারী ব্যক্তির গতিবিধি দেখা গেলেও ঘটনার কারণ এবং জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
এটি সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার সময় ঘটেছে। বিস্ফোরণের শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় সিসিটিভি ফুটেজে তিন মুখ ঢাকা ব্যক্তিকে দেখা যায়। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনার পর পাল্টাপাল্টি বক্তব্য এবং উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন যে, বোরহানউদ্দিনের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছে। তবে এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজীল হাওলাদার মন্তব্য করেছেন যে, ডিসেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, বোরহানউদ্দিনের শান্ত পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
অন্যদিকে, নাইটগার্ডের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি শাকিল মাতব্বর। তারা জানান, গভীর রাতে বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা জনজীবন অস্থিতিশীল করার চেষ্টা মেনে নেওয়া হবে না; এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন।
বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী বলেছেন, রাত আনুমানিক তিনটার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে পটকা বা চকলেট বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের চ্যালেঞ্জগুলো নিজেদের চোখে দেখলেন সংসদ সদস্য ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। কিছু সদস্য হুইলচেয়ারে বসে চলাচলের প্রতিবন্ধকতা অনুভব করেন, আবার কেউ মাস্ক পরে সাদাছড়ি হাতে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারের অভিজ্ঞতা গ্রহণ করেন। অন্যদিকে, কিছু সদস্য ক্রাচ ব্যবহার করে ভোটকেন্দ্রে প্রবেশ ও চলাচলের প্রতিবন্ধকতা বোঝার চেষ্টা করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) আয়োজিত একটি অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে এসব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
‘এক্সপেরিয়েন্সিং ইলেকশন অ্যাকসেসিবিলিটি চ্যালেঞ্জেস : ইমপ্যাথেটিক ইলেকটোরাল পার্টিসিপেশন’ শীর্ষক এই অনুষ্ঠানে সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম, নেওয়াজ হালিমা ও সেলিনা সুলতানা নিশীতা উপস্থিত ছিলেন। এছাড়া, ইপিডির প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস. উইবাওয়া, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, পরিচালক মো. আব্দুল মমিন সরকার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. আতিয়ার রহমান এবং সহকারী পরিচালক মুহাঃ সরওয়ার হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।
ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বাস্তবায়িত ‘প্রোমোটিং ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ প্রকল্পের আওতায় এই কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বি-স্ক্যানের নির্বাহী পরিচালক সালমা মাহবুব।
বক্তারা বলেন, নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে শুধু ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করলেই হবে না; বরং তাদের স্বাধীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য ভোটকেন্দ্রের অবকাঠামো, ভোটদান পদ্ধতি এবং তথ্য ও যোগাযোগব্যবস্থাকে প্রতিবন্ধীবান্ধব করার পাশাপাশি নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ভোটকেন্দ্রের পরিবেশে প্রতিবন্ধী ভোটারদের বাস্তব অভিজ্ঞতা উপলব্ধির ব্যবহারিক অনুশীলন। নির্বাচিত ১২ জন অংশগ্রহণকারী সরাসরি বিভিন্ন অনুশীলনে অংশ নেন। তাদের মধ্যে কেউ চোখে মাস্ক পরে সাদাছড়ি ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারের অভিজ্ঞতা নেন। কেউ হুইলচেয়ার ও ক্রাচ ব্যবহার করে চলাচলের সীমাবদ্ধতা বোঝার চেষ্টা করেন। আবার কেউ শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের চ্যালেঞ্জ এবং হাতের সীমাবদ্ধতা রয়েছে এমন ব্যক্তিদের ভোটদানের অভিজ্ঞতা অনুশীলন করেন। অনুশীলন শেষে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
তারা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি ভোটকেন্দ্র কতটা উপযোগী, তা বুঝতে এ ধরনের অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অধিকার বিষয়ে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াবে। পাশাপাশি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রতিবন্ধীবান্ধব নির্বাচনী পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রথম এআই বিষয়ক সাময়িকী ‘এআই ফর দ্য গ্লোবাল সাউথ: এ কোয়ার্টারলি বুলেটিন’-এর প্রথম সংখ্যা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
ত্রৈমাসিক এই সাময়িকীটি ইলাইয়া ফাউন্ডেশন, সেন্টার ফর অল্টারনেটিভস এবং আর্গাস ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোতে এআই-এর বিকাশ নিয়ে আরও গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। তিনি প্রকাশনাটির সফলতা কামনা করে বলেন, "আমাদের লক্ষ্য হওয়া উচিত গ্লোবাল সাউথের জন্য এআই নয়, বরং গ্লোবাল সাউথের নিজস্ব উদ্যোগে তৈরি এআই।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাময়িকীটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি এর প্রকাশনাকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের এআই যাত্রায় এই প্রকাশনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাময়িকীটির সম্পাদক এবং ইলাইয়া ফাউন্ডেশনের সভাপতি মাসুদ জামিল খান বলেন, এই প্রকাশনাটি কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং নাইরোবি, সাও পাওলো এবং জাকার্তার মতো শহরের মানুষের এআই শিক্ষার ক্ষেত্রেও এটি একটি মাইলফলক হয়ে উঠবে। তিনি এআই-এর অভিযোজন, নীতিমালা প্রণয়ন এবং বিশেষ করে গ্লোবাল সাউথকে এআই-তে সক্ষম করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভাষাগত প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান যাতে বাংলাকে এআই-এর জন্য একটি উপযুক্ত ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
সাময়িকীটির প্রধান সম্পাদক ও সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশে এআই-এর অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঠামোগত দুর্বলতা এখনো একটি বড় চ্যালেঞ্জ।
তিনি উল্লেখ করেন, "ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল শ্রমে বাংলাদেশ শক্তিশালী অবস্থানে থাকলেও উচ্চগতির ইন্টারনেট ও এআই সাক্ষরতার অভাব এখানে প্রধান অন্তরায়।" তিনি আরও বলেন, শহরের মানুষ, কৃষক এবং সাধারণ জনগণকে এআই-এর আওতায় আনতে হলে আমাদের এই কাঠামোগত দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে।
ডিজিটাল সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, ডিজিটাল সার্বভৌমত্ব মানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে সাইবার নেটওয়ার্ককে আরও নিরাপদ ও শক্তিশালী করা। তিনি বাংলা এআই রাইটিং ও স্পিচ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) যুক্ত করার এবং দেশে একটি শক্তিশালী এআই নীতিমালা কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
আর্গাস ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সের সহ-প্রতিষ্ঠাতা ফিরোজ এম জাহিদুর রহমান বলেন, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক—সবার কাছে এআই পৌঁছে দিতে হবে। তিনি গ্লোবাল সাউথের এআই ভাবনা পশ্চিমা বিশ্বের চেয়ে আলাদা উল্লেখ করে বলেন, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাজে লাগাতে হবে এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে এআই প্রয়োগ করতে হবে। তিনি এআই-এর মাধ্যমে জ্ঞানের গণতান্ত্রিকীকরণের ওপরও গুরুত্ব দেন।
অনুষ্ঠানে দেশি-বিদেশি এআই বিশ্লেষক, প্রযুক্তি বিশেষজ্ঞ, কূটনীতিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বটতলা এআই অনুষ্ঠানটির সহ-পৃষ্ঠপোষকতা করে। সূত্র: ইউএনবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ