ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

জোরারগঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার


জোরারগঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে রামদা, ছোরা ও মাস্ক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে ১ নম্বর করেরহাট ইউনিয়নের ঘোড়ামারা সাকিনের নয়াটিলা মাজারের নিকটবর্তী জঙ্গল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চট্টগ্রাম ভূজপুর থানার রহমতপুর এলাকার মোঃ আনোয়ার হোসেন (২৩), ফেনী সদর থানার রাজ নগর এলাকার বেলায়েত হোসেন (৩০) এবং জোরারগঞ্জ থানার ঘোড়ামারা এলাকার মোঃ আলাউদ্দিন ওরফে মামুন (৩৬)।
পুলিশ জানায়, বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াটিলা টু কয়লা বাজার এলাকায় ডাকাতের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিক-নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ টহল জোরদার করা হয়।
এরই অংশ হিসেবে এসআই মোঃ আকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাস্তার পাশে জঙ্গলে ১৪-১৫ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাতকে ডাকাতির প্রস্তুতি নিতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি ১০-১২ জন অন্ধকারে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে একটি সাড়ে ২৪ ইঞ্চির লোহার তৈরি রামদা, বিভিন্ন আকারের চারটি লোহার লম্বা ছোরা ও ৭টি কালো রঙের মাস্ক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা মহাসড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতি করার উদ্দেশে সেখানে সমবেত হয়েছিল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে মোঃ আলাউদ্দিন ওরফে মামুনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা ও সিএমপির বায়েজিদ বোস্তামী থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদক আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও নানা অপরাধের তথ্য রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় কাল শুরু ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশগ্রহণ ১০০ দেশের প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


ঢাকায় কাল শুরু ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশগ্রহণ ১০০ দেশের প্রতিনিধি

ঢাকায় কাল শনিবার ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু হতে যাচ্ছে। পাঁচ দিনের এই আয়োজনে ১০০টির বেশি দেশের প্রায় ২০০ বক্তা ও ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

শুক্রবার (২ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের চিত্রা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমান এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, সিজিএসের আয়োজনে এটি পঞ্চম আসর।

এবারের সংলাপের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি এবং মোট এক হাজারের মতো অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ নেতাদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সংলাপের উদ্বোধন করবেন এবং উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। সিজিএসের তথ্য অনুযায়ী, এ বছরের আলোচনায় পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু সংকট এবং প্রতিষ্ঠান ও সমাজের প্রতি আস্থা বিষয়গুলো গুরুত্ব পাবে।

এবারের সংলাপে পাঁচটি প্রধান বিষয়ে আলোচনা হবে। সেগুলো হলো—পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় ক্ষমতার প্রতিযোগিতা ও ভূরাজনীতি; কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার পরিসর ও তথ্যের ক্ষমতা; বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি; জলবায়ু, সহনশীলতা ও মানবিক নিরাপত্তা এবং গণতন্ত্র, সুশাসন ও প্রাতিষ্ঠানিক আস্থা।

তিন দিনের আয়োজনে পূর্ণাঙ্গ অধিবেশন, কৌশলগত সংলাপ, নেতৃত্ববিষয়ক ফোরাম, গোলটেবিল বৈঠক ও ছোট পরিসরের আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ পর্বগুলোর মধ্যে রয়েছে ‘দ্য প্রাইম মিনিস্টারস অ্যাড্রেস’, ‘দ্য বে অব বেঙ্গল লেকচার’, ‘দ্য নিউ স্ট্র্যাটেজিক মিডল’, ‘হোয়াই দ্য বে ম্যাটারস টু দ্য ওয়ার্ল্ড’ এবং ‘দ্য ইয়াং লিডার্স ফোরাম’।

এবার প্রথমবারের মতো ‘ডক স্পটলাইট’ নামে একটি বিশেষ পর্ব রাখা হয়েছে। এই পর্বে বক্তারা প্রচলিত দীর্ঘ বক্তৃতার পরিবর্তে নির্দিষ্ট কোনো ধারণা, অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পাবেন। ভূরাজনীতি ও সংঘাতের পাশাপাশি সমুদ্র, নেতৃত্ব, মানবিকতা ও সহনশীলতার মতো বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।

সংবাদ সম্মেলনে সিজিএসের নির্বাহী পারভেজ করিম আব্বাসী এবং মিডিয়া রিলেশন্স ও কমিউনিকেশন কো-অর্ডিনেটর সঞ্জয় দেবনাথ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়া-হিজবুল্লাহর গোপন বৈঠক অস্বীকার তুরস্ক ও দামেস্কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


সিরিয়া-হিজবুল্লাহর গোপন বৈঠক অস্বীকার তুরস্ক ও দামেস্কের

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার নতুন সরকার এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিরা গত মাসে তুরস্কে গোপন বৈঠক করেছেন। ছয়টি সূত্রের বরাতে সংস্থাটি জানায়, বৈঠকটি দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানো এবং নিরাপত্তা-সংক্রান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। তবে তুরস্ক এবং সিরিয়া উভয়েই এ ধরনের বৈঠকের কথা সরাসরি অস্বীকার করেছে।

সূত্রগুলো দাবি করেছে, তুরস্কের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার উদ্যোগে সিরিয়ার গোয়েন্দা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে হিজবুল্লাহ প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম সরাসরি বৈঠক বলে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে সিরিয়া হিজবুল্লাহকে আশ্বস্ত করে যে, তারা লেবাননে গোষ্ঠীটিকে নিরস্ত্র করতে সামরিক হস্তক্ষেপ করবে না। এর পরিবর্তে দামেস্ক সীমান্তপথে অস্ত্র পাচার বন্ধ এবং দক্ষিণ সিরিয়ায় হিজবুল্লাহর অবশিষ্ট গোপন তৎপরতা বন্ধে সহযোগিতা চায় বলে সূত্রগুলো জানিয়েছে। তবে এসব বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

গৃহযুদ্ধের সময় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সমর্থন করতে সিরিয়ায় যোদ্ধা পাঠিয়েছিল হিজবুল্লাহ। ২০২৪ সালের শেষের দিকে বিদ্রোহীদের অভিযানে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দামেস্ক ও হিজবুল্লাহর সম্পর্কের অবনতি ঘটে। নতুন সিরিয়ান সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র সরবরাহের অভিযোগও করেছে।

এদিকে গত বুধবার সিরিয়ার সরকার জানায়, দক্ষিণাঞ্চলে রকেট হামলার প্রস্তুতি নেওয়া হিজবুল্লাহর একটি সেল আটক করা হয়েছে। তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করে জানায়, সিরিয়ার ভূখণ্ডে তাদের কোনো উপস্থিতি বা সামরিক কর্মকাণ্ড নেই।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্কের উদ্যোগে প্রায় দুই মাস আগে দুই পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে তুরস্ক আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার ভূমিকা নেওয়ার চেষ্টা করছে।

তবে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের অধীন যোগাযোগ অধিদপ্তরের বিভ্রান্তি প্রতিরোধ কেন্দ্র এ প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বৈঠকের তারিখ, স্থান, অংশগ্রহণকারী ও আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রকাশিত তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ও বৈঠকের খবর অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এসব দাবি মিথ্যা এবং এমন কোনো বৈঠক হয়নি।’ হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে বৈঠকটি সত্যিই হয়েছিল কি না, তা নিয়ে এখনো পরস্পরবিরোধী দাবি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


মোহাম্মদপুরের চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি উদ্ধার করেছে পুলিশ। তবে, চুরির সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো এক সময় ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত চার্চটির দোতলার খোলা জায়গা থেকে ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পরে, পুলিশের একাধিক দল চুরি যাওয়া ঘণ্টাটি উদ্ধারের জন্য অভিযান চালায়। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি পাওয়া যায়। পুলিশের ধারণা, অভিযানের চাপে চোরেরা সেটি ফেলে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানিয়েছেন, উদ্ধার হওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় থানা হেফাজতে রাখা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি, পুলিশের বিভিন্ন সূত্রের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের পাঁচটি এতিম কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। এক মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ার পর, অভাবের সংসারে পাঁচ মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশিত হয়। এই বিষয়টি বাংলাদেশের গণমাধ্যমে একটি প্রতিবেদন আকারে প্রকাশিত হলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিতে আসে। প্রতিবেদনটি দেখার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন, উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য।

শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে পৌঁছায়।

প্রতিনিধি দলটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেয় এবং এতিম পাঁচ কন্যার সঙ্গে কথা বলে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দল মত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি গঠন করেছেন। সংবাদমাধ্যমে এই পরিবারের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে আমরা আজ এখানে এসেছি।"

তিনি আরও জানান, "এমন অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েটে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্যরা।

উল্লেখ্য, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের বোঝার চাপে মাত্র ৩১ দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেন কৃষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয় এবং এর এক মাসের ব্যবধানে তার স্বামী আবুল কালাম আজাদের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%