ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইইউ প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ


ইইউ প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে এই সাক্ষাৎটি বিরোধীদলীয় নেতার বসুন্ধরা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা।

জামায়াতের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৈঠকের সময় তারা বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা চলাকালীন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: তুরস্কের জাতীয় দিবসে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শুভেচ্ছাবাণী

বৈঠকে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।

জামায়াতের আমিরের সঙ্গে এ সময় আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এস্তোনিয়ায় রুশ সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


এস্তোনিয়ায় রুশ সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা

এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় ইদা-ভিরুমা এলাকায় প্রায় ১৫০টি বাংকার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্টিন হেরেম জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার এবং সামরিক প্রস্তুতি বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার তিনি এ পরিকল্পনার কথা প্রকাশ করেন। খবর আনাদোলুর।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআর-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত বাংকারগুলোর মধ্যে প্রায় ১০০টি রাষ্ট্রীয় মালিকানাধীন জমিতে নির্মাণ করা হবে। বাকি ৫০টি নির্মিত হবে ব্যক্তিমালিকানাধীন জমি অথবা পৌরসভার জমিতে।

তবে প্রতিরক্ষামন্ত্রী বাংকারগুলোর নকশা, নির্মাণের সময়সীমা কিংবা সেগুলো কী কাজে ব্যবহৃত হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি।

সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় বাল্টিক অঞ্চলের দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে এবং বেসামরিক জনগণের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি বাড়াচ্ছে। ন্যাটোর কর্মকর্তারা এ অঞ্চলে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ, আকাশসীমা লঙ্ঘন, নাশকতা ও অন্যান্য কথিত হাইব্রিড হুমকি নিয়ে সতর্ক করেছেন। ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের বিভিন্ন দেশও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর ন্যাটো জোট পূর্বাঞ্চলীয় সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। পাশাপাশি দ্রুত সেনা মোতায়েনের পরিকল্পনাও প্রস্তুত করেছে।

এরই ধারাবাহিকতায়, চলতি মাসের শুরুতে এস্তোনিয়ার সামরিক বাহিনী রাশিয়া সীমান্তের কাছাকাছি স্থায়ীভাবে একটি যুদ্ধের জন্য প্রস্তুত ব্রিগেড স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করে। প্রথম ব্রিগেডটিকে সীমান্ত থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরত্বে সম্প্রসারিত একটি নতুন সামরিক ঘাঁটিতে নেওয়া হবে। সম্ভাব্য রুশ হামলার দ্রুত ও কার্যকর জবাব দেওয়ার সক্ষমতা বাড়ানোই এ পদক্ষেপের লক্ষ্য।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাকিল হত্যার বিচার বাংলার মাটিতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


শাকিল হত্যার বিচার বাংলার মাটিতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনা নিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, “শাকিল হত্যার বিচার হতেই হবে এই বাংলার মাটিতে। কাউকে মেরে ফেলার অধিকার কারও নেই। অপরাধী যে-ই হোক, তার সাজা হতে হবে। এ হত্যাকাণ্ডের ঘটনা যেন ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সে চেষ্টা থাকবে আমাদের।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “হত্যার ঘটনায় কোনো ভাঙচুর করা যাবে না। আমি শাকিলকে ঢাকায় হাসপাতালে দেখতে গিয়েছিলাম। আজ কবর জিয়ারতের সময় ওর মুখটিই বারবার চোখের সামনে ভেসে উঠছিল।”

বৃহস্পতিবার বিকেলে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নাটোর জেলা বিএনপি ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে নিহত শাকিলের বাড়িতে যান প্রতিমন্ত্রী পুতুল। এ সময় তার সাথে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী ও মিজানুল হক ডিউক, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শাকিল হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুর জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর-বড়াইগ্রামের মানুষ ক্ষোভে ফুঁসছে। ইতোমধ্যে মামলাটি থানা থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। প্রধান সন্দেহভাজন মিন্টুকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

শাকিলের স্বজনদের অভিযোগ, হামলার পর ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ শুরুতে কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি এপ্রিল মাসে জীবননাশের আশঙ্কায় করা সাধারণ ডায়েরির (জিডি) নথিও থানা থেকে গায়েব হয়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শাকিলের মা-বাবা। ঘটনাকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত রয়েছে এলাকা।

নিহত শাকিলের বাবা রবিউল বলেন, আমি আমার ছেলে হত্যার উপযুক্ত বিচার চাই। কিন্তু পুলিশ আমার দেওয়া আসামিদের মূল নাম বাদ দিয়ে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা নিয়েছে। এ কারণে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে চরম শঙ্কায় আছি।

কবর জিয়ারতের আগে ও পরে শাকিল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় “শাকিল কবরে, খুনি কেন বাইরে?”, “প্রশাসন নীরব কেন? জবাব চাই, দিতে হবে”—ইত্যাদি স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন তারা।

উল্লেখ, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে শাকিলের ওপর হামলা চালায় হেলমেট পরা একদল দুর্বৃত্ত। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন তারিখ ২৬ নভেম্বর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন তারিখ ২৬ নভেম্বর ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি, যা আগামী ৭ নভেম্বরের জন্য নির্ধারিত ছিল, অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, এই পরীক্ষাটি আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষাটি প্রতিদিন দুপুর ১:০০ টায় শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী চলবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং যেকোনো জরুরি নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) পরিদর্শন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও, অন্য কোনো অপ্রমাণিত বা বিভ্রান্তিকর সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি না করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির অর্থনৈতিক অঞ্চলের জন্য ৩৬.৭১৮০ একর জমি হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির অর্থনৈতিক অঞ্চলের জন্য ৩৬.৭১৮০ একর জমি হস্তান্তর

ঢাকার কেরানীগঞ্জে হংকংভিত্তিক বস্ত্র ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা কোম্পানির বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নিতে ৩৬ দশমিক ৭১৮০ একর জমির দখল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা বিসিক শিল্পনগরীর নতুন ব্রিজসংলগ্ন নির্ধারিত স্থানে ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক শাহীন আক্তার সুমির কাছে জমির দখল হস্তান্তর করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ভূমিমালিক মো. রাশেদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হান্ডা কোম্পানি বাংলাদেশে তাদের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে ‘হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেড’-এর মাধ্যমে কেরানীগঞ্জের নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির বাংলাদেশে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বা ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হান্ডা নিট টেক্সটাইল, কাপড় রং করা (ডাইং) এবং তৈরি পোশাক উৎপাদন খাতে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে কেরানীগঞ্জে শিল্পায়ন সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

জমির দখল হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘দেশে শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কেরানীগঞ্জে বিনিয়োগের পরিবেশ আরো সম্প্রসারিত হবে। নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’

‘বেজা কর্তৃক কেরানীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণ’ প্রকল্পের আওতায় মোট ৩৬ দশমিক ৭১৮০ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২১০ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৯১৫ টাকা।

জমির দখল হস্তান্তর ও ক্ষতিগ্রস্ত ভূমিমালিককে ক্ষতিপূরণের চেক প্রদানের মধ্য দিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম আরও এক ধাপ এগিয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, হান্ডা কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে কেরানীগঞ্জে শিল্পায়ন ও বাণিজ্যের প্রসার ঘটবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%