বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৭ পি.এম
কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের কক্স অ্যাম্বাসেডর নামের একটি আবাসিক হোটেলের অষ্টম তলায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় হোটেলটিতে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, যারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন অন্য তলায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলে অবস্থানরত পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে বের করে আনা হয়। একই সঙ্গে আশপাশের হোটেলের পর্যটক এবং স্থানীয় বাসিন্দারাও নিরাপদ স্থানে সরে গিয়ে সড়কে অবস্থান নেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, "হোটেলটির ৮তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে পর্যটনকেন্দ্রের হোটেল, রিসোর্ট ও আবাসিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
তবে এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কাঠ, বাঁশ ও টিন দিয়ে নির্মিত দুই তলাবিশিষ্ট ওই স্থাপনায় আগুনে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভোরে পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের পর্যটন খাতের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ এবং সামগ্রিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সকালে তিন বন্ধু প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষ হওয়ার পর তাদের বন্ধুর বাসায় যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পথে ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এই ঘটনায় প্রাণ হারায় দুই বন্ধু। গুরুতর আহত হয় আরেকজন। তবে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা গেছে সেই বন্ধুটিও। ফলে ওই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনে।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত তিন বন্ধু হলেন সায়মন ইসলাম সাদিক (১৬), রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) এবং ফজলে রাব্বি শাহ (১৭)। তারা সকলেই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বন্ধুর বাসায় যাচ্ছিল। শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এই ঘটনায় ঘটনাস্থলেই সায়মন ও রাহাতের মৃত্যু ঘটে। গুরুতর আহত হয় ফজলে রাব্বি।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রাহাতকে মৃত ঘোষণা করেন। ফজলে রাব্বিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। শুনেছি ওই শিক্ষার্থীও মারা গেছেন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে আগেই দুইজনের মরদেহ হস্তান্তর করা হয়। অপরজনের মরদেহটি একই প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারে বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আয়োজিত এই মিছিলে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল সহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলটি চান্দাইকোনা পাবনা বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। মিছিল চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ‘একটা একটা লীগ ধর, লীগ ধরে জবাই কর’— স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না’ বলেও স্লোগান দেন তাঁরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, "বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় রাজনীতি করে।" তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অন্যায়, অনিয়ম, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য তিনি সকলকে উৎসাহিত করেন। তিনি আরও বলেন, "প্রতিহিংসা বা সংঘাত নয়, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই বিএনপিকে এগিয়ে যেতে হবে।" শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা—তিন এলাকার নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করে।
তবে রাজনৈতিক কর্মসূচিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সহিংসতামূলক ও উসকানিমূলক স্লোগান পরিহার করার ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরে নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে থাকা প্রায় অর্ধশত ইঞ্জিনচালিত জেলেনৌকা আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে পচে নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নৌকাগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় দরিদ্র জেলেরা নিঃস্ব হয়ে পড়ছেন। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া এগুলো হস্তান্তর বা নিলাম করা সম্ভব হচ্ছে না, ফলে লাখ লাখ টাকার সম্পদ নষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজমগীর হোসেন নৌকাগুলো পুলিশ হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, পদ্মা ও মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে এসব ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে নৌ পুলিশ। এ সময় জেলেদের আটকের পাশাপাশি তাদের ব্যবহৃত নৌকার বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী কয়েকজন জেলে জানিয়েছেন, তাদের আর্থিক অবস্থা অত্যন্ত অসচ্ছল। এনজিও বা বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে এবং ধারদেনা করে জীবিকা নির্বাহের জন্য তাদের এই নৌকাগুলো তৈরি করতে হয়। আইনগত বাধ্যবাধকতায় জেলেরা আটক হওয়ার পর জামিন পেলেও নৌকা ছাড়ানোর অতিরিক্ত খরচ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হয় না। তারা দাবি করেন, জামিন পাওয়ার সময় যদি জব্দকৃত নৌকাটিও আদালতের মাধ্যমে দ্রুত ছাড়িয়ে নেওয়ার সুযোগ থাকত, তবে তাদের এই করুণ দশায় পড়তে হত না। নৌকাগুলো নষ্ট হওয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছে এবং প্রান্তিক মৎস্যজীবীরা দিশাহারা হয়ে পড়ছেন।
এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ আজমগীর হোসেন বলেন, “বিভিন্ন অভিযানে আটক হওয়া অর্ধশত নৌকা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। নির্ধারিত অভিযান শেষে জেলেরা আদালত থেকে জামিন পেলেও নৌকার বিরুদ্ধে দায়ের করা মামলার আইনি প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগে। জেলেরা যেভাবে অপরাধের দায়ে মামলা ও গ্রেফতারের মুখোমুখি হন, তাদের নৌকাগুলোর ক্ষেত্রেও একই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কিন্তু জটিলতা ও অতিরিক্ত খরচের ভয়ে অনেক সময় জেলেরা নৌকাগুলো আর ছাড়িয়ে নিতে আসেন না। ফলে মাসের পর মাস এবং বছরের পর বছর একই স্থানে পড়ে থেকে নৌকাগুলো পচে নষ্ট হচ্ছে। আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত এগুলো নিলাম করা বা কারও কাছে হস্তান্তর করা আমাদের পক্ষে আইনগতভাবে সম্ভব নয়।”
স্থানীয় সচেতন মহলের মতে, দরিদ্র জেলেদের জীবিকার প্রধান মাধ্যম এই নৌকাগুলো এভাবে নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া আরও সহজ বা দ্রুততর করার মাধ্যমে জব্দকৃত এসব নৌকার সঠিক নিষ্পত্তি না হলে একদিকে যেমন সরকারের সম্পদ বিনষ্ট হবে, অন্যদিকে আইনি জটিলতার গ্যাঁড়াকলে পড়ে আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়বেন অসহায় জেলেরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের ঈদগাঁওয়ে মিয়ানমার থেকে আসা একজন রোহিঙ্গার নামে দেওয়া বিতর্কিত বাংলাদেশি জন্মনিবন্ধন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনলাইন জন্মনিবন্ধন যাচাই ব্যবস্থায় অনুসন্ধান চালিয়ে দেখা যায় যে, ওই নিবন্ধনটি আর পাওয়া যায়নি।
সরকারি নথির তথ্য অনুযায়ী, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের (৬নং ওয়ার্ড) বাসিন্দা মোহাম্মদ ছলিম মিয়ানমারের নাগরিক হিসেবে চিহ্নিত। তিনি প্রায় ৩০ বছর আগে মিয়ানমার থেকে এসে ওই গ্রামে বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে তিনি একই গ্রামের মৃত হাবিব উল্লাহর কন্যা মোস্তফা খাতুনকে বিবাহ করেন।
নথিপত্রে দেখা যায় যে, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ২০০৮ সালের ১০ জুলাই তাঁর নামে জন্মনিবন্ধন প্রদান করে। নিবন্ধনে জন্মতারিখ হিসেবে উল্লেখ করা হয় ৪ মার্চ ১৯৬৫, এবং পিতা-মাতা হিসেবে উল্লেখ করা হয় মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগম, দুজনের জাতীয়তা বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়। নিবন্ধন নম্বর ১৯৬৫২২১২৪৪২০১৫৪০৩। ২০২১ সালের ৮ জুন তাঁকে সনদের প্রতিলিপি প্রদান করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর, উল্লিখিত পিতা-মাতার পরিবারের সদস্য নূরুল হুদার অভিযোগের ভিত্তিতে এবং পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। নাগরিক উদ্যোগে ২০২৫ সালের ২১ এপ্রিল মোহাম্মদ ছলিম ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।
আবেদনে তিনি নিজের পরিচয় মিয়ানমারের নাগরিক হিসেবে তুলে ধরেন এবং আসল তথ্য গোপন করে প্রতিবেশী মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগমকে পিতা-মাতা হিসেবে উল্লেখ করে জন্মনিবন্ধন তৈরির কথা স্বীকার করেন। ইউএনওর ২১ এপ্রিলের নির্দেশনার পর ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম সরেজমিন তদন্ত করে ২০২৫ সালের ২৪ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেন। প্রতিবেদনে বলা হয়, আবেদনকারীর পরিবার এবং স্থানীয় ১০ গণ্যমান্য ব্যক্তির জবানবন্দির ভিত্তিতে ছলিম তথ্য গোপন করে জন্মনিবন্ধন করিয়েছেন এবং জন্মনিবন্ধন বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তৎকালীন ইউএনও বিমল চাকমা ২০২৫ সালের ২০ মে পাঁচ পাতার সংযুক্তিসহ বিষয়টি জেলা প্রশাসকের কাছে পাঠান। ২০২৫ সালের ১৬ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক বিষয়টি বাতিলের পরবর্তী ব্যবস্থার জন্য ঢাকায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রেরণ করেন। এই দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পরও ওই জন্ম নিবন্ধনটি প্রায় দেড় বছর অনলাইন থেকে মুছে ফেলা হয়নি। একই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলে আজ ১২ নভেম্বর জন্ম নিবন্ধনটি বাতিল করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ