মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪১ পি.এম
দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাদের মধ্যে প্রায় ৪০ শতাংশই জানেন না যে, তারা এই রোগে আক্রান্ত। চিকিৎসাধীন রোগীদের মধ্যে মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতিতে রোগটির প্রকৃত চিত্র জানার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পূর্ণাঙ্গ জাতীয় জরিপ এবং দেশব্যাপী কার্যকর স্ক্রিনিং কর্মসূচি চালুর ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি উপজেলা পর্যায়ের অসংক্রামক ব্যাধি (এনসিডি) কর্নারগুলোকে শক্তিশালী করতে ওষুধের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে তিন থেকে পাঁচ হাজার কোটি টাকায় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীতে খাদ্যবিষয়ক মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান ধারা নিউজ আয়োজিত ‘ধারা-ফিটব্যাক রিসেট গোলটেবিল’ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
‘ডায়াবেটিস মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক আলোচনায় তিনি উল্লেখ করেন, সঠিক পদক্ষেপ না নেওয়া হলে ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৬১ লাখে পৌঁছাতে পারে।
প্রতিমন্ত্রী জানান, আক্রান্তদের প্রায় ৪০ শতাংশ রোগ সম্পর্কে অজ্ঞ। ফলে দেশে প্রকৃত রোগীর সংখ্যা আরো বেশি হতে পারে। আক্রান্তদের মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে, বাকি ৮০ শতাংশের রোগ নিয়ন্ত্রণে নেই অথবা তারা প্রয়োজনীয় চিকিত্সার আওতায় আসেননি।
তিনি বলেন, প্রতিবছর ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৩১ হাজার মানুষ ডায়াবেটিসের কারণে অকালে মারা যান। এ বয়সসীমার মোট মৃত্যুর প্রায় ৫ শতাংশের জন্য দায়ী রোগটি। অথচ ডায়াবেটিসের প্রকোপ, এর কারণে সৃষ্ট অন্ধত্ব, কিডনি ও স্নায়ুর জটিলতা নিয়ে দেশে কোনো পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য জাতীয় জরিপ নেই। এ অবস্থায় বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে জরিপ পরিচালনা এবং সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে নীতিনির্ধারণ জরুরি।
স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এম এ মুহিত বলেন, সরকার শুধুমাত্র রোগের চিকিত্সার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিতে চায়। এ জন্য খাদ্য ও কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয়কে যুক্ত করে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিশুদের পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্নতা, শিশুদের খেলার মাঠ এবং সুস্থ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের মতো অসংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষায় ভূমিকা রাখবে।
আগামী কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, দেশের ২০ থেকে ২৫টি নির্বাচিত উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উপজেলায় এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত চিকিত্সা এবং নারীস্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া দেশের অন্তত চারটি বিভাগীয় শহরে নারীদের ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগের সমন্বিত চিকিত্সার জন্য বিশেষায়িত ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।
ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের উপপরিচালক ডা. নাভিদ আহমেদ, ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যস্ত জীবনের কারণে অনেকের জন্য প্রতিদিন বাজারে যাওয়া কিংবা তাজা শাকসবজি পরিষ্কার করে রান্নার প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছে। এই কারণে ফ্রোজেন বা হিমায়িত শাকসবজির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মটরশুঁটি, গাজর, ভুট্টা, শিম এবং ব্রোকলির মতো সবজি আগে থেকেই পরিষ্কার ও কেটে প্যাকেটজাত অবস্থায় পাওয়া যায়। ফলে অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করা সম্ভব হয়।
তবে এই সুবিধাজনক খাবারগুলোর স্বাস্থ্যকরত্ব নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। ফ্রোজেন শাকসবজি কি তাজা সবজির মতো পুষ্টিকর? নিয়মিত এসব সবজি খেলে শরীরের কোনো ক্ষতি হয় কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি 'র এক প্রতিবেদনে পুষ্টিবিদ নমামি আগরওয়াল এ বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন। তিনি জানান, সঠিকভাবে সংরক্ষণ করা ফ্রোজেন শাকসবজি পুষ্টির দিক থেকে একটি ভালো বিকল্প হতে পারে। তবে কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
পুষ্টিগুণ অনেকটাই অক্ষুণ্ন থাকে
পুষ্টিবিদ নমামি আগরওয়াল উল্লেখ করেন, ফ্রোজেন শাকসবজি সাধারণত পরিপক্ব হওয়ার পর সংগ্রহ করা হয়। গাছ থেকে তোলার পর দ্রুত হিমায়িত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয় এসব সবজি। ফলে এর মধ্যে থাকা বেশির ভাগ পুষ্টি উপাদান অক্ষুণ্ন থাকে। তাই তাজা সবজির বিকল্প হিসেবেও ফ্রোজেন শাকসবজি খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
খাবারে বৈচিত্র্য আনতে সহজ সমাধান
তাজা শাকসবজি বেশিদিন সংরক্ষণ করা সম্ভব নয়। অন্যদিকে, ফ্রোজেন সবজি তুলনামূলকভাবে দীর্ঘ সময় ভালো রাখা যায়। ফলে প্রয়োজন অনুযায়ী সহজেই এসব সবজি রান্নায় ব্যবহার করা যায়। স্যুপ, তরকারি, পোলাও কিংবা পাস্তার মতো বিভিন্ন খাবারে ফ্রোজেন সবজি যোগ করে প্রতিদিনের খাদ্যতালিকায় বৈচিত্র্য আনা সম্ভব। এতে সময়ও বাঁচে এবং নিয়মিত সবজি খাওয়ার অভ্যাস বজায় থাকে।
কেনার আগে প্যাকেটের লেবেল দেখে নিন
ফ্রোজেন শাকসবজি স্বাস্থ্যকর হলেও সব প্যাকেটজাত পণ্য সমান মানের নয়। কিছু পণ্যে স্বাদ বাড়াতে অতিরিক্ত সোডিয়াম, লবণ কিংবা অন্যান্য উপাদান মেশানো থাকতে পারে। তাই কেনার আগে প্যাকেটের উপাদান ও পুষ্টিগুণের তালিকা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ।
সাধারণ ফ্রোজেন সবজি বেছে নেওয়াই ভালো
নমামি আগরওয়ালের পরামর্শ হলো, অতিরিক্ত মসলা, লবণ কিংবা অন্যান্য উপাদান মেশানো ফ্রোজেন সবজির পরিবর্তে সাধারণ হিমায়িত সবজি কেনা উচিত। এতে খাবারে কী পরিমাণ লবণ বা মসলা ব্যবহার করবেন, তা নিজের মতো নিয়ন্ত্রণ করা যায়।
এছাড়া চাইলে বাড়িতে তাজা শাকসবজি পরিষ্কার করে প্রয়োজনমতো কেটে হিমায়িত করে রাখা সম্ভব। এতে প্রয়োজনের সময় সহজেই সেগুলো রান্নায় ব্যবহার করা যাবে।
ফ্রোজেন সবজি কি খাদ্যতালিকায় রাখা যাবে?
পুষ্টিবিদ নমামি আগরওয়ালের মতে, ফ্রোজেন শাকসবজিকে অস্বাস্থ্যকর ভেবে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং সঠিক পণ্য নির্বাচন করে নিয়মিত খাবারে এসব সবজি রাখা যেতে পারে। তবে কেনার আগে উপাদানের তালিকা যাচাই করা এবং প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের শাকসবজি অন্তর্ভুক্ত করাই গুরুত্বপূর্ণ।
সময়ের অভাবে তাজা সবজি কেনা বা রান্না করা সম্ভব না হলে ফ্রোজেন শাকসবজি হতে পারে পুষ্টিকর ও সুবিধাজনক বিকল্প। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে পণ্যের মান ও উপাদানের বিষয়ে সচেতন থাকা জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাই দারুসসালামে ৩৭০ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি ১৯টি কম্পানির বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে।
গত ২২ নভেম্বর বোয়েসলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টাল https://www.oep.gov.bd/job-circulars থেকে আবেদন করতে হবে।
২৩ নভেম্বর সকাল ১০টায় অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত।
পদের বিবরণ ও বেতন কাঠামো
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক এবং ড্রাইভার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
বেশিরভাগ পদে দৈনিক মজুরি ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে, তবে যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ডলার। পদভেদে বয়সসীমা ২০ থেকে ৫০ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ন্যূনতম ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির শর্তাবলি ও খরচ
নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য শ্রম চুক্তি ২ বছরের (নবায়নযোগ্য) হবে এবং দৈনিক ৮ ঘণ্টা ডিউটি পালন করতে হবে। ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম, মেডিক্যাল, বীমা ও ছুটিসহ অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
বিমান ভাড়া ও আবাসনের ব্যয় নিয়োগকর্তা বা কম্পানি বহন করবে, তবে খাবারের খরচ কর্মীকে বহন করতে হবে।
আবেদন ফি
অনলাইনে আবেদনের সময় ১০০ টাকা ও সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ চূড়ান্ত নির্বাচিতদের মধ্যে দক্ষ কর্মীদের ক্ষেত্রে ৫৮,৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ক্ষেত্রে ৪৬,৮৫০ টাকার পে-অর্ডার ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংক, মগবাজার শাখা থেকে করে মূল কপি জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশের মেডিক্যাল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে। ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকর্তা বিশেষ অগ্রাধিকার দিতে পারেন।
প্রতারণা থেকে সতর্কবার্তা
বোয়েসেল জানিয়েছে, ইন্টারভিউ ও নির্বাচিতদের তালিকা কেবল বোয়েসেলের ওয়েবসাইট (boesl.gov.bd)-এর নোটিশ বোর্ড ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে, পাশাপাশি BOESL লেখা পোর্টাল বা 01552146456 নম্বর থেকে এসএমএস পাঠানো হবে। সংস্থাটি কোনো নগদ অর্থ গ্রহণ করে না এবং দেশে তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা শাখা অফিস নেই।
জরুরি প্রয়োজনে 01765-411653 মোবাইল নম্বর অথবা ওইপি সংক্রান্ত হটলাইন 09618884271-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু জানিয়েছেন, দেশের সাধারণ মানুষের মতো প্রেসিডেন্ট ভবনেও পানি ও বিদ্যুতের সংকট বিদ্যমান। দাড়ি কামাতে বসার সময় পানির অভাবে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি রাজধানী আবুজার প্রেসিডেন্ট ভবন ‘আসো রক’-এ এই অভিজ্ঞতার কথা তিনি শেয়ার করেছেন। বিবিসির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রবিবার লাগোসে পরিবারের সদস্যদের আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনুবু বলেন, গত বুধবার দাড়ি কামানোর সময় হঠাৎ প্রেসিডেন্ট ভবনের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি উল্লেখ করেন, ‘আমি দাড়ি কামাচ্ছিলাম, এমন সময় পানি চলে গেল। প্রেসিডেন্ট ভবনেও যে কতটা ভোগান্তি রয়েছে, তা হয়তো আপনারা জানেন না।’
তিনি আরও বলেন, ‘পানি ও বিদ্যুতের সংকট থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এসব সমস্যার সমাধানে আমার সরকার কাজ করছে।’ তিনুবু বলেন, ‘আমরা এসব সমস্যার সমাধান করব। বিদ্যুৎ নেই, পানি নেই, এমন পরিস্থিতিতে উন্নয়ন সম্ভব নয়। আমরা মাত্র কাজ শুরু করেছি। এসব সমস্যার সমাধান করা সম্ভব এবং নাইজেরিয়ার জন্য আমরা তা অবশ্যই করব।’
আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনুবু। নির্বাচনে জয়ী হলে দেশের পানি ও বিদ্যুৎ সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আবুজায় আসো রকের পাদদেশে অবস্থিত ‘আসো ভিলা’ নাইজেরিয়ার প্রেসিডেন্টের অফিস ও সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।
বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা কমাতে গত বছর এই ভবনে সৌরবিদ্যুৎচালিত একটি মিনি-গ্রিড স্থাপনের জন্য বাজেটে ১০ বিলিয়ন নাইরা বরাদ্দ রাখা হয়েছিল। এই পরিমাণ প্রায় ৫৫ লাখ পাউন্ড বা ৭২ লাখ মার্কিন ডলার।
কিছু প্রতিবেদন অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্রকল্পটির নির্মাণকাজ শেষ হয়ে গেছে এবং বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। ভবিষ্যতে আসো ভিলাকে জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিজস্ব সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
নাইজেরিয়া দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকটে ভুগছে। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহে তীব্র বিঘ্নের প্রধান কারণ গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া। তবে এটি জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি বিপর্যস্ত হওয়ার ঘটনা নয়। লাগোস, আবুজাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিতরণ কোম্পানিগুলোকে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এর ফলে সাধারণ পরিবার থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান, সবাই ব্যাপক ভোগান্তিতে পড়ছে।
বিদ্যুতের পাশাপাশি দীর্ঘস্থায়ী পানির সংকটেও ভুগছে দেশটি। দ্রুত বাড়তে থাকা শহুরে জনসংখ্যার তুলনায় সরকারি পানি সরবরাহের অবকাঠামো অপর্যাপ্ত ও জরাজীর্ণ হওয়ায় এ সংকট আরও প্রকট হয়েছে। বিশেষ করে লাগোসে লাখ লাখ মানুষ নিয়মিত ও নির্ভরযোগ্য পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে।
২০২৩ সালের নির্বাচনী প্রচারণায় বিদ্যুৎ সংকট সমাধানের বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। তবে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা ২০২৭ সালের ১৬ জানুয়ারির নির্বাচনের আগে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ২০২২ সালে তিনি বলেছিলেন, ‘যেকোনো উপায়েই হোক, মানুষ বিদ্যুৎ পাবে এবং কাউকে আর অনুমাননির্ভর বিদ্যুৎ বিল দিতে হবে না।’ এমনকি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে দ্বিতীয় মেয়াদে তাকে ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকলেও তার সমর্থকেরা গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের উন্নতি এবং দুই বিলিয়ন ডলারের ‘ইস্ট-ওয়েস্ট সুপার গ্রিড’ প্রকল্পকে সরকারের অগ্রগতি হিসেবে তুলে ধরছেন। প্রকল্পটির লক্ষ্য জাতীয় বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বাড়ানো।
২০২৩ সালের নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর ও সাবেক গভর্নর পিটার ওবিকে হারিয়ে ক্ষমতায় আসেন তিনুবু। আগামী নির্বাচনেও এই তিনজনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে বিভ্রাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্ল্যাটফর্মটি ব্যবহার করার সময় হাজারো ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হয়েছেন। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে স্পটিফাই সংক্রান্ত ১৪ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডাউনডিটেক্টরে ব্যবহারকারীদের দ্বারা জমা দেওয়া অভিযোগের সংখ্যা ১৪ হাজারেরও বেশি। তবে, প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তা ভিন্ন হতে পারে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে সমস্যার বিষয়টি স্বীকার করেছে স্পটিফাই। প্রতিষ্ঠানটি জানায়, তারা এই পরিস্থিতি সম্পর্কে অবগত এবং সমস্যাগুলো খতিয়ে দেখার কাজ করছে।
তবে, এই বিভ্রাটের কারণ কি এবং কখন সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পটিফাই বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ