প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাদের মধ্যে প্রায় ৪০ শতাংশই জানেন না যে, তারা এই রোগে আক্রান্ত। চিকিৎসাধীন রোগীদের মধ্যে মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতিতে রোগটির প্রকৃত চিত্র জানার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পূর্ণাঙ্গ জাতীয় জরিপ এবং দেশব্যাপী কার্যকর স্ক্রিনিং কর্মসূচি চালুর ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি উপজেলা পর্যায়ের অসংক্রামক ব্যাধি (এনসিডি) কর্নারগুলোকে শক্তিশালী করতে ওষুধের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে তিন থেকে পাঁচ হাজার কোটি টাকায় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীতে খাদ্যবিষয়ক মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান ধারা নিউজ আয়োজিত ‘ধারা-ফিটব্যাক রিসেট গোলটেবিল’ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
‘ডায়াবেটিস মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক আলোচনায় তিনি উল্লেখ করেন, সঠিক পদক্ষেপ না নেওয়া হলে ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৬১ লাখে পৌঁছাতে পারে।
প্রতিমন্ত্রী জানান, আক্রান্তদের প্রায় ৪০ শতাংশ রোগ সম্পর্কে অজ্ঞ। ফলে দেশে প্রকৃত রোগীর সংখ্যা আরো বেশি হতে পারে। আক্রান্তদের মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে, বাকি ৮০ শতাংশের রোগ নিয়ন্ত্রণে নেই অথবা তারা প্রয়োজনীয় চিকিত্সার আওতায় আসেননি।
তিনি বলেন, প্রতিবছর ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৩১ হাজার মানুষ ডায়াবেটিসের কারণে অকালে মারা যান। এ বয়সসীমার মোট মৃত্যুর প্রায় ৫ শতাংশের জন্য দায়ী রোগটি। অথচ ডায়াবেটিসের প্রকোপ, এর কারণে সৃষ্ট অন্ধত্ব, কিডনি ও স্নায়ুর জটিলতা নিয়ে দেশে কোনো পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য জাতীয় জরিপ নেই। এ অবস্থায় বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে জরিপ পরিচালনা এবং সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে নীতিনির্ধারণ জরুরি।
স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এম এ মুহিত বলেন, সরকার শুধুমাত্র রোগের চিকিত্সার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিতে চায়। এ জন্য খাদ্য ও কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয়কে যুক্ত করে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিশুদের পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্নতা, শিশুদের খেলার মাঠ এবং সুস্থ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের মতো অসংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষায় ভূমিকা রাখবে।
আগামী কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, দেশের ২০ থেকে ২৫টি নির্বাচিত উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উপজেলায় এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত চিকিত্সা এবং নারীস্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া দেশের অন্তত চারটি বিভাগীয় শহরে নারীদের ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগের সমন্বিত চিকিত্সার জন্য বিশেষায়িত ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।
ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের উপপরিচালক ডা. নাভিদ আহমেদ, ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন