ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতায় যেসব জেলা


রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতায় যেসব জেলা

রাতে ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টিসহ বজ্রপাতও হতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

 

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুনেচ্ছার সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, রাতে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

 

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টিও হতে পারে। রয়েছে বজ্রপাতের আশঙ্কা।

 

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

এ অবস্থায় ১৩ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিশ্চুপ ফিফা, ফুটবলের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


নিশ্চুপ ফিফা, ফুটবলের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছেন ফিলিস্তিনিরা

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে স্পেনের দৃঢ় অবস্থান এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিরা বিশ্বকাপ ফাইনালে ইয়ামালদের সমর্থন জানিয়েছিলেন। কিন্তু ইসরায়েলি দখলদারিত্বের সম্মুখীন হয়ে ফিলিস্তিন ফুটবলের অস্তিত্ব হারানোর শঙ্কায় রয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার ফলে গাজার ফুটবল পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) তথ্যমতে, এ পর্যন্ত ৫৬৮ জন ফুটবলার, কোচ এবং কর্মকর্তা নিহত হয়েছেন।

এদের মধ্যে ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার ফাদি আল-নাআসান, যিনি সম্প্রতি দখলদারদের গুলিতে প্রাণ হারিয়েছেন। খেলার জগতকে পদ্ধতিগতভাবে এইভাবে ধ্বংস করার ঘটনা ফিলিস্তিন জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ রশিদ ‘স্পোর্টিসাইড’ বলে উল্লেখ করেছেন।

পশ্চিম তীরেও গত তিন বছর ধরে ঘরোয়া ফুটবল লিগ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। অনুশীলনে যাওয়ার পথে খেলোয়াড়রা গ্রেপ্তার হচ্ছেন। সম্প্রতি জাতীয় দলের দুই নারী ফুটবলার রান্দ হালাওয়ানি এবং নাতালি আবু দিয়াকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

সাবেক জাতীয় ফুটবলার আহমেদ আবু খাদিজাকে বিচার ছাড়াই ১৭ মাস বিনাবিচারে আটক রাখা হয়েছিল। আল-বিরেহ শহরের অনুশীলনের মাঠগুলোর ঠিক পাশে অবৈধ ইসরায়েলি বসতি রয়েছে। সেখানকার তরুণ অ্যাথলেটরা জানেন, যেকোনো অনুশীলন হতে পারে তাদের জীবনের শেষ অনুশীলন।

জাতীয় নারী দলের সদস্য সারা শাখশির বলেন, ইসরায়েল হয়তো একজন ফুটবলারকে বন্দি করতে পারে অথবা খেলার মাঠ গুড়িয়ে দিতে পারে, কিন্তু ফিলিস্তিনের অস্তিত্ব মুছে ফেলার চক্রান্ত তারা কখনোই সফল হতে দেবে না।

ইসরায়েলের এই দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সম্পূর্ণরূপে উদাসীন। দখলকৃত জায়গায় পরিচালিত ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানিয়েছেন সংস্থাটি।

তবে সকল বাধা উপেক্ষা করে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুব জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাস থেকে তারা ঘরোয়া ফুটবলের প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করতে যাচ্ছেন। মৃত্যু এবং ধ্বংসের মাঝে টিকে থাকার এই লড়াইটি ফিলিস্তিনিদের কাছে এখন আর কেবল খেলা নয়, এটি তাঁদের অস্তিত্ব রক্ষার অন্যতম বোঝাপড়া।

সূত্র: দ্য নিউ আরব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানকে সরিয়ে আপনারা মোদিকে রক্ষা করলেন: অখিলেশ যাদব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


প্রধানকে সরিয়ে আপনারা মোদিকে রক্ষা করলেন: অখিলেশ যাদব

প্রধানমন্ত্রী মোদির সরকারকে একহাত নিয়েছেন সমাজবাদী পার্টির (সপা) প্রধান এবং কনৌজ আসনের সংসদ সদস্য অখিলেশ যাদব।

অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে উত্তাল আন্দোলনের প্রেক্ষিতে, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার লোকসভায় প্রশ্নফাঁস-বিরোধী সংশোধনী বিলের ওপর ১০ ঘণ্টাব্যাপী আলোচনা চলাকালীন, সাবেক শিক্ষামন্ত্রীর পদত্যাগকে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের সাফল্য হিসেবে বর্ণনা করেন তিনি।

লোকসভায় দাঁড়িয়ে অখিলেশ যাদব বলেন, ‘‘আপনারা একজন ‘প্রধান’কে পদ থেকে সরিয়ে মূল ‘প্রধানমন্ত্রী’কেই বাঁচিয়ে দিয়েছেন।’’ সংসদে নিজের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “সাবেক মন্ত্রী যখন সংসদে এলেন, তখন ভবনের বাইরে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল। একবার ভেবে দেখুন, এই পদত্যাগে শাসকদলের সদস্যরা কতটা স্বস্তি পেয়েছেন এবং তারা কত বড় সংকট থেকে বেঁচে গেছেন। বস্তুত একজন ‘প্রধান’কে সরিয়ে আপনারা কার্যত ‘প্রধানমন্ত্রী’কেই রক্ষা করেছেন।”

ক্ষমতাসীন সরকারের এই পিছু হটার জন্য তিনি আন্দোলনরত তরুণদের একতা ও মনোবলকে অভিবাদন জানান। তিনি আরও বলেন, সরকার নিজেদের অপরাজিত মনে করলেও দেশের তরুণরা প্রমাণ করে দিয়েছে যে ‘ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিইয়ে’ অর্থাৎ সঠিক উপায়ে চাপ সৃষ্টি করতে পারলে পুরো বিশ্বই নতিস্বীকার করতে বাধ্য হয়। তাই সরকার অবশেষে মাথা নত করতে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করতে বাধ্য হয়েছে।

অখিলেশ যাদব আরও বলেন, নিট পরীক্ষার জালিয়াতির বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনটিই ছিল প্রথম কোনো ছাত্র আন্দোলন, যেখানে দেশটির অভিভাবকরাও পূর্ণ সমর্থন নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। তিনি উল্লেখ করেছেন, সরকার যখন আতঙ্কিত ও ভীত হয়, তখনই কেবল জনগণের দাবি মেনে নেয়।

এর আগে ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়ও আমরা একই চিত্র দেখেছি। নির্বাচন সামনে আসতেই সরকার বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। প্রথমে যে আন্দোলনকে রসিকতা হিসেবে দেখা হয়েছিল, তা পরবর্তীতে বিশাল এক শক্তিতে পরিণত হয়ে সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, তরুণদের তোলা প্রতিটি যৌক্তিক দাবিই সরকার মেনে নেবে।

এক পর্যায়ে ভারতের জনতা পার্টির (বিজেপি) নীতি ও শিক্ষাব্যবস্থার কঠোর সমালোচনা করে সপা প্রধান বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশের শিক্ষাব্যবস্থা, পরীক্ষাপদ্ধতি ও বিশ্ববিদ্যালয়গুলোকে একটি নির্দিষ্ট ভাবধারায় রাঙিয়ে দিয়ে ধ্বংস করার চেষ্টা চালিয়ে আসছে। এর ফলে শিক্ষার্থীদের মনে গভীর ক্ষোভের জন্ম হয়েছিল, যা পরবর্তীতে এমন এক গণ-আন্দোলনে রূপ নেয় যে, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলটিকেও পিছু হটতে হয়েছে।

এবং এই মানসিকতার পরিবর্তন জরুরি। এক্ষেত্রে তিনি অভিযোগ করেন, সরকারি নিয়োগে দলিত ও অনগ্রসর শ্রেণির অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা পরিচালনার দায়িত্ব জাতীয় পরীক্ষা সংস্থার (এনটিএ) মতো জায়গায় আউটসোর্স করার মাধ্যমে সরকার যেভাবে কাজ করছে, তাতে বিরোধী দলগুলোর আশঙ্কা হচ্ছে যে একদিন হয়তো পুরো সরকারব্যবস্থাটাকেই বেসরকারীকরণ বা আউটসোর্স করে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষায় ব্যাপক জালিয়াতির অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃবৃন্দের বিরুদ্ধে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর অপসারণের দাবি ছাড়াও আদালত তদারকি তদন্ত, আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং পুরো পরীক্ষাব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন। নতুন সংসদীয় অধিবেশন শুরুর আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর সোমবার লোকসভায় প্রশ্নফাঁস-বিরোধী নতুন বিলটি উত্থাপন করা হয়, যার উদ্দেশ্য পরীক্ষা প্রক্রিয়ায় জালিয়াতি রোধ করা এবং প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিডিও কলে শ্বশুর-শাশুড়ির সামনে স্ত্রীকে ঝুলিয়ে হত্যা করলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


ভিডিও কলে শ্বশুর-শাশুড়ির সামনে স্ত্রীকে ঝুলিয়ে হত্যা করলেন স্বামী

পরকীয়ার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে হত্যা করেছে তার স্বামী। হত্যার সময় স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে তীব্র মৃত্যুযন্ত্রণার ভিডিও ধারণ করে তা পরিবার ও বন্ধুদের কাছে পাঠান এই পাষাণ স্বামী। এ সময় ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে মেয়ের শেষ মুহূর্তের অসহায়ত্বও দেখান তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) এই হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী প্রবীণ জিগালুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম ভাগ্যশ্রী জিগালুর। রোববার (২৬ জুলাই) ভারতের কর্ণাটকের বাগালকোট জেলায় গালাগালি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবীণ প্রথমে একটি কাঠের গুঁড়ি দিয়ে স্ত্রীকে মারধর করেন। পরে বাড়ির ভেতরে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেন তাকে।

পুলিশের মতে, ভাগ্যশ্রী তখনও জীবনের জন্য লড়াই করছিলেন। সেই অবস্থায় প্রবীণ তার স্ত্রীর ভিডিও ধারণ করেন এবং কয়েকজন বন্ধু ও আত্মীয়ের কাছে পাঠান। শুধু তাই নয়, ভিডিও কলে স্ত্রীর বাবা-মাকে যুক্ত করে মেয়ের শেষ মুহূর্ত দেখান।

তদন্তে আরও জানা গেছে, দাম্পত্য কলহের কারণে প্রায় দুই মাস আগে ভাগ্যশ্রী স্বামীর বাড়ি ছেড়ে বাবা-মায়ের কাছে চলে গিয়েছিলেন। পরে শান্তিপূর্ণভাবে সংসার করার আশ্বাস দিয়ে প্রবীণ তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু বাড়িতে ফেরার দিনই সন্ধ্যায় তাকে হত্যা করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সবুজ রঙের একটি ওড়নায় ঝুলন্ত অবস্থায় প্রাণে বাঁচার চেষ্টা করছেন ভাগ্যশ্রী। তার পায়ের নিচে একটি খাট ছিল, যেখানে নামার জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন এবং ঘরের দেয়ালে বিয়ের সময় লেখা দম্পতির নামও দেখা যায়।

খবর পেয়ে বিলাগি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত প্রবীণ জিগালুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার আগে কী ঘটেছিল এবং পরকীয়ার সন্দেহের অভিযোগের সত্যতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা

একটি প্রশ্নফাঁসের ঘটনায় দীর্ঘ ৩৭ দিনের ছাত্র আন্দোলনের পরে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ভারত সরকারের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্যরা তাকে সংবর্ধনা দিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানকে কেন্দ্র করে ভারতীয় লোকসভায় নতুন করে সমালোচনা উঠেছে।

মঙ্গলবার লোকসভায় কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর বিজেপির সদস্যরা তাকে এভাবে বরণ করে নিয়েছেন যেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জিতে ফিরেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে, সোমবার সংসদে প্রবেশের সময় ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেপি সংসদ সদস্যরা ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন। এ সময় একজন সাংসদ তার মাথায় ঐতিহ্যবাহী টুপি পরিয়ে দেন এবং কাঁধে শাল পরিয়ে দেন।

গগৈ এ সম্পর্কে বলেন, “পদত্যাগের পর তিনি সংসদে প্রবেশ করলে বিজেপি সংসদ সদস্যরা তাকে এমনভাবে সংবর্ধনা দিয়েছেন, যেন তিনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ফিরেছেন।”

কংগ্রেসের অপর নেতা প্রিয়াঙ্কা গান্ধীও এ ঘটনার সমালোচনা করেছেন। তিনি বলেন, “আপনারা কি মনে করেন না এটা লজ্জাজনক? ধর্মেন্দ্র প্রধান কী পরিস্থিতিতে পদত্যাগ করেছেন তা সবাই দেখেছে, কিন্তু সংসদ চত্বরে তাকে এমনভাবে স্বাগত জানানো হলো যেন তিনি একজন সুপারস্টার।”

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধর্মেন্দ্র প্রধানকে দেওয়া সংবর্ধনার সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, “ধর্মেন্দ্র প্রধান দুর্নীতি এবং ভারতের ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থার প্রতীক ছিলেন এবং থাকবেন। সেই ব্যবস্থাই ২৬টি শিশুর জীবন কেড়ে নিয়েছে এবং লাখ লাখ যুবককে রাস্তায় নামতে বাধ্য করেছে।”

রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী, নৈতিক দায় থেকে নয়, বরং তরুণদের ক্ষোভের ভয়ে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন, “আজ সেই ব্যক্তিকেই সংসদে মালা পরিয়ে সম্মান জানানো হচ্ছে। এটি কোনও সম্মান নয়, বরং লাখো শিক্ষার্থীর নষ্ট হয়ে যাওয়া ভবিষ্যতের উদযাপন। দেশের প্রতিটি শিক্ষার্থী এই দৃশ্য দেখছে এবং এর সঙ্গে জড়িত প্রতিটি মুখ মনে রাখবে।”

পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে প্রসারিত হওয়া শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মাস পর, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।

গত মে মাসে নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠলে সরকার তদন্ত শুরু করে এবং ফল প্রকাশ স্থগিত করে, এরপর জুনে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে পরীক্ষার্থীদের আবারও প্রস্তুতিতে ফিরতে হয়।

এদিকে, পরীক্ষার সংকটের কারণে শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে সরকার এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে সিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মানসিক চাপের কারণে অন্তত ২১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%