শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৮ পি.এম
গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের জন্য খাবার ও পানির প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটিকে বিজিবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিজিবির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’ শিরোনামে একটি প্রচার চালানো হচ্ছে। তবে বাস্তবে, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী নগদ অর্থের মাধ্যমে কেনা হয়।
বিজিবি জানায়, স্থানীয় দোকানির কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনা হয় এবং ওই দোকানি ভ্যানে করে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যদের কাছে পানি পৌঁছে দেন। এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম। এই প্রক্রিয়ার সঙ্গে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাধারণ একটি ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
বিজিবি জানায়, এটি একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। দায়িত্ব পালনরত সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী সব সময় বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানে সদস্যদের জন্য এসব সামগ্রী সরবরাহের সুযোগ নেই। বাহিনীর নিজস্ব অর্থায়নে কেনা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করা বাস্তবতাবিবর্জিত এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর শামিল।
এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিজিবি। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।
বিবৃতিতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করার দায়িত্বশীলতা পালনের অনুরোধ জানানো হয়। একটি রাষ্ট্রীয় বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে বিজিবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার অভিযোগে সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
এই দাবি তিনি শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তুলে ধরেন। সমাবেশটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আয়োজন করা হয়।
রাশেদ খাঁন মন্তব্য করেন, "আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে।" তিনি আরও বলেন, জামায়াত এনসিপিসহ অন্যান্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে ওসমান হাদির ভবিষ্যৎবাণী সত্য মনে হচ্ছে। আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস করছে। এই সন্ত্রাসীদের প্রতিহত করতে কোনও শর্ত থাকতে পারে না।
সমাবেশটি সভাপতিত্ব করেন আমজনতার দলের সভাপতি তারেক রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে সহিংসতার ঘটনা প্রসঙ্গে ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন যে, "আওয়ামী লীগকে দমন করা বিরোধী দলের দায়িত্ব নয়; এটি সরকারের সাংবিধানিক দায়িত্ব।"
শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা এবং ছাত্রশিবিরের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে নুরুল ইসলাম সাদ্দাম জানান, "আমরা আমাদের জায়গা থেকে মাঠে আছি, প্রতিবাদ জানিয়েছি। লীগ দমন করা কোনো বিরোধী দলের কাজ নয়। সরকারে থেকে তারা ঘুরে বেড়াবে, প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখবে, আর আমরা গিয়ে মারামারি করে ফৌজদারি অপরাধ করব—এমনটা তো হতে পারে না। সংবিধান আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করেছে।"
তিনি আরও বলেন, "সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা চায় এবং একসঙ্গে প্রতিরোধের আহ্বান জানায়, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব হবে।"
শিবির সভাপতি এ সময় উল্লেখ করেন, "আমি কর দেব, সেই করের টাকায় সরকার অস্ত্র কিনবে, পুলিশ পালন করবে, আবার আমিই গিয়ে মারামারি করব—এটা তো হতে পারে না। আগে প্রশাসন ব্যবস্থা নেবে। জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সরকার যদি তা না পারে, তাহলে পদত্যাগ করুক। যারা পারবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়নামতি সাথী শাখার সভাপতি জুবায়ের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শাকিল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আউয়াল হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক অহিদুল রহমান, মোকাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক হুমায়ূন কবির এবং বুড়িচং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আলম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সসম্মানে দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।
তিনি শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন, যা নেত্রকোণায় তার পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
রাফি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, "আপনাকে তামাশা দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। জনগণের করের টাকায় আপনার বেতন হয়। যদি সেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে সসম্মানে দায়িত্ব ছেড়ে দিন। আপনার লজ্জা হওয়া উচিত।"
তিনি উল্লেখ করেন, ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেন। রাফি অভিযোগ করেন, হামলাকারীদের চিহ্নিত করে দেখিয়ে দেওয়ার পরও পুলিশের নীরবতা ও নিষ্ক্রিয়তা তাঁর পরিবারের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। এ সময় তিনি রাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।
সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরে রাফি জানান, নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে তাঁদের বাড়িতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা বিদ্যুতের মিটারের নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় ঘরে তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। পেট্রোলের গন্ধ ও আগুন দেখে পাশের বাড়ির এক চাচি চিৎকার শুরু করলে তাঁর বাবা-মায়ের ঘুম ভাঙে এবং প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসায় তাঁরা প্রাণে রক্ষা পান।
রাফি সতর্কবার্তা দিয়ে বলেন, টাকার বিনিময়ে বা তদবির করে সন্ত্রাসীদের ছাড়িয়ে দেওয়ার ফলেই হামলার ঘটনা ঘটছে। তিনি সন্ত্রাসী এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জে "জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি" এবছরই প্রথম মতো চালু করা হয়েছে ।
জেলার ২০০ বেসরকারি কিন্ডারগার্টেন থেকে ১৬৭২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
জেলার ৫টি উপজেলায় ৭টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ বিকেলে সদর উপজেলার গোদনাইল ধনকুন্ডা পপুলার হাইস্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং অভিভাবকদের সাথে কথা বলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ