ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

শেরপুরে জমি বিরোধে নিজেদের কলাবাগান নিজেরাই কেটে ৮২ বছরের বৃদ্ধসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন


শেরপুরে জমি বিরোধে নিজেদের কলাবাগান নিজেরাই কেটে ৮২ বছরের বৃদ্ধসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

শেরপুরে জমি বিরোধকে কেন্দ্র করে নিজেদের কলাবাগানের কলাগাছ নিজেরাই কেটে ৮২ বছরের বৃদ্ধ পিতা ও গার্মেন্টসকর্মী ছেলেসহ আটজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভূয়া ও মানহানিকর তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার বিলভরাট গ্রামের সুফিয়া বেগম শেলী।

সোমবার (৫ অক্টোবর) সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

সুফিয়া বেগম শেলী বলেন, দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২৩ সেপ্টেম্বর রাতে তাদের নিজেদের কলাবাগানের কিছু কলাগাছ কেটে তাদের পরিবারের সদস্যদের ফাঁসানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর শ্রীবরদী থানায় মামলা (নং-১৪) দায়ের করা হয়। মামলায় তার ৮২ বছর বয়সী বৃদ্ধ পিতা, ছোট ভাই মেহেদী হাসান প্রিন্সসহ একই গ্রামের দিনমজুর ও একজন প্রতিবন্ধীসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুফিয়া বেগম শেলী আরও বলেন, তার ভাই মো. মেহেদী হাসান প্রিন্স একজন গার্মেন্টসকর্মী এবং ঘটনার সময় তিনি ঢাকায় কর্মস্থলে অবস্থান করছিলেন। ঘটনার দুই দিন পর ঢাকা থেকে বাড়িতে আসার পর পুনরায় ঢাকায় ফেরার সময় পুলিশ তাকে এবং একই এলাকার দিনমজুর মো. খোকা মিয়াকে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের জামিন দেন।

তিনি অভিযোগ করেন, তার ভাই জামিনে বের হওয়ার পরও চাচাতো ভাই-বোনেরা তাদের পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে গত ১ অক্টোবর শেরপুর শহরে ভূয়া ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তার ৮২ বছর বয়সী পিতাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’, চোরাচালানকারীসহ বিভিন্ন মানহানিকর অপবাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে আ. লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার

এতে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করা হয়েছে দাবি করে সুফিয়া বেগম শেলী এর তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সুফিয়া বেগম শেলীর স্বজন শান্তি বেগম, ছন্দা বেগম, কালু মিয়া, স্বপন মিয়া ও লাবলু উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর বেআইনি নজরদারির অভিযোগে চীনা এজেন্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর বেআইনি নজরদারির অভিযোগে চীনা এজেন্ট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI) চীনা গোয়েন্দা সংস্থা বা সরকারের হয়ে বেআইনি নজরদারির অভিযোগে ওয়ানয়িং ঝাং (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে'র ছেলের ওপর নজরদারি করার জন্য অভিযুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাঁকে "চীনা বিদেশি এজেন্ট" হিসেবে চিহ্নিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার আরভিনের বাসিন্দা ওয়ানয়িং ঝাং, যিনি হেদার নামেও পরিচিত, লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আটক হন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনো বিদেশি সরকারের হয়ে কাজ করার আগে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা আবশ্যক। কিন্তু ওয়ানয়িং ঝাং এই নিয়ম লঙ্ঘন করে অননুমোদিতভাবে চীনের জন্য কাজ করছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ২০২৫ সালে চীনা কর্মকর্তাদের নির্দেশে ঝাং সিঅ্যাটলে গিয়েছিলেন। সেখানে তিনি তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলে লাই টিং-ইউ এবং তাঁর পরিবারের ছবি, ভিডিও এবং গাড়ির লাইসেন্স প্লেটের তথ্য সংগ্রহ করে চীনে পাঠাতেন। লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

এটি উল্লেখযোগ্য যে, চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। সম্প্রতি তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যেখানে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের আত্মরক্ষার জন্য সামরিক সহায়তা অব্যাহত রেখেছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রেসিডেন্ট এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রেসিডেন্টের কাছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

প্রেসিডেন্ট বলেন, "পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।" তবে তিনি উল্লেখ করেন, নিজেদের অধিকার ও উন্নয়নের জন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকেও আরও উদ্যোগী হতে হবে। নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, "আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।" প্রেসিডেন্ট ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ভূমি-সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, নিজেদের অধিকার রক্ষায় তাদেরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হতে হবে।

মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার বিষয়টি উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।" তিনি আশ্বস্ত করেন যে, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্ট ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও সামনে নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি আগামী পহেলা বৈশাখে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে বঙ্গভবনে প্রস্তাবিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) বিজন কান্তি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন দেখছেন 'মিনি ম্যাকগ্রা' হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন দেখছেন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডারউইনে ৯ উইকেটের জয় পাওয়ার পর বাংলাদেশ এখন টেস্টে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে—এমনটাই মনে করেন পেসার হাসান মাহমুদ। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার বিষয়টি তিনি একটি বাস্তবসম্মত লক্ষ্য হিসেবে দেখছেন।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পরিবর্তনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন হাসান মাহমুদ। তাঁর বিশ্বাস, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনালে খেলার স্বপ্ন দেখতে পারে। বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ, যা এসেছে আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করার পর। ওই জয়ে হাসান মাহমুদ ৬/৫৫ উইকেট নিয়েছিলেন।

এএফপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী হাসান বলেন, “মোমেন্টাম অবশ্যই আমাদের দিকে আসছে। পরিবেশ এমন যে বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে আধিপত্য করতে পারে। আমরা আগে আধিপত্য করতে পারিনি, এখনই সময়।” গত দুই বছরে বাংলাদেশ ১৩ টেস্টে ৬টি জয় অর্জন করেছে।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বাকি ৬টি টেস্ট রয়েছে—ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফর। হাসানের প্রশ্ন, “ঘরের মাঠে চারটি ম্যাচ জিতলে কেন আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলব না? এখন এটাই বাংলাদেশের স্বপ্ন।”

এ বছর কাউন্টি দল কেন্টের হয়ে সফল সময় কাটানো হাসান বাংলাদেশের পেস বোলিংয়ের পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেছেন। ‘মিনি-ম্যাকগ্রা’ নামে পরিচিত এই পেসার জানান, নতুন প্রজন্মের ফাস্ট বোলারদের কারণে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশি পেসারদের সম্পর্কে ধারণা বদলেছে—“তারা এখন বুঝতে পারছে, বাংলাদেশেও বিশ্বমানের ভালো ফাস্ট বোলার আছে।”

অস্ট্রেলিয়া সিরিজে আক্রমণাত্মক বোলিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে হাসান বলেন, ব্যাটারদের সহজে রান করার সুযোগ না দিয়ে শর্ট বলসহ নিজের পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছেন। যদিও দুই টেস্টের সিরিজে বাংলাদেশ জয়লাভ করতে পারেনি; ম্যাকেতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ইনিংস ও ৫১ রানে জয়ী হয়।

তবুও হাসানের বিশ্বাস, বাংলাদেশের উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে। তাঁর মতে, পেসাররা ফিট থাকলে এবং ব্যাটাররা ফর্ম ধরে রাখতে পারলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আরও উঁচু পর্যায়ে পৌঁছাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাড়ির চালে গ্রেনেড সদৃশ বস্তু, পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাড়ির চালে গ্রেনেড সদৃশ বস্তু, পুলিশ মোতায়েন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার একটি ভাড়া বাড়ির টিনশেডের চালের উপরে গ্রেনেড সদৃশ একটি বস্তু আবিষ্কৃত হয়েছে। কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছালে বস্তুটি উদ্ধার করা হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।

পুলিশের সূত্র অনুযায়ী, হাসনাবাদ হাউজিংয়ের ব্লক-এ সিদ্দিকুর রহমানের মালিকানাধীন একটি ভাড়া বাড়ির টিনশেডের চালের উপরে বস্তুটি স্থানীয় লোকজনের নজরে আসে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভাড়াটিয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানিয়েছেন, বস্তুটি পরীক্ষা এবং নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়েছে। তবে, বস্তুটি প্রকৃতপক্ষে গ্রেনেড কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%