ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জরিপের প্রতিকূলতার মধ্যেও সংখ্যাগরিষ্ঠতার আশা প্রকাশ করলেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ


জরিপের প্রতিকূলতার মধ্যেও সংখ্যাগরিষ্ঠতার আশা প্রকাশ করলেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, জনমত জরিপে প্রতিকূল ইঙ্গিত থাকলেও তিনি আত্মবিশ্বাসী যে আগাম সাধারণ নির্বাচনে বামপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। শুক্রবার প্রচার-প্রচারণার শেষ পর্যায়ে তিনি এ কথা বলেন, যা রবিবারের নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নতুন জনমত জরিপ প্রকাশের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনের আগে নতুন কোনো জরিপ প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির নেতা সানচেজ দাবি করেছেন, তাদের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, তার দলই সবচেয়ে বেশি ভোট পাবে। তিনি আশা করছেন, এতে ছোট বামপন্থী দলগুলোর সমর্থন নিয়ে আবারও সরকার গঠন সম্ভব হবে।

রেডিও স্টেশন এসইআরকে দেওয়া সাক্ষাৎকারে সানচেজ বলেন, “আমাদের হারতে হবে, এমনটা আমি কল্পনাও করতে পারি না।”

আরও পড়ুন: আলাস্কার উটকিয়াগভিকে ৬৫ দিন সূর্য উঠবে না

তিনি আরো বলেন, বামপন্থী ভোটাররা বিপুলসংখ্যায় ভোট দিতে ক্রমেই সংগঠিত হচ্ছেন। আবাসন সংকটের মতো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের ভোটকেন্দ্রে উপস্থিতি জরুরি।

সানচেজের ভাষায়, “প্রগতিশীল স্পেন যখন জেগে ওঠে, তখন তাকে থামানো যায় না।”

তবে নির্বাচনের আগে প্রকাশিত প্রায় সব জনমত জরিপে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) ও উগ্র ডানপন্থী ভক্সের সম্ভাব্য জোট এগিয়ে ছিল। আট বছর ধরে ক্ষমতায় থাকা সানচেজকে সরকার থেকে সরাতে চায় এ দুই দল।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন: রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে গিয়ে ধরা সাবেক ছাত্রলীগ নেতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্টকে কেবল একটি খেলা বলার চেয়ে, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরির একটি মাধ্যম বলেও মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে মার্শাল আর্ট কনফেডারেশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট ও মার্শাল আর্ট পাওয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে খেলোয়াড়দের এশিয়ান মার্শাল আর্ট গেমসের ৬টি কৌশলসহ বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়।

এসময় সেতুমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করেন।

শেখ রবিউল আলম এ সময় বলেন, "মার্শাল আর্ট শুধু খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্নবিশ্বাসও তৈরি করে।"

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মন্তব্য করেন, তরুণ প্রজন্মকে মার্শাল আর্টের সাথে যুক্ত করে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে মার্শাল আর্টের সাথে যুক্ত ব্যক্তিরা আরও উন্নতি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ধানকাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


নড়াইলে ধানকাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলার ছায়মানারচর বিলে ধানকাটা শ্রমিক ফরহাদ মোল্যাকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়মানারচর গ্রামে হাসান মৌলভী ও দাউদ মোল্যার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এই জমি হাসান মৌলভীর দখলে থাকায় তিনি আমন ধান রোপন করেন। শুক্রবার সকালে  হাসান মৌলভীর পরিবারের লোকজন কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে যান।

 বিষয়টি টের পেয়ে প্রতিপক্ষ দাউদ মোল্যার লোকজন ধান কাটতে বাধা দেন এবং শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিকরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দাউদ মোল্লার লোকজন ধানকাটা শ্রমিক ফরহাদ মোল্যাকে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে আনার আগেই তিনি মারা যান।

নিহতের স্ত্রী আলিছা বেগম বলেন, সংসারে অভাব অনটনের মধ্যে কিছু টাকা-পয়সার জন্য আমার স্বামী পরের জমিতে শ্রম দিতে গিয়েছিল। তাকে লাশ হয়ে ফিরতে হলো। আমার একটা ছেলে ও একটা মেয়ে। ছেলেটা ঢাকায় থাকে। মেয়েটা ছোট। এখন আমাদের সংসার কিভাবে চলবে ?

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিরোধপুর্ণ জমির ধানকাটা নিয়ে শ্রমিক ফরহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। #
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে একটি ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতু ও ছয়টি পাকা রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে এসব অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, তার এই উদ্যোগে কয়েকটি গ্রামের মানুষের চলাচল সহজ হবে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতেও স্বস্তি ফিরবে।

শুক্রবার (২৭ নভেম্বর) খালিয়ারচক ও নুনিয়াপাড়ার সংযোগকারী খালিয়া খালের ওপর নির্মিত ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতুর ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় শিবপদ মন্ডল নিজে উপস্থিত থেকে কাজ তদারকি করেন। সেতুটি নির্মাণ করা হয়েছে ৭৯ নম্বর পিএনকে ছালুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছালুবুনিয়া ও নুনিয়াপাড়ার সংযোগস্থলে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সেতুটি নির্মাণের আগে খাল পারাপারে নৌকা ও ভাসমান ভেলার ওপর নির্ভর করতে হতো। বর্ষা মৌসুমসহ বিভিন্ন সময়ে পারাপারে দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষকে। এখন সেতুটি চালু হলে নুনিয়াপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের উপজেলা সদর, স্কুল ও কলেজে যাতায়াত অনেক সহজ হবে।

স্থানীয় বাসিন্দা সুকুমার বাছাড় মন্তব্য করেন, সেতু না থাকায় এত দিন এলাকার মানুষকে নৌকায় খাল পার হতে হতো। নতুন সেতু নির্মাণের ফলে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

আশীষ কুমার সরদার জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়েছে। সেতুটি নির্মিত হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে।

স্থানীয় বাসিন্দা দীপা মন্ডলের মতে, যোগাযোগব্যবস্থার অভাবে এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া ব্যাহত হতো। সেতুটি নির্মাণের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াত সহজ হবে এবং শিক্ষার পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।

এ উদ্যোগে উপকৃত হচ্ছেন শারীরিক প্রতিবন্ধী বাসিন্দারাও। দুই পা না থাকা নীল কোমল বলেন, আগে ভাসমান ভেলায় করে খাল পার হতে অনেক কষ্ট হতো। সেতু নির্মাণের ফলে এখন চলাচল অনেক সহজ হবে।

শুধু সেতু নির্মাণেই সীমাবদ্ধ থাকেননি শিবপদ মন্ডল। একই উদ্যোগের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছয়টি ইটের পাকা রাস্তা নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে ছালুবুনিয়ায় তিনটি, নুনিয়াপাড়ায় দুটি এবং আমুরকাটায় একটি রাস্তা রয়েছে। এসব রাস্তা নির্মাণের ফলে কয়েক শ পরিবারের দৈনন্দিন চলাচল সহজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা অর্ঘ্য সানা ও অঞ্জনা রাণী বাছাড়।

এলাকার উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগের এমন দৃষ্টান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। সোলাদানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাসিমা বেগম বলেন, সরকারের পাশাপাশি এলাকার উন্নয়নে সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। শিবপদ মন্ডলের মতো জনহিতকর উদ্যোগকে সহযোগিতা করা উচিত, বাধা দেওয়া নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপদ মন্ডল সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক এলাকার বাসিন্দা। তিনি মৎস্য ঘের, মাছের পোনা ও কাঁকড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতির দায়িত্ব পালন করছেন। এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও আগে থেকে তার ভূমিকা রয়েছে। তবে এবারই প্রথম বৃহৎ পরিসরে যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যক্তিগত অর্থ ব্যয় করে এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ সোলাদানা ইউনিয়ন দীর্ঘদিন ধরেই অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে পিছিয়ে রয়েছে। ইউনিয়নের চারপাশে শিবসা, আমুরকাটাসহ একাধিক নদী এবং অভ্যন্তরে অসংখ্য খাল-বিল থাকায় এখানকার মানুষের চলাচলে নানা প্রতিবন্ধকতা রয়েছে। অনেক এলাকায় এখনো নৌকা ও বাঁশের সাঁকুই পারাপারের প্রধান অবলম্বন।

স্থানীয়দের মতে, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক দায়িত্বে থাকাকালে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখনও তিনি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।

তবে শিবপদ মন্ডলের এই উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসার পাশাপাশি কিছু মানুষের বাধা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, জনসাধারণের উপকারে নেওয়া এমন উদ্যোগে কতিপয় ব্যক্তি প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। তাদের মতে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।

নিজ উদ্যোগে সেতু ও রাস্তা নির্মাণ করে শিবপদ মন্ডল যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে অবহেলিত সোলাদানার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোচের দাবি, ভারতের ব্যাটিং বিস্ময় সূর্যবংশীর ভবিষ্যৎ উজ্জ্বল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


কোচের দাবি, ভারতের ব্যাটিং বিস্ময় সূর্যবংশীর ভবিষ্যৎ উজ্জ্বল

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ : ভারতীয় ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর খেলার বোঝাপড়া ‘ঈশ্বরপ্রদত্ত’ বলে মন্তব্য করেছেন তাঁর শৈশবের কোচ মনীশ ওঝা। তিনি শুক্রবার এএফপিকে জানিয়েছেন, ভবিষ্যতে ভারতের হয়ে তিন সংস্করণেই তিনি তারকা হয়ে উঠবেন।

গত মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারসের একদিনের ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ১৫ বছর বয়সী এই ওপেনার। এই ইনিংসের মাধ্যমে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন।

বাঁহাতি এই ব্যাটার ২৮টি ছক্কা হাঁকান। তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত মাত্র ১৪.২ ওভারে ২৫০ রানের লক্ষ্য অতিক্রম করে। টুর্নামেন্টের আগের দুই ম্যাচে কম রানে আউট হওয়ার পর তিনি দারুণভাবে ফিরে আসেন।

ওঝা বলেন, “ডাবল সেঞ্চুরি করার আগের দুই ম্যাচে সে রান করতে পারেনি। নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ছিল।”

তিনি আরও জানান, “আমি তাকে শান্ত করার চেষ্টা করে বলেছিলাম, সর্বকালের সেরা শচীন টেন্ডুলকারও তো প্রতিটি ইনিংসে রান করেননি।”

ওঝার মতে, সূর্যবংশীর ক্রিকেট বোঝার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে, যদিও তার বয়স কম। তিনি বলেন, “সে ক্রিকেটের এক বিস্ময়। তার মানসিকতা, চিন্তাভাবনা এবং খেলা বিশ্লেষণ করার ক্ষমতা ৩০ বা ৩২ বছর বয়সী একজন খেলোয়াড়ের মতো। এসবই ঈশ্বরপ্রদত্ত।”

কিছু সমালোচক একসময় তাঁকে কেবল টি-টোয়েন্টিতে বড় শট খেলা ব্যাটার হিসেবে দেখতেন। তবে তিনি ৫০ ওভারের ক্রিকেট এবং ঘরোয়া লাল বলের ক্রিকেটেও নিজের দৃঢ় মানসিকতার প্রমাণ দিয়েছেন।

ওঝা বলেন, “ভবিষ্যতে সে ভারতের হয়ে তিন সংস্করণেই খেলবে। তার ব্যাটিং বেশ হিসেব-নিকেশ করে করা। আলগা বল পেলেই সে আক্রমণ করে। আশা করি, একদিন সে ভারতীয় দলের নেতৃত্বও দেবে।”

চলতি মাসের শুরুতে ভারতের ঘরোয়া রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় বিহারের নেতৃত্ব দিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করেছে সূর্যবংশী।

গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মাধ্যমে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হন তিনি। এই অর্জনের মাধ্যমে টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন। এরপর থেকেই তাঁর উত্থান দ্রুতগতিতে চলছে।

এ বছরের আইপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক হন সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ২৩৭-এর বেশি।

ওঝা বলেন, “আইপিএল ও ভারতীয় দলের ড্রেসিংরুমে সে অভিজ্ঞ খেলোয়াড়দের সান্নিধ্য পাচ্ছে। বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গাম্ভীরের মতো কোচের অধীনে অনুশীলনও করছে। এসব অভিজ্ঞতা তার জন্য দারুণ শিক্ষণীয়।”

ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেনও এই তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, “পেশাদার ক্যারিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড ভেঙে চলা সত্যিই অসাধারণ! তুমি এমন সব কীর্তি গড়ছ, যা আমাদের অনেকেই পুরো ক্যারিয়ারেও করতে পারিনি!”

ওঝা বলেন, ভারতের দরিদ্রতম রাজ্য বিহারের সাধারণ পরিবার থেকে উঠে এসে ক্রিকেট তারকা হয়ে ওঠার পরও সূর্যবংশী মাটির কাছাকাছি রয়েছেন। তিনি বলেন, “তার পথ হারিয়ে ফেলার কোনো আশঙ্কা নেই। কারণ, যত দিন ধরে তাকে চিনি, সে খুবই ভারসাম্যপূর্ণ একজন ছেলে।”

“এত তারকাখ্যাতির মধ্যেও আমি তার পাশে থেকেছি এবং দেখেছি, তার স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। বরং খেলোয়াড় ও মানুষ হিসেবে সে আরও পরিণত হয়েছে। সে এখনো বিহারের সেই সাদাসিধে ছেলেটিই আছে।”

তবে সূর্যবংশীর জীবনযাত্রায় কিছু পরিবর্তন এসেছে। আইপিএলের দুই মৌসুমে পুরস্কার হিসেবে পাওয়া চালকসহ দুটি গাড়ির মালিক এখন তিনি।

তাঁর পরিবার পৈতৃক বাড়িটিও সংস্কার করেছে। সেখানে সূর্যবংশীর জন্য আলাদা একটি ফ্লোর তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে একটি জিমনেশিয়াম, যা ভারতের মধ্যবিত্ত পরিবারের জন্য একটি বিলাসবহুল সুবিধা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%