ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী


মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্টকে কেবল একটি খেলা বলার চেয়ে, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরির একটি মাধ্যম বলেও মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে মার্শাল আর্ট কনফেডারেশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট ও মার্শাল আর্ট পাওয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে খেলোয়াড়দের এশিয়ান মার্শাল আর্ট গেমসের ৬টি কৌশলসহ বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়।

এসময় সেতুমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করেন।

আরও পড়ুন: কোচের দাবি, ভারতের ব্যাটিং বিস্ময় সূর্যবংশীর ভবিষ্যৎ উজ্জ্বল

শেখ রবিউল আলম এ সময় বলেন, "মার্শাল আর্ট শুধু খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্নবিশ্বাসও তৈরি করে।"

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মন্তব্য করেন, তরুণ প্রজন্মকে মার্শাল আর্টের সাথে যুক্ত করে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে মার্শাল আর্টের সাথে যুক্ত ব্যক্তিরা আরও উন্নতি করবে।

আরও পড়ুন: ইউরোপা লিগে এসি মিলান, জুভেন্টাস ও বোর্নমাউথের জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ধানকাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


নড়াইলে ধানকাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলার ছায়মানারচর বিলে ধানকাটা শ্রমিক ফরহাদ মোল্যাকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়মানারচর গ্রামে হাসান মৌলভী ও দাউদ মোল্যার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এই জমি হাসান মৌলভীর দখলে থাকায় তিনি আমন ধান রোপন করেন। শুক্রবার সকালে  হাসান মৌলভীর পরিবারের লোকজন কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে যান।

 বিষয়টি টের পেয়ে প্রতিপক্ষ দাউদ মোল্যার লোকজন ধান কাটতে বাধা দেন এবং শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিকরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দাউদ মোল্লার লোকজন ধানকাটা শ্রমিক ফরহাদ মোল্যাকে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে আনার আগেই তিনি মারা যান।

নিহতের স্ত্রী আলিছা বেগম বলেন, সংসারে অভাব অনটনের মধ্যে কিছু টাকা-পয়সার জন্য আমার স্বামী পরের জমিতে শ্রম দিতে গিয়েছিল। তাকে লাশ হয়ে ফিরতে হলো। আমার একটা ছেলে ও একটা মেয়ে। ছেলেটা ঢাকায় থাকে। মেয়েটা ছোট। এখন আমাদের সংসার কিভাবে চলবে ?

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিরোধপুর্ণ জমির ধানকাটা নিয়ে শ্রমিক ফরহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। #
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে একটি ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতু ও ছয়টি পাকা রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে এসব অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, তার এই উদ্যোগে কয়েকটি গ্রামের মানুষের চলাচল সহজ হবে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতেও স্বস্তি ফিরবে।

শুক্রবার (২৭ নভেম্বর) খালিয়ারচক ও নুনিয়াপাড়ার সংযোগকারী খালিয়া খালের ওপর নির্মিত ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতুর ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় শিবপদ মন্ডল নিজে উপস্থিত থেকে কাজ তদারকি করেন। সেতুটি নির্মাণ করা হয়েছে ৭৯ নম্বর পিএনকে ছালুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছালুবুনিয়া ও নুনিয়াপাড়ার সংযোগস্থলে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সেতুটি নির্মাণের আগে খাল পারাপারে নৌকা ও ভাসমান ভেলার ওপর নির্ভর করতে হতো। বর্ষা মৌসুমসহ বিভিন্ন সময়ে পারাপারে দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষকে। এখন সেতুটি চালু হলে নুনিয়াপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের উপজেলা সদর, স্কুল ও কলেজে যাতায়াত অনেক সহজ হবে।

স্থানীয় বাসিন্দা সুকুমার বাছাড় মন্তব্য করেন, সেতু না থাকায় এত দিন এলাকার মানুষকে নৌকায় খাল পার হতে হতো। নতুন সেতু নির্মাণের ফলে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

আশীষ কুমার সরদার জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়েছে। সেতুটি নির্মিত হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে।

স্থানীয় বাসিন্দা দীপা মন্ডলের মতে, যোগাযোগব্যবস্থার অভাবে এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া ব্যাহত হতো। সেতুটি নির্মাণের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াত সহজ হবে এবং শিক্ষার পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।

এ উদ্যোগে উপকৃত হচ্ছেন শারীরিক প্রতিবন্ধী বাসিন্দারাও। দুই পা না থাকা নীল কোমল বলেন, আগে ভাসমান ভেলায় করে খাল পার হতে অনেক কষ্ট হতো। সেতু নির্মাণের ফলে এখন চলাচল অনেক সহজ হবে।

শুধু সেতু নির্মাণেই সীমাবদ্ধ থাকেননি শিবপদ মন্ডল। একই উদ্যোগের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছয়টি ইটের পাকা রাস্তা নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে ছালুবুনিয়ায় তিনটি, নুনিয়াপাড়ায় দুটি এবং আমুরকাটায় একটি রাস্তা রয়েছে। এসব রাস্তা নির্মাণের ফলে কয়েক শ পরিবারের দৈনন্দিন চলাচল সহজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা অর্ঘ্য সানা ও অঞ্জনা রাণী বাছাড়।

এলাকার উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগের এমন দৃষ্টান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। সোলাদানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাসিমা বেগম বলেন, সরকারের পাশাপাশি এলাকার উন্নয়নে সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। শিবপদ মন্ডলের মতো জনহিতকর উদ্যোগকে সহযোগিতা করা উচিত, বাধা দেওয়া নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপদ মন্ডল সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক এলাকার বাসিন্দা। তিনি মৎস্য ঘের, মাছের পোনা ও কাঁকড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতির দায়িত্ব পালন করছেন। এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও আগে থেকে তার ভূমিকা রয়েছে। তবে এবারই প্রথম বৃহৎ পরিসরে যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যক্তিগত অর্থ ব্যয় করে এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ সোলাদানা ইউনিয়ন দীর্ঘদিন ধরেই অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে পিছিয়ে রয়েছে। ইউনিয়নের চারপাশে শিবসা, আমুরকাটাসহ একাধিক নদী এবং অভ্যন্তরে অসংখ্য খাল-বিল থাকায় এখানকার মানুষের চলাচলে নানা প্রতিবন্ধকতা রয়েছে। অনেক এলাকায় এখনো নৌকা ও বাঁশের সাঁকুই পারাপারের প্রধান অবলম্বন।

স্থানীয়দের মতে, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক দায়িত্বে থাকাকালে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখনও তিনি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।

তবে শিবপদ মন্ডলের এই উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসার পাশাপাশি কিছু মানুষের বাধা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, জনসাধারণের উপকারে নেওয়া এমন উদ্যোগে কতিপয় ব্যক্তি প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। তাদের মতে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।

নিজ উদ্যোগে সেতু ও রাস্তা নির্মাণ করে শিবপদ মন্ডল যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে অবহেলিত সোলাদানার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোচের দাবি, ভারতের ব্যাটিং বিস্ময় সূর্যবংশীর ভবিষ্যৎ উজ্জ্বল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


কোচের দাবি, ভারতের ব্যাটিং বিস্ময় সূর্যবংশীর ভবিষ্যৎ উজ্জ্বল

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ : ভারতীয় ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর খেলার বোঝাপড়া ‘ঈশ্বরপ্রদত্ত’ বলে মন্তব্য করেছেন তাঁর শৈশবের কোচ মনীশ ওঝা। তিনি শুক্রবার এএফপিকে জানিয়েছেন, ভবিষ্যতে ভারতের হয়ে তিন সংস্করণেই তিনি তারকা হয়ে উঠবেন।

গত মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারসের একদিনের ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ১৫ বছর বয়সী এই ওপেনার। এই ইনিংসের মাধ্যমে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন।

বাঁহাতি এই ব্যাটার ২৮টি ছক্কা হাঁকান। তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত মাত্র ১৪.২ ওভারে ২৫০ রানের লক্ষ্য অতিক্রম করে। টুর্নামেন্টের আগের দুই ম্যাচে কম রানে আউট হওয়ার পর তিনি দারুণভাবে ফিরে আসেন।

ওঝা বলেন, “ডাবল সেঞ্চুরি করার আগের দুই ম্যাচে সে রান করতে পারেনি। নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ছিল।”

তিনি আরও জানান, “আমি তাকে শান্ত করার চেষ্টা করে বলেছিলাম, সর্বকালের সেরা শচীন টেন্ডুলকারও তো প্রতিটি ইনিংসে রান করেননি।”

ওঝার মতে, সূর্যবংশীর ক্রিকেট বোঝার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে, যদিও তার বয়স কম। তিনি বলেন, “সে ক্রিকেটের এক বিস্ময়। তার মানসিকতা, চিন্তাভাবনা এবং খেলা বিশ্লেষণ করার ক্ষমতা ৩০ বা ৩২ বছর বয়সী একজন খেলোয়াড়ের মতো। এসবই ঈশ্বরপ্রদত্ত।”

কিছু সমালোচক একসময় তাঁকে কেবল টি-টোয়েন্টিতে বড় শট খেলা ব্যাটার হিসেবে দেখতেন। তবে তিনি ৫০ ওভারের ক্রিকেট এবং ঘরোয়া লাল বলের ক্রিকেটেও নিজের দৃঢ় মানসিকতার প্রমাণ দিয়েছেন।

ওঝা বলেন, “ভবিষ্যতে সে ভারতের হয়ে তিন সংস্করণেই খেলবে। তার ব্যাটিং বেশ হিসেব-নিকেশ করে করা। আলগা বল পেলেই সে আক্রমণ করে। আশা করি, একদিন সে ভারতীয় দলের নেতৃত্বও দেবে।”

চলতি মাসের শুরুতে ভারতের ঘরোয়া রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় বিহারের নেতৃত্ব দিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করেছে সূর্যবংশী।

গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মাধ্যমে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হন তিনি। এই অর্জনের মাধ্যমে টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন। এরপর থেকেই তাঁর উত্থান দ্রুতগতিতে চলছে।

এ বছরের আইপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক হন সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ২৩৭-এর বেশি।

ওঝা বলেন, “আইপিএল ও ভারতীয় দলের ড্রেসিংরুমে সে অভিজ্ঞ খেলোয়াড়দের সান্নিধ্য পাচ্ছে। বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গাম্ভীরের মতো কোচের অধীনে অনুশীলনও করছে। এসব অভিজ্ঞতা তার জন্য দারুণ শিক্ষণীয়।”

ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেনও এই তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, “পেশাদার ক্যারিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড ভেঙে চলা সত্যিই অসাধারণ! তুমি এমন সব কীর্তি গড়ছ, যা আমাদের অনেকেই পুরো ক্যারিয়ারেও করতে পারিনি!”

ওঝা বলেন, ভারতের দরিদ্রতম রাজ্য বিহারের সাধারণ পরিবার থেকে উঠে এসে ক্রিকেট তারকা হয়ে ওঠার পরও সূর্যবংশী মাটির কাছাকাছি রয়েছেন। তিনি বলেন, “তার পথ হারিয়ে ফেলার কোনো আশঙ্কা নেই। কারণ, যত দিন ধরে তাকে চিনি, সে খুবই ভারসাম্যপূর্ণ একজন ছেলে।”

“এত তারকাখ্যাতির মধ্যেও আমি তার পাশে থেকেছি এবং দেখেছি, তার স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। বরং খেলোয়াড় ও মানুষ হিসেবে সে আরও পরিণত হয়েছে। সে এখনো বিহারের সেই সাদাসিধে ছেলেটিই আছে।”

তবে সূর্যবংশীর জীবনযাত্রায় কিছু পরিবর্তন এসেছে। আইপিএলের দুই মৌসুমে পুরস্কার হিসেবে পাওয়া চালকসহ দুটি গাড়ির মালিক এখন তিনি।

তাঁর পরিবার পৈতৃক বাড়িটিও সংস্কার করেছে। সেখানে সূর্যবংশীর জন্য আলাদা একটি ফ্লোর তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে একটি জিমনেশিয়াম, যা ভারতের মধ্যবিত্ত পরিবারের জন্য একটি বিলাসবহুল সুবিধা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের শাসকদের অন্দরমহলে যৌনতা-ব্ল্যাকমেইল ও মাদক নিয়ে চাঞ্চল্যকর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


মধ্যপ্রাচ্যের শাসকদের অন্দরমহলে যৌনতা-ব্ল্যাকমেইল ও মাদক নিয়ে চাঞ্চল্যকর দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে একটি নতুন বইয়ে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি উত্থাপন করা হয়েছে। যৌনতা ও ব্ল্যাকমেইল, মাদক ও চিকিৎসার নামে নিয়ন্ত্রণ, ইসরাইলি প্রযুক্তি ব্যবহার, এক কবির নির্যাতনে মৃত্যু এবং ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্ব—এই সব বিষয় নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহল সম্পর্কিত বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন অনুসন্ধানী সাংবাদিক ম্যাথিউ কোল।

প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মেদ বিন জায়েদের সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট শিরোনামের বইটিতে ট্রাম্পের প্রথম মেয়াদে কুশনারের সৌদি আরব ও বিশেষ করে ইউএইর শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সৌদি ও আমিরাতের শাসকগোষ্ঠীর কাছ থেকে কুশনার প্রায় ২০০ কোটি ডলারের আর্থিক সুবিধা লাভ করেছিলেন। এর মধ্যে ৭৫ কোটি ডলার আমিরাতের একটি দাতব্য সংস্থার মাধ্যমে ফার্স্ট আবুধাবি ব্যাংকে রাখা হয়েছিল। নাগরিক উন্নয়নমূলক কর্মসূচির কথা বলা হলেও, প্রকৃতপক্ষে অর্থটি আমিরাতের অস্ত্র কেনা ও গোপন সামরিক অভিযানে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। তবে এসব অভিযোগ কুশনার অস্বীকার করেছেন। তার ভাষায়, অভিযোগগুলো ‘সম্পূর্ণ উন্মাদনাপূর্ণ ও ভিত্তিহীন’।

১৯৯০-এর দশকে মোহাম্মদ বিন জায়েদ তার ভাই ও সিংহাসনের উত্তরাধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বী খলিফা বিন জায়েদের যৌন সম্পর্কের ভিডিও ধারণের ব্যবস্থা করেছিলেন। এ জন্য তিনি দুই সিরীয় নাগরিককে নিয়োগ দেন। দক্ষিণ ইউরোপের একটি হোটেলে ধারণ করা ওই ভিডিও পরে রুশ যোগাযোগকারীদের মাধ্যমে তাদের বাবা ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতানের কাছে পাঠানো হয়।

ভাইকে বিব্রত ও চাপে রাখার উদ্দেশ্যে এ কাজটি করা হয়েছিল। শেখ জায়েদ বিষয়টি বুঝতে পেরেও মোহাম্মদের কৌশলে একধরনের সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। পরিবারের ভেতরে এই ঘটনা মোহাম্মদের ক্ষমতার আকাঙ্ক্ষার প্রাথমিক ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়েছিল।

খলিফা বিন জায়েদের শারীরিক ও মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়ার পেছনে কেবল ২০১৪ সালে তার স্ট্রোকের ঘটনা দায়ী ছিল না। এর আগেই তিনি মদ্যপান ও শনাক্ত না হওয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। ২০০৩ সালে মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির উপ-ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই ভাইকে এমন কিছু চিকিৎসা দেওয়া হচ্ছিল, যার ফলে তিনি স্বাভাবিকভাবে কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেন। চিকিৎসার কারণে খলিফা একধরনের ঘোরের মধ্যে থাকতেন এবং শেষ পর্যন্ত তার স্নায়ুর ক্ষতি হয়। একজন মার্কিন নার্সের সহায়তায় এসব চিকিৎসা দেওয়া হতো।

বইয়ে আমিরাতের সঙ্গে ইসরাইলের দীর্ঘদিনের গোপন নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ১৯৯০-এর দশক থেকেই মোহাম্মদ বিন জায়েদ ইসরাইলের সামরিক প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন এফ-১৬ যুদ্ধবিমানে ইসরাইলি সফটওয়্যার ব্যবহারের বিষয়ে একটি প্রতিবেদন পড়ে তিনি তার বাবাকে বিমানগুলো কেনার জন্য রাজি করানোর চেষ্টা করেন। সে সময় আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে মোহাম্মদ নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেন। তার সমর্থনে আমিরাত ৮০টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয় এবং সেগুলোতে ইসরাইলি সফটওয়্যার যুক্ত করার উদ্যোগ নেয়।

ওই সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের মধ্যস্থতায় ইসরাইল ও আমিরাতের মধ্যে গোপন আলোচনা হয়েছিল। মূলত আমিরাতের কাছে উন্নত যুদ্ধবিমান বিক্রি হলে ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষতিগ্রস্ত হবে কি না, তা নিয়ে উদ্বেগ দূর করাই ছিল আলোচনার উদ্দেশ্য। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি—আব্রাহাম অ্যাকর্ডসে—স্বাক্ষরের আগেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক গড়ে উঠেছিল।

আমিরাতের ইসরাইলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগের বিরোধিতা করায় দেশটির কবি হাবিব আল-সায়েগকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। আল-সায়েগ ছিলেন আমিরাতের প্রভাবশালী কবি ও লেখক। তিনি আল-খালিজ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং আরব লেখক ইউনিয়নের মহাসচিব ছিলেন। আমিরাত ও সৌদি আরবের কাতার অবরোধের পক্ষেও অবস্থান নিয়েছিলেন তিনি। তবে ইসরাইলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতা নিয়ে শাসকগোষ্ঠীর ভেতরে তিনি আপত্তি জানাতেন।

সতর্কবার্তা উপেক্ষা করে ২০১৯ সালের আগস্টে ‘ইসরাইল আমাদের প্রকৃত শত্রু এবং একটি বিপজ্জনক প্রকল্প’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন আল-সায়েগ। এরপর মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। আটক অবস্থায় তার দাঁত উপড়ে ফেলা হয় এবং ধাতব অংশযুক্ত বেল্ট দিয়ে পেটানো হয়। টানা তিন দিন নির্যাতনের পর তার মৃত্যু হয়। তার লাশের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে মোহাম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠ এক সহযোগী সেটিকে ‘প্রায় চেনার অযোগ্য’ বলে বর্ণনা করেছিলেন।

বইটিতে ট্রাম্পের প্রথম প্রশাসনের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব জ্যারেড কুশনার ও টম ব্যারাকের মধ্যে দ্বন্দ্বের কথাও উঠে এসেছে। লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ব্যারাক বর্তমানে তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ইরাক ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য আবুধাবি ও রিয়াদের অর্থায়নে ইউরোপ পুনর্গঠনের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মার্শাল প্ল্যানের আদলে একটি কর্মসূচি চালু করতে চেয়েছিলেন ব্যারাক। কিন্তু কুশনার তাকে মধ্যপ্রাচ্যের নীতিনির্ধারণে সীমিত ভূমিকা দিতে চেয়েছিলেন। মিসর-সংক্রান্ত বিষয় ছাড়া অন্য ক্ষেত্রে কুশনার তার সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক ও যোগাযোগ ভাগ করতে রাজি ছিলেন।

২০১৭ সালে সৌদি আরব ও আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপ করলে দুই কর্মকর্তার দ্বন্দ্ব আরো বাড়ে। ওই সময় কুশনার অবরোধের পক্ষে অবস্থান নিতে আগ্রহী ছিলেন। অন্যদিকে ব্যারাক ও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ট্রাম্পকে অবরোধে যুক্তরাষ্ট্রের সমর্থন না দেওয়ার পরামর্শ দেন।

এসব অভিযোগের বিষয়ে কুশনার ও তার আইনজীবীরা কঠোর আপত্তি জানিয়েছেন। কুশনার দাবি করেছেন, অভিযোগগুলো মিথ্যা এবং লেখক তার বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের সুযোগ যথাযথভাবে দেননি। তার আইনজীবীরা বইটির প্রকাশক ও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

ডেমোক্রেসি নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে লেখক বলেন, বইটি তৈরিতে ৫০টির বেশি সূত্রের সঙ্গে কথা বলা হয়েছে এবং প্রকাশের আগে ব্যাপক তথ্য যাচাই ও আইনি পর্যালোচনা করা হয়েছে। এসব দাবি কুশনারের সরকারি দায়িত্ব, মধ্যপ্রাচ্যের শাসকগোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক এবং মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থের সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%