০২:৪২ পি.এম
অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের সময় একটি সামরিক যান উল্টে গিয়ে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাসদস্যের নাম করপোরাল ব্রেন্ডন হ্যানাম, যিনি আফগানিস্তান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি দুই সন্তানের পিতা ছিলেন।
অস্ট্রেলীয় সেনাবাহিনী জানায়, ৫ অক্টোবর, দেশের উত্তরাঞ্চলের রাজধানী ডারউইনের কাছে মাউন্ট বান্ডি প্রশিক্ষণ এলাকায় একটি সামরিক যান উল্টে যায়। ওই সময় গাড়ির যাত্রী ছিলেন হ্যানাম। আহত পাঁচজনের মধ্যে দুজনকে ডারউইনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। অন্য তিনজনকে সেনা ব্যারাকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।
অস্ট্রেলীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল হ্যানামকে ‘অত্যন্ত প্রিয়’ সেনাসদস্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ২০১৯ সালে হ্যানাম আফগানিস্তানে দুটি সামরিক অভিযানে দায়িত্ব পালন করেন এবং পরে যুক্তরাজ্যে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কাজে অংশ নেন।
আরও পড়ুন: ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১% মার্কিন নাগরিক: জরিপ
ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানান, দেশের সামরিক পোশাক পরে দায়িত্ব পালনে যাওয়া প্রিয়জনদের পরিবারকে কী ধরনের ত্যাগ স্বীকার করতে হয়, এই ঘটনা তা আবারও মনে করিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে প্রশিক্ষণের সময় অস্ট্রেলীয় সেনাবাহিনীতে এটি দ্বিতীয় প্রাণহানির ঘটনা। এর আগে মে মাসে প্যারাসুট প্রশিক্ষণের সময় অস্ট্রেলিয়ার স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের এক সেনাসদস্য নিহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন