০৮:০৫ পি.এম
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মন্তব্য করেছেন, "পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন।" তিনি উল্লেখ করেছেন যে, এ দেশের জনগণ আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। নিষিদ্ধ সংগঠনের আস্ফালন এ দেশের জনগণ আর সহ্য করবে না। রাতের আঁধারে দু-চারটা পটকা ফুটিয়ে এ দেশে ফিরে আসা সম্ভব নয়, রাজনীতি করা তো দূরের কথা।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, "বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ।" ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অনেক শহীদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে বলে তিনি জানান।
আরও পড়ুন: ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
মীর হেলাল এ সময় বলেন, "কোনো প্রতিবেশী দেশের তাঁবেদারি আমাদের দেশের জনগণ আর কোনোদিন মেনে নেবে না।" তিনি উল্লেখ করেন, বিএনপি এ দেশের জনমানুষের দল।
এছাড়া, তিনি যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানান। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধও করেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, "নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না।" তিনি জানান, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস এবং পলাতক ফ্যাসিস্টের জন্য ডিসেম্বর বিজয়ের মাস নয়। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগুনসন্ত্রাস রুখে দিতে হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, "বিএনপি রাজনীতি করে মা, মাটি ও মানুষের জন্য।" তিনি উল্লেখ করেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করেননি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর নিবার্সিত থেকেও কখনো আপস করেননি। তিনি বলেন, "আমরা ওই নেতার কর্মী, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে গুপ্ত রাজনৈতিক শক্তিকে প্রতিহত করতে হবে।" আগুনসন্ত্রাস প্রতিহত করতে চট্টগ্রাম মহানগর যুবদল রাজপথে থাকবে বলে তিনি জানান।
আরও পড়ুন: ফুয়াদ: পাহাড়, গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার শিকড় এক জায়গায়
চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন