১০:৪৮ পি.এম
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ও জার্মানির মধ্যে ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার নতুন রূপ দেওয়ার লক্ষ্যে এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা করার উদ্দেশ্যে আগামীকাল ঢাকা পৌঁছাবেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। তিন দিনের সরকারি সফরে তিনি আসছেন।
জার্মান দূতাবাস থেকে আজ সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে আলোচনা অনুষ্ঠিত হবে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে।
আরও পড়ুন: ইবিতে ফুলকুঁড়ি আসরের শিশু-কিশোর সমাবেশ ও পুরষ্কার বিতরণী
জার্মানি, যা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার, এই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে যৌথ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার পাশাপাশি দেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার মুখোমুখি হচ্ছে, তাই এই আলোচনা প্রথাগত সহায়তা কাঠামোর বাইরে গিয়ে নতুন ক্ষেত্রগুলোতে আলোকপাত করবে।
ড. কফলার সফরের সময় রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন।
ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’-এর উৎসবে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান, দেশে আলাদা অ্যান্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে
এতে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতি আশা করা হচ্ছে।
১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির ঐতিহাসিক ‘জার্মান রিইউনিফিকেশন ডে’কে স্মরণ করে এই দিবসটি উদযাপন করা হয়, যা কয়েক দশকের স্নায়যুদ্ধকালীন বিভাজনের পর অনুষ্ঠিত হয়।
এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে জার্মানির অব্যাহত অঙ্গীকারকে তুলে ধরবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্ব পাবে জলবায়ু ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন