০৭:১৪ পি.এম
গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দলীয় অবস্থান কিংবা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে উপস্থাপন করতে হবে।
সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বার্তা সম্পাদকদের সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। একই সঙ্গে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা, এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিক নেতাদের মন্তব্য হচ্ছে, আলোচনার পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ।
আরও পড়ুন: ফ্যাসিস্টের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী নূর
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ জানান, অর্থনীতি এবং সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ উদ্দেশ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে।
বৈঠকে টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। গণমাধ্যম প্রতিনিধিরা ওয়েজ বোর্ড বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা নিশ্চয়তাকরণ এবং দ্রুত একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।
চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেছেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারের নীতিগত সহায়তা এবং সাংবাদিকদের নিরাপত্তা প্রয়োজন।
বৈঠকে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, সরকারের সহযোগিতা, এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। এখন সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আগামী ১৮ জুনের সংলাপের দিকে, যেখানে স্বাধীন গণমাধ্যম কমিশনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন