০৪:২৫ পি.এম
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের প্রশ্নে এবং দেশের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে যাওয়ার সময় এসেছে।
শনিবার (২২ আগস্ট), তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থান-উত্তর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন।
ড. মাহদী আমিন বলেন, গণ-অভ্যুত্থানে মানুষের প্রধান আকাঙ্ক্ষা ছিল মানবাধিকার ও বাক্স্বাধীনতা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সরকারের উচিত জনগণের প্রতি দায়বদ্ধ থাকা।
আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন
তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে প্রত্যেকের একটাই চাওয়া ছিল—মানবাধিকার ও বাক্স্বাধীনতা। শিক্ষার্থীদের কাছেও বাক্স্বাধীনতা ছিল একটি বড় আকাঙ্ক্ষা। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি ব্যবস্থা, যেখানে সরকার জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করবে।’
রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকতেই পারে বলে উল্লেখ করেন মাহদী আমিন। তিনি বলেন, জনগণের প্রশ্নে ও দেশের স্বার্থে সবাইকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা সমালোচনার সুযোগ দেয়, তবে সেই সমালোচনা যৌক্তিক হতে হবে। ব্যক্তিগত চরিত্রহননও করা উচিত নয়।
বিরোধী দলের ভূমিকা নিয়েও উল্লেখ করেন তিনি। মাহদী আমিন বলেন, ‘বিরোধী দলকে উপলব্ধি করতে হবে, সবকিছুর বিরোধিতা করা কাম্য নয়।’ তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই স্থানে আবার ফিরে যেতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণও করতে হবে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনগত পদক্ষেপ নেবে সরকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন