ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বগুড়ায় বিয়ে বাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত ৩


বগুড়ায় বিয়ে বাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত ৩

বগুড়ার একটি বিয়ে বাড়িতে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে, যার ফলে বিয়ে পণ্ড হয়ে যায়। এই সংঘর্ষের পর, বর পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। এ ছাড়াও ১৫টি মোবাইল ফোন, স্বর্ণের চেইনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে এবং কয়েকজনকে আটকে রেখে মারধরের অভিযোগও উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায়, সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ফেলুরপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সাগর মিয়ার সঙ্গে বগুড়া সদর উপজেলার তিলেরপাড়া গ্রামের টুটুল মিয়ার মেয়ে সাথী আক্তারের পারিবারিকভাবে বিয়ে নির্ধারিত ছিল। বরযাত্রী কনের বাড়িতে নির্ধারিত সময়ে পৌঁছালে গেটের বকশিশ হিসেব নেয়া হয় ১ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন: টেকনাফে পাচারের সময় নারীসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে উপস্থিত লোকজনের মধ্যস্থতায় ৭০০ টাকায় গেটের বকশিশের বিষয়টি মীমাংসা হলেও, কনের শারীরিক প্রতিবন্ধী দাদাকে ধাক্কা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বর পক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় তাদের কয়েকজনকে মারধর করা হয় এবং ১৫টি মোবাইল ফোন, স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রীও ছিনিয়ে আনা হয়। এছাড়াও কিছু ব্যক্তিকে আটকে রাখার অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বরযাত্রীদের উদ্ধার করে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান আলী জানিয়েছেন, গেটের বকশিশের টাকা নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনার পর, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আহিত তিনজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: রংপুরে ইয়াবাসহ যুবদল নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সাম্প্রদায়িক চক্রান্ত রুখে দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৯ এম


ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সাম্প্রদায়িক চক্রান্ত রুখে দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

রাজনৈতিক নেতারা দেব-দেবী নন, এবং রাজনীতির কোনো প্রতীকও ঐশ্বরিক বিষয় নয় উল্লেখ করে রাজনৈতিক মতামত বা বিশ্বাসকে পুঁজি করে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির যে কোনো চক্রান্ত রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে যার ধর্মীয় বিশ্বাস ও আচার কঠোরভাবে পালন করব এবং এজন্য অন্য সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করব। তবে, যখনই কেউ ধর্মচর্চাকে কেন্দ্র করে সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক পকেট বা মেরুকরণ তৈরির চক্রান্ত করবে, তখনই সেই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করা প্রয়োজন।’

তার ভাষায়, ‘পাহাড়ি ও সমতল জনগোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ বা ধর্ম কোন কিছুর ভিত্তিতেই বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ চক্রান্ত বাস্তবায়ন হওয়া যাবে না। কোনো ধর্মাবলম্বীকে ব্যবহার করে কিংবা ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রকে গ্রাস করার চেষ্টা করেছে, তা মানে হচ্ছে, সে সৃষ্টিকর্তা, মানবতা এবং ধর্মের মূল ভাবধারার বিরোধিতা করছে।’

রাজনীতিতে জনগণের অধিকার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতির দর্শন বা চিন্তা কোনো ধর্মীয় আদর্শ দ্বারা নির্ধারিত হয় না; বরং রাজনীতির সব চিন্তা ও আদর্শ নির্ধারণ করা হয় কেবলই জনগণের কল্যাণকে কেন্দ্র করে।’

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব দত্ত।

অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ এবং গুণীজন হিসেবে পূজা উদযাপন পরিষদের সাবেক জেলা সভাপতি রাখাল চন্দ্র দে ও বিশিষ্ট শিক্ষানুরাগী বিজয় কৃষ্ণ দে-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা।

সম্মেলনের দ্বিতীয় সেশনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা পরবর্তী মেয়াদের জন্য পুনরায় মানিক মুখার্জী কুডুকে সভাপতি এবং সঞ্জয় চক্রবর্তীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবা কথা রক্ষার প্রতিশ্রুতি, প্রেম না করায় হেলিকপ্টারে ছেলের বউ আনলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৫ এম


বাবা কথা রক্ষার প্রতিশ্রুতি, প্রেম না করায় হেলিকপ্টারে ছেলের বউ আনলেন

ছেলে যদি কখনো প্রেম না করে, তবে ধুমধাম করে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ের আয়োজন করবেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তরতরা গ্রামের হোসেন আলীর দ্বারা পণ করা ছিল এমনই এক অদ্ভুত পরিকল্পনা। আর ঠিক যেমন কথা, তেমন কাজ! এবার তিনি সত্যি সত্যিই হেলিকপ্টারে চেপে ছেলের বউকে ঘরে তুললেন।

শুক্রবার বিকেলে ঘিওর উপজেলার উত্তরতরা গ্রামে এমন দৃশ্যের দেখা মিলল।

জানা যায়, ঘিওর উপজেলার উত্তরতরা গ্রামের হোসেন আলীর ছেলে কামরুল হাসান কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াননি। সবসময় তিনি ভদ্র ও মার্জিতভাবে চলাফেরা করেছেন। তাঁর বাবার প্রতিশ্রুতি ছিল যে, ছেলে যদি প্রেম না করে এবং নিজের চরিত্র ও ভদ্রতা বজায় রাখে, তবে তিনি রাজকীয়ভাবে হেলিকপ্টারে বর সাজিয়ে বউ আনতে পাঠাবেন।

অবশেষে পার্শ্ববর্তী সিংগাইর উপজেলার চারিগ্রাম মধ্যপাড়া মোবারক হোসেনের কন্যা মুন্নী আক্তারের সঙ্গে পারিবারিকভাবে কামরুলের বিয়ে ঠিক হয়।

শুক্রবার বিকেলে সুসজ্জিত হেলিকপ্টারে চড়ে বর কামরুল কনে মুন্নী আক্তারকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এমন অভিনব ও রাজকীয় আয়োজনে বর-কনেকে দেখতে ভিড় জমান স্থানীয় গ্রামবাসী। শৌখিন এই বাবার এমন কাণ্ডে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

হেলিকপ্টারের বিয়ে দেখতে আসা এক দর্শনার্থী মো. সজিব মিয়া জানান, এটি শুধু একটি বাবার কথা রাখা নয়। সত্যিকার অর্থেই প্রত্যেক ছেলেকে বাজে আড্ডা, বাজে নেশা ছেড়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী চলা উচিত। এটি তার একটি উদাহরণ হয়ে থাকবে।

এ বিষয়ে বরের বাবা হোসেন আলী এক অনুভূতিতে বলেন, আমার কথা আমি রেখেছি। ছেলে আমার কথা শুনেছে, ভদ্রভাবে চলেছে, কোনো প্রেমে জড়ায়নি। তাই নিজের শখ ও কথা রাখতেই হেলিকপ্টার ভাড়া করে ছেলের বউকে বাড়িতে নিয়ে এলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২১ এম


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের প্রত্যাশা ও গণভোটের রায় বাস্তবায়িত না হলে নতুন ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে। তিনি রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি শুক্রবার (৩১ জুলাই) বিকেলে যশোরের বিডি হল মিলনায়তনে আয়োজিত ‘গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার মেনে নেয়ার সুযোগ রয়েছে। অন্যথায়, জনগণের ৭০ শতাংশ ভোটকে শক্তিতে রূপান্তর করে গণভোটের রায় কার্যকর করা হবে।

মিয়া গোলাম পরওয়ার বর্তমান শাসনব্যবস্থা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ‘সর্বত্র দলীয়করণ ও দুর্নীতি এখনো বিদ্যমান। গত পাঁচ মাসে রাষ্ট্রের মূল কাঠামোর কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় প্রভাব বজায় রাখা হয়েছে। কেবল নাম পাল্টালেও রাজনৈতিক চরিত্র একই রয়ে গেছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পথ থেকে সরে এসে একটি বৈষম্যহীন ও দলীয়করণমুক্ত রাষ্ট্র গঠন করতে হবে। অন্যথায় জনগণের দাবি আদায়ে ১১ দলীয় জোটের পরবর্তী আন্দোলন ও গণমিছিলসহ ঘোষিত কর্মসূচিগুলোতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।’

সভাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মুক্তার আলী এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

এছাড়া আলোচনা সভায় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, এলডিপি জেলা সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপন এবং জেলা এবি পার্টির সভাপতি ইয়ামিনুর রহমান বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২২ এম


আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭

উত্তর আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্থানীয় সংবাদমাধ্যম এননাহার টিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছেন।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তেব্বুন বলেন, এ দুর্ঘটনার জন্য দায়ীরা ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’। তিনি জানান, তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, কী কারণে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতিসহ বিভিন্ন মানবিক ভুলই আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে তারা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে। সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়ার সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

এর আগে, গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত ও ২১ জন আহত হন। আর ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেচার অঞ্চলে একটি বাস উলটে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%