১১:২২ পি.এম
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাটাউচনা বাজারে চাঁদাবাজি, দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদত হোসেন শাদো। তিনি এ ঘটনার প্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাদত হোসেন অভিযোগ করেন যে, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছেন। তিনি জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানে তালা লাগিয়ে দেওয়া, মালামাল বাইরে ফেলে দেওয়া এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
শাহাদত হোসেন আরও অভিযোগ করেন, গত ২১ ও ২২ সেপ্টেম্বর কয়েক দফায় বিভিন্ন দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তিনি উল্লেখ করেন যে, একটি দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে এবং আরও কয়েকটি দোকান দখলের উদ্দেশ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এছাড়া, ব্যবসায়ীদের নামীয় সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগও রয়েছে।
আরও পড়ুন: নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ তিন যুবক আটক
তিনি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি। পরে তিনি হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন