০৯:৫০ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ২৩০ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকাসহ ২০২৬-২০২৭ অর্থ বছরের মূল বাজেট ৩ শত ৩০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১২তম (বিশেষ) সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে এই বাজেট অনুমোদিত হয়।
সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বাজেটের বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট ২৩০ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে বিমক বরাদ্দ ২০২ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ২৭ কোটি টাকা ৫০ লক্ষ টাকার অন্তর্ভুক্ত। ২০২৬-২৭ অর্থ বছরের মূল বাজেট ৩৩০ কোটি টাকার মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বরাদ্দ ১৫৯ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ২৭ কোটি ৫০ লক্ষ টাকা ও ঘাটতি ১৪৩ কোটি ৩৯ লক্ষ ৩৭ হাজার টাকার অন্তর্ভুক্ত।
২০২৬-২৭ অর্থ বছরের মূল বাজেটে ইউজিসি কর্তৃক গবেষণা অনুদান ও যানবাহন খাতে বরাদ্দ স্থগিত রয়েছে এবং অন্যান্য আরো কিছু খাতে চাহিদার ৫০% কম অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো পরবর্তীতে সংশোধিত বাজেটে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এই বাজেটে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য গবেষণাখাতে ৮ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৩০ লক্ষ টাকা, অন্যান্য অনুদান খাতে ৬২ কোটি ৬ লক্ষ ৩৪ হাজার টাকা, যন্ত্রপাতি খাতে ৫ কোটি ৯৭ লক্ষ টাকা, যানবাহন খাতে ৫ কোটি টাকা, তথ্য ও প্রযুক্তি খাতে ২ কোটি ৩০ লক্ষ টাকা এবং অন্যান্য মূলধন খাতে ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এই বাজেটের মধ্যে বেতন ভাতা বাবদ ১২৯ কোটি ৮০ লক্ষ ৬৬ হাজার টাকা এবং পণ্য ও সেবা বাবদ ১০৮ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি বাবদ ৬০ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
উন্নয়ন প্রকল্প বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৭৪৬ কোটি ৬ লক্ষ ৩১ হাজার টাকা। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের প্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট ৩৬৯ কোটি ৩৪ লক্ষ টাকা এবং প্রকল্পের কাজের অগ্রগতি বিবেচনায় অবশিষ্ট কাজের জন্য ২০২৬-২৭ অর্থ বছরের মূল বাজেট ২০১ কোটি ২১ লক্ষ ১১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের আবাসন সমস্যার পূর্নাঙ্গ সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হল নির্মাণ খাতের ৩০ কোটি টাকা এবং শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে প্রণীত বিশেষ বৃত্তি নীতিমালার অনুযায়ী বৃত্তির জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ করা হবে। সর্বমোট ঘাটতি ১৪৩ কোটি ৩৯ লক্ষ ৩৭ হাজার টাকার ২০২৬-২৭ অর্থ বছরে বরাদ্দ দেওয়ার জন্য সিন্ডিকেট সভা থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতার জন্য জোর সুপারিশ করা হয়।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বাজেট অনুমোদনের জন্য অর্থ কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, পরিচালক (অর্থ ও হিসাব) এবং অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।
আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন