ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মুন্সীগঞ্জে একটি ভাসমান ফিলিং স্টেশনে আগুন


মুন্সীগঞ্জে একটি ভাসমান ফিলিং স্টেশনে আগুন

মুন্সীগঞ্জে একটি ভাসমান ফিলিং স্টেশনে আগুন লেগেছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা সোয়া ১১টার দিকে নয়াগাঁও এলাকায়, ধলেশ্বরী নদীর ওপর ও টি লাইবা ফ্লোটিং অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বেলা সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে ফায়ার সার্ভিসের সদস্যরা ব্রিদিং অ্যাপারেটাস (বিশেষ সুরক্ষা সরঞ্জাম) ব্যবহার করে অভিযান পরিচালনা করেন এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনটি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়লে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের কারণে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সফরকারী বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে গেছে। এই ফলে জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ রান করেছে এবং জিম্বাবুয়ে ৪১০ রান তুলে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে, প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে পরবর্তীতে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪০ রান করে। ৯ উইকেট হাতে থাকা অবস্থায় টাইগাররা ২৩০ রানে পিছিয়ে ছিল।

এরপর তৃতীয় দিন বাংলাদেশ দলের বাকী ৯ উইকেটে ১৪৫ রান যোগ করে গুটিয়ে যায়।

দলের হয়ে মুশফিকুর রহিম ৩৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩০, অমিত হাসান ২৫, মাহমুদুল হাসান জয় ২২, হাসান মাহমুদ ১৫, মোমিনুল হক ১৩ এবং এবাদত হোসেন অপরাজিত ১২ রান করেন।

জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি ৪টি এবং রিচার্ড এনগারাভা ৩টি উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, হামলার শিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


কুমিল্লায় ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, হামলার শিকার

 

কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শরীফ নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে নগরীর থিরাপুকুরপাড় এলাকায়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মো. শরীফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে নিয়মিত পেট্রোল ডিউটির সময় থিরাপুকুরপাড় এলাকায় একদল উচ্ছৃঙ্খল যুবক বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আতশবাজি ফাটিয়ে এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছিল। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের নির্বৃত্ত করার চেষ্টা করলে, ভিড়ের মধ্যে থাকা অজ্ঞাত এক দুর্বৃত্ত পেছন থেকে এএসআই শরীফের পিঠে ছুরিকাঘাত করে।

ঘটনার পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, পুলিশের নিয়মিত ডিউটি চলাকালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করেছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপорেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন রয়েছেন।

এই সময়ে ১৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৬৩২ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৮ শতাংশ নারী। এ বছর ডেঙ্গু আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সূচকের ঊর্ধ্বগতিতে ডিএসই, বেড়েছে ২৪৯ প্রতিষ্ঠানের শেয়ারদাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


সূচকের ঊর্ধ্বগতিতে ডিএসই, বেড়েছে ২৪৯ প্রতিষ্ঠানের শেয়ারদাম

 দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এছাড়া, অধিকাংশ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে।

দিনশেষে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৯টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ৯৪টির দাম কমেছে এবং ৫৪টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসই’র তথ্যমতে, এদিন মোট ৩ লাখ ১৪ হাজার ৮৪৮টি লেনদেনের মাধ্যমে ৪৭ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৯৯৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। ফলে, মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার ৮৪২ টাকা।

দিন শেষে, ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া, ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ দশমিক ৩৮ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়ায়।

টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, মালেক স্পিনিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি, আইটিসি, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ফারইস্ট নিটিং ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল বিএসআরএম লিমিটেড, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং, বিএসআরএম স্টিল, ন্যাশনাল হাউজিং, এপেক্স স্পিনিং, সিপিজি সিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও প্রভাতী ইন্স্যুরেন্স।

অপরদিকে, দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল বেস্ট হোল্ডিংস, এওএল, বেক্সিমকো লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, প্রাইম ফাইন্যান্স, কেপিসিএল, সানলাইফ ইন্স্যুরেন্স ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

এদিকে, ক্যাটাগরি ভিত্তিক তথ্যে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টির শেয়ারের দাম বেড়েছে, ৪৩টির কমেছে এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

‘বি’ ক্যাটাগরির ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির শেয়ারের দাম বেড়েছে, ১৮টির কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরির ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির শেয়ারের দাম বেড়েছে, ৩৩টির কমেছে এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিন ‘এন’ ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়নি।

এছাড়া, ৩৪টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৬টির ইউনিটের দাম বেড়েছে, একটির দাম কমেছে এবং সাতটির দাম অপরিবর্তিত রয়েছে।

কর্পোরেট বন্ডের তিনটি ইস্যুর মধ্যে দুটির দাম বেড়েছে এবং একটির দাম কমেছে।

অন্যদিকে, আটটি সরকারি সিকিউরিটিজ (জি-সেক)-এর মধ্যে চারটির দাম বেড়েছে এবং চারটির দাম কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%