০৮:২৪ এম
কমিটি গঠন নিয়ে বিরোধের ফলস্বরূপ রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজশাহীর নওদা পাড়া এবং শিরোইল বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানিয়েছেন, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে এই পরিস্থিতির উৎপত্তি হয়েছে। সোমবার বিকেলে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধি রাখার বিষয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা এবং হট্টগোল শুরু হয়। এর ফলে বৈঠকটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ভণ্ডুল হয়ে যায়।
বৈঠক থেকে ফিরে শ্রমিকদের একটি অংশ শিরোইল বাস টার্মিনালে গিয়ে চরম উত্তেজনা তৈরি করেন এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিটি গঠিত না হওয়া পর্যন্ত সব রুটে বাস চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধের ঘোষণা দেন। তবে দূরপাল্লার বাসগুলো রাজশাহী ফিরতে এবং অন্যান্য জেলার বাস রাজশাহী থেকে বের হতে সকালে কিছু সময় দেওয়া হয়েছিলো। সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে কোন বাস ছেড়ে যায়নি। বাস টিকিট কাউন্টারগুলো অধিকাংশই খোলা রয়েছে, কিন্তু কখন এই কর্মবিরতি প্রত্যাহার হবে তা কেউ বলতে পারেনি।
আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও নির্বাচন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের প্রতিনিধি এবং শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
তবে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু। এ সময় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা এবং হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়।
বৈঠক শেষে শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরে তাৎক্ষণিকভাবে রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। ফলে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লা এবং আন্তঃজেলা গন্তব্যের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে বাস চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন