০৫:৫৪ পি.এম
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশি বংশোদ্ভূত চার বছর বয়সী মার্কিন নাগরিক এক শিশুকে অপহরণ করার চেষ্টা চলাকালীন র্যাব তিন অপহরণকারীকে আটক করেছে।
বুধবার (৩ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটককৃতদের মধ্যে রয়েছেন: টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার হাফেজ উল্লাহ’র ছেলে কেফায়েত উল্লাহ (২৪), নতুন পল্লান পাড়ার আব্দুস ছালামের ছেলে শাহাব উদ্দিন (২৮) এবং একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া (৩৫)।
আরও পড়ুন: ভালুকায় শ্রেষ্ঠ বিআরডিবি চেয়ারম্যানের সম্মাননা পেলেন সৌমিক হাসান সোহাগ
ভুক্তভোগী শিশুর বাবা টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার আদি বাসিন্দা, যে বর্তমানে মার্কিন নাগরিক। গত মাসখানেক আগে শিশুটি বাবা ও মায়ের সঙ্গে টেকনাফে দাদার বাড়ি বেড়াতে এসেছিল।
আ. ম. ফারুক জানান, মঙ্গলবার (২ জুন) দুপুরে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ায় ৪ বছর বয়সী মার্কিন নাগরিক শিশুটিকে একাকী পেয়ে কতিপয় দুর্বৃত্ত অপহরণ করার চেষ্টা করছিল। এসময় স্থানীয়রা ঘটনাটি লক্ষ্য করে অপহরণকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে পশ্চিম গোদারবিল এলাকায় অপহরকারীদের আটক করতে সক্ষম হন স্থানীয়রা।
পরে স্থানীয়রা বিষয়টি অবহিত করলে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে আটক করে।
আ. ম. ফারুক জানান, শিশুটিকে অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় উফশী ধানের বাম্পার ফলন: বাঁশবুনিয়ায় ধান কাটা উৎসব অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন