০৩:৫৩ পি.এম
খুলনায় একটি বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ জুন) দুপুরে মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. রাশেদ কাজী (২০) লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে।
আরও পড়ুন: কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নাবিলা নুসরাত নিহত
নিহতের বড় ভাই কাজী রাইসুল ঘটনার বিষয়ে বলেন, সকালে আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। পরে আমি জানতে পারি ছোট ভাইয়ের স্ত্রীর মাধ্যমে যে সোয়া ১১টার দিকে রাশেদের পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এরপর স্কুলভিটা এলাকায় স্থানীয় দুর্বৃত্তরা রাশেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) পিযুষ দাশ গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ খবর পেয়ে পৌঁছেছে। ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা जानার চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে রাশেদের পরিচিতরা জড়িত রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন: রংপুরে এক হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী আফসানা মরিয়ম গ্রেফতার
এর আগে, গত ১৯ মার্চ নিহত রাশেদের বাড়িতে ঢুকে তার বাবা আনিসুর, মা রঞ্জুয়ারা, বড় ভাই রাইসুল ও স্ত্রী ফাহিমাকে গুলি করে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর আগে রাশেদ একটি মাদক মামলায় কারাবন্দি ছিলেন। কারাগারে তার পরিচয় হয় ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে, যিনি একই ধরনের মামলায় বন্দি ছিলেন। পরবর্তীতে রাশেদ ইমরানের বাড়িতে যাতায়াত শুরু করেন। আনুমানিক ছয়-সাত মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশেদ ইমরানের স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, এর জেরে এই হামলা সংঘটিত হয়েছে এবং মঙ্গলবার রাশেদকে হত্যা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন