বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৩৩ পি.এম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে দেশটি সরে আসবে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এই বক্তব্য দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে আগ্রাসীদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্যও তারা সম্পূর্ণ প্রস্তুত।
মাসুদ পেজেশকিয়ান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ প্রদান করেন।
মেহের নিউজ এজেন্সি জানায়, ভাষণের শুরুতে পেজেশকিয়ান আয়াতুল্লাহ আলী খামেনি এবং মিনাবের স্কুলশিক্ষার্থীদের ছবি তুলে ধরেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রথম দিনে নিহত হয়।
তিনি জানান, যুক্তরাষ্ট্র লামের্দ এলাকায় ইরানি শিশুদের ওপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করে, অথচ তারাই নিজে জঘন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত।
তিনি উল্লেখ করেন, ‘গত ২০০ বছরে ইরান কোনো দেশ আক্রমণ বা দখল করেনি, তবে সর্বদা দৃঢ়তার সঙ্গে নিজেদের রক্ষা করেছে।’
পেজেশকিয়ান আরও বলেন, ‘শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরান ত্যাগ করবে না।’
ইরান আত্মরক্ষার জন্য প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, ‘বোমা বা আগ্রাসনের মাধ্যমে প্রতিরোধকে পরাজিত করা যায় না। তারা ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, কিন্তু তারা জেনেছে যে ইরানিরা যুদ্ধকে ভয় পায় না।’
পেজেশকিয়ান বলেন, ‘ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, অথচ আইএইএর পরিদর্শকরা ইরানে আসার জন্য তৎপরতা চালাচ্ছে।’
তিনি বলেন, তেহরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও কোনো ধরনের জোর-জবরদস্তি বা ধমকের ভাষা মেনে নেবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুর, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা সরকারের প্রধান উদ্দেশ্য।
আজ জেলা সদরের ঐতিহ্যবাহী পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দুটি বহুতল একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
আহম্মদ সোহেল মনজুর আরও বলেন, মানসম্মত শিক্ষার প্রসারে নতুন এই সুদৃশ্য অবকাঠামো জেলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহিত করবে। জেলায় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ভৌত অবকাঠামোগত প্রসারের ক্ষেত্রে এটি একটি নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী বল। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বহুতল একাডেমিক ভবন পাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তারা জানিয়েছেন, নতুন অবকাঠামোর ফলে শ্রেণিকক্ষের বিদ্যমান সংকট দূর হবে এবং মনোরম পরিবেশে পাঠদান পরিচালনা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘকে ‘অকার্যকর’ হিসেবে অভিহিত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। তিনি আন্তর্জাতিক এই সংস্থার কার্যকারিতা ও নিরপেক্ষতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, যা তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণের শুরুতেই উল্লেখ করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যের মধ্যে তিনি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের (যা আর্জেন্টিনার কাছে ‘লাস মালভিনাস’ নামে পরিচিত) বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ‘সি লায়ন প্রজেক্ট’-এর আওতায় উত্তর মালভিনাস অববাহিকায় আর্জেন্টিনার মহীসোপানে ব্রিটিশ লাইসেন্সে অবৈধভাবে তেল উত্তোলনের কার্যক্রম চলছে। আর্জেন্টিনার সার্বভৌমত্ব ও অনুমতি ছাড়া সেখানে যেকোনো কার্যক্রম পরিচালনা আন্তর্জাতিক আইন এবং সমুদ্র বিষয়ক জাতিসংঘ কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।
দ্বীপের অধিবাসীদের বিষয়ে আর্জেন্টিনার অবস্থান স্পষ্ট করে মিলে বলেন, বিরোধপূর্ণ ভূখণ্ডে দখলদার শক্তির মাধ্যমে বসতি স্থাপন করা হয়েছে। এর ফলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অধিবাসীদের জন্য জনগণের আত্মনিয়ন্ত্রণের সুযোগ বা নীতি কোনোভাবেই কার্যকর নয়। তিনি আরও জানান, আর্জেন্টিনা ঐতিহাসিক এই ভূখণ্ডের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় শান্তিপূর্ণ এবং বাস্তবসম্মত উপায়ে বদ্ধপরিকর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে থানা পুলিশ কিশোর গ্যাং সন্দেহে ২৩ জনকে আটক করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩ ঘণ্টা ধরে বিশেষ অভিযান চালায় চৌদ্দগ্রাম মডেল থানার পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।
ওসি জানান, উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং সদস্য সন্দেহে এবং অপ্রাপ্ত বয়স্কদের রাতের বেলায় অলিতে গলিতে আড্ডা দেওয়া, মোটরসাইকেল নিয়ে অস্বাভাবিকভাবে চলাচল করা ও মোবাইল ফোনে গেমস খেলার সময় ২৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়া সমুদ্রসৈকতের দুটি পৃথক স্থান থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে, এগুলো কি মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে টেকনাফের বাহারছড়া উপকূলে ঘটিত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মরদেহ কিনা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া এবং মনখালী সমুদ্রসৈকত থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এর কয়েক ঘণ্টা পর বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনখালী সমুদ্রসৈকতে আরও দুটি মরদেহ পড়ে থাকার খবর আসে। পরে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। সৈকতে পাওয়া মরদেহ দুটির মধ্যে প্রায় ৫০০ মিটার দূরত্ব ছিল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, তিনটি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। টেকনাফের বাহারছড়া এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে মরদেহগুলোর সম্পর্ক আছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহগুলো ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও কোস্টগার্ডের সূত্রে জানা যায়, গত সোমবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাটের কাছে সাগরে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসা একটি ট্রলার ডুবে যায়। সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় দুর্ঘটনার কবলে পড়া ওই ট্রলারে থাকা এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। কোস্টগার্ড ও স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন নারী নিখোঁজ রয়েছে।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। পরে সাগরপথে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
এদিকে, উখিয়ার সৈকত থেকে উদ্ধার হওয়া তিন মরদেহ ওই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কিনা, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ