০৭:৩৩ পি.এম
ইয়াবা কিনতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামে এক কলেজ কর্মচারী। স্থানীয়রা তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছেন। তবে পরে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে তিনি মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইনুর হাসান মাসুম পার্শ্ববর্তী মাদারীপুরের ডাসার এলাকার বাসিন্দা। তিনি খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত রয়েছেন। কয়েক দিন আগে তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার দুপুরে খাঞ্জাপুর ইউনিয়নের এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে মোটরসাইকেলে করে ফেরার পথে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় কয়েকজন যুবক তাকে থামিয়ে তল্লাশি করেন। ওই সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা পাওয়া যায় বলে তারা দাবি করেছেন।
পরে বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়দের মারধরের শিকার হন মাসুম। পরিস্থিতি থেকে রক্ষা পেতে তিনি নিজের মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালিয়ে যান।
এ বিষয়ে মাইনুর হাসান মাসুমের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
এদিকে, স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন