ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানালেন সাদিক কায়েম


পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানালেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বাংলাদেশে পোশাকশ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম প্রায় দ্বিগুণ মজুরি দিয়েও পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। তাহলে, কেন শ্রমিকদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে সরকারের ব্যর্থতার দায় নিতে হবে?

সাদিক কায়েম আরও বলেন, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশে মাত্র ১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিক কিভাবে নিজের এবং পরিবারের ব্যয় নির্বাহ করবেন, এটি একটি গুরুতর প্রশ্ন। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা শুধু তাদের অধিকার নয়, বরং দেশের পোশাকশিল্পের ভবিষ্যতের জন্যও অত্যন্ত জরুরি।

তিনি অভিযোগ করেন, শ্রমিকদের মজুরি নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে আন্দোলন শুরু হওয়ার পর শ্রমিকদের ওপর পুলিশি হামলা, মারধর ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। সরকারের এই ব্যর্থতার কারণে পতিত আওয়ামী লীগ আন্দোলনে সুযোগ নেওয়ার পরিবেশ পেয়েছে।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

জুলাইয়ের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ডাকসু ভিপি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ, যেখানে ছাত্র, শ্রমিক, কৃষক ও মধ্যবিত্তসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য ইনসাফ নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সম্মানজনক মজুরি নির্ধারণ করতে হবে, কোনো ধরনের টালবাহানা না করে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে উসকানির অজুহাত দেখিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা করা যাবে না।

বক্তব্যের শেষাংশে সাদিক কায়েম বলেন, "শ্রমিক বাঁচলেই বাঁচবে দেশ।"

এআরবি

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজশাহী নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত কেজি  গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়।

রবিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে উপশহর সেক্টর-২ এলাকার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃকরা হলো: নগরীর পবা থানার বাগধানী গ্রামের মোঃ সজিব (২৭) ও গোদাগাড়ীর পালপুর ধরমপুর গ্রামের মোঃ  রায়হান (২০)।  পলাতক আসামী বিপ্লব আলী (৩৯)সহ আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার দুজনসহ পলাতকদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদ ভবনের সব লাইট সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটি এ সুপারিশটি করেছে।

বিদ্যুতের অপচয় রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিশ্চিত করার পাশাপাশি অপচয়ের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও সুপারিশ করেছে কমিটি।

আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটির দ্বিতীয় এই সুপারিশটি করা হয়।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়।

সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি, ভবনের বিভিন্ন স্থানে বায়ু চলাচল ও প্রবাহের স্বাভাবিক অবস্থা এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা এবং আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের লক্ষ্যে সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের এসি চালু করার সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার খেলার মাঠটির বরাদ্দ ও চুক্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের ভোটাধিকার ও বিমানবন্দরে হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


প্রবাসীদের ভোটাধিকার ও বিমানবন্দরে হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান

‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। সম্প্রতি বাংলাদেশ সফরের সময় সংগঠনটির সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসাইন, যিনি যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক, আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান।

বৈঠকগুলোতে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের নানা বঞ্চনা ও সমস্যার বিষয়গুলো নীতিনির্ধারকদের সামনে তুলে ধরেন। এ সময় তিনি নবগঠিত সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেও তাদের অবহিত করেন।

গত শনিবার ঢাকার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত সাক্ষাতে পরিষদের সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার বেলায়েত হোসাইন এবং সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ড. এডিএম ইউনুস প্রমুখ।

অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত আলাদা বৈঠকে বিচারক বেলায়েত হোসাইনের সঙ্গে উপস্থিত ছিলেন ড. এডিএম ইউনুস। সফরের সময় তিনি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

সাক্ষাৎকালে পরিষদের সভাপতি জানান, বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাস করছেন। এসব প্রবাসীদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও মানবাধিকার সুরক্ষার আন্দোলনেও প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি উল্লেখ করেন, প্রতিটি প্রবাসীই মূলত স্ব স্ব দেশে বাংলাদেশের এক একজন শুভেচ্ছাদূত (অ্যাম্বাসেডর)।

প্রবাসীদের নানা হয়রানির চিত্র তুলে ধরে তিনি মন্ত্রীদের বলেন, দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখার পরও প্রবাসীরা তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত হন এবং পদে পদে অবহেলা ও হয়রানির শিকার হন। বিশেষ করে বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, বিদেশে বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটগুলোতে সেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহির অভাব নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিচারক বেলায়েত হোসাইন বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নিয়ে রাষ্ট্র গর্ব করলেও কোনো সরকারের আমলেই প্রবাসীদের মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানের কার্যকর উদ্যোগ দেখা যায় না। বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। প্রবাসীরা নিজেদের দেশ, সম্পদ ও আত্মীয়স্বজন ছেড়ে বিদেশে পাড়ি জমান; কিন্তু অনেক সময় দেশে ফিরে তারা দেখতে পান তাদের সম্পদ বেদখল হয়ে গেছে। প্রবাসীদের সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

তিনি সকল প্রবাসীকে দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নিজ নিজ অবস্থান থেকে ভোট দেওয়ার সুযোগ তৈরির পাশাপাশি দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশিদের নির্বিঘ্নে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে পারছেন। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীসহ ফ্রান্সে নিজ দেশের প্রবাসীরা ভোটে অংশ নিচ্ছেন এবং সেখানে দ্বৈত নাগরিকত্বধারী ৯ জনের বেশি সংসদ সদস্য আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও অংশগ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের নানা আইনি ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনায় প্রবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন, বিমানবন্দরে প্রবাসীদের প্রাপ্য নাগরিক অধিকার সুনিশ্চিত করা, দূতাবাস ও হাইকমিশনের সেবার মান বৃদ্ধি এবং প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রীবর্গ ও সংসদ সদস্যরা মনোযোগ দিয়ে এসব কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং তাদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি লন্ডনে গঠিত হয় ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। সংগঠনটির সভাপতি বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন বর্তমানে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থান করছেন এবং নীতিনির্ধারক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।

সংগঠনটির প্রচার সম্পাদক অলিউল্লাহ নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের

বরিশাল, ২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে। তিনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার জন্য আহ্বান জানান।

আজ বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সংঘাত তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ব্যক্তিরা সেখান থেকে বেশি সুবিধা ভোগ করে।

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতির কোনো বিকল্প নেই। রাষ্ট্র, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিক তুলে ধরে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজব, অপপ্রচার ও ধর্মীয় উসকানি প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্ট এবং পলিসি অ্যাডভাইজারের পরিচালক (অপারেশন্স) চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%