শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
১১:১৫ এম
॥ মো. জহির উদ্দিন বাবর ॥
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। এই পদক্ষেপের ফলে প্রান্তিক কৃষকেরা ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার ঘটছে।
দীর্ঘদিন ধরে ঋণের বোঝা এবং খেলাপি হওয়ার কারণে নতুন ব্যাংকঋণ না পাওয়ার সংকটে থাকা কৃষকদের ঋণের সুদসহ মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে সরকার।
প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজার মন্দায় জর্জরিত প্রান্তিক চাষিরা ঋণ পরিশোধের দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে নতুন উদ্যমে কৃষিকাজে মনোনিবেশ করছেন। সরকারের এই পদক্ষেপের ফলে চড়া সুদের মহাজনি দাদন ব্যবসার শৃঙ্খল ভেঙে কৃষকরা পুনরায় আনুষ্ঠানিক ব্যাংকিং ধারায় ফিরে আসছেন, যা দেশের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।
১০ হাজার টাকা পর্যন্ত ঋণগ্রহণকারী কৃষকদের মূল ঋণের ওপর যত টাকাই সুদ বা বকেয়া জমা হয়েছিল, তার সম্পূর্ণ আসল ও সুদ মওকুফ করেছে সরকার। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ও কৃষকবান্ধব নীতির অংশ হিসেবে বাস্তবায়িত এই কর্মসূচিকে অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা প্রান্তিক কৃষকদের জন্য তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘সুদসহ কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত প্রান্তিক কৃষকদের জন্য বড় উপহার। এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’
তিনি আরও বলেন, কৃষক বাঁচলে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা শক্তিশালী হবে। তাই কৃষকদের টেকসই স্বাবলম্বী করতে উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণ নিশ্চিত করা এবং ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া উচিত।
অধ্যাপক আবু আহমেদ বলেন, বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিলে বিদেশ থেকে বেশি দামে খাদ্য আমদানি করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে খাদ্যের সংকট তৈরি হলে ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলো চড়া দামে খাদ্য বিক্রি করে। অতীতে এ ধরনের পরিস্থিতি দেখা গেছে। তাই খাদ্য নিরাপত্তায় দেশীয় কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, শুধুমাত্র ঋণ মওকুফের মাধ্যমে কৃষকদের সব সমস্যার সমাধান হবে না। কারণ, কিছু কৃষকের ঋণের পরিমাণ ২০ হাজার, ৩০ হাজার বা ৫০ হাজার টাকা কিংবা তারও বেশি হতে পারে। তবে ঋণ মওকুফের এই উদ্যোগ কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তি বয়ে আনবে।
যশোর সদর উপজেলার কয়েকজন কৃষকের অভিজ্ঞতায় উঠে এসেছে এ স্বস্তির বাস্তব চিত্র। তারা বাসসকে জানান, দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধের দুশ্চিন্তায় থাকার পর সরকারের ঋণ মওকুফের সিদ্ধান্ত তাদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।
উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গলী গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, ১০ হাজার টাকা ঋণ নিয়ে খেলাপি হওয়ায় দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন তিনি। ঋণ পরিশোধের জন্য বাড়ির গাছ কিংবা গোয়ালের গরু বিক্রির কথাও ভাবছিলেন। কিন্তু ঋণ মওকুফ হওয়ায় তাঁকে আর এসব সম্পদ বিক্রি করতে হয়নি।
ফারুক বলেন, ‘আমার মতো মানুষের ওপর থেকে বড় একটা বোঝা নেমে গেছে। বিপদের সম্বল বাড়ির গাছ, গরু কিছুই বিক্রি করতে হয়নি।’
একই উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝাউদিয়া গ্রামের কৃষক মো. মহিউদ্দিন বলেন, ‘১০ হাজার টাকার ঋণ নিয়ে দিতে না পারায় খুব চাপের মধ্যে ছিলাম। নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার গঠন করতে পারলে তারা এই ঋণ মওকুফ করে দেবে। সরকার গঠন করার পর প্রথম কাজ হিসেবে তারা এই ঋণ মওকুফ করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমার বিক্রি করার মতো কিছুই নেই। কোনোভাবেই এই ঋণ শোধ করতে পারতাম না। সরকার আমাকে বাঁচিয়ে দিয়েছে।’
এছাড়াও উপজেলার চাঁচড়া ইউনিয়নের রূপদিয়া গ্রামের কৃষক ইদ্রিস আলী এবং আরবপুর ইউনিয়নের মালঞ্চী গ্রামের কৃষক হায়দার আলীও কৃষিঋণ মওকুফের বিষয়ে তাদের স্বস্তির প্রতিক্রিয়া জানান।
দেশব্যাপী এ কর্মসূচির সিংহভাগ সুবিধা দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটি মোট ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন প্রান্তিক কৃষকের ৬০৪ কোটি ৮১ লাখ টাকা কৃষিঋণ মওকুফ করেছে।
বাকি ৭ লাখ ২৪ হাজার ৮০৩ জন কৃষক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অন্যান্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই সুবিধা পেয়েছেন। তাদের অনুকূলে বাকি প্রায় ৭৪৭ কোটি ৯৩ লাখ টাকা মওকুফ নিশ্চিত করেছে সরকার।
১০ হাজার টাকা পর্যন্ত আসল ও সুদসহ কৃষিঋণ মওকুফ প্রক্রিয়াটি মূলত সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সমন্বয়ে একটি নির্দিষ্ট দাপ্তরিক নীতিমালার মাধ্যমে সম্পন্ন হয়েছে। সাধারণ কৃষকদের যেন কোনো বাড়তি হয়রানির শিকার হতে না হয়, সেজন্য এই প্রক্রিয়াটি ব্যাংকগুলো সরাসরি পরিচালনা করছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে জিডিপিতে কৃষির অবদান ১১ দশমিক ৮৫ শতাংশ। অথচ কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণের লক্ষ্যে ব্যাংকসমূহের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল তাদের মোট ঋণ ও অগ্রিমের মাত্র ২ দশমিক ২৩ শতাংশ এবং নিট ঋণ ও অগ্রিমের মাত্র ২ দশমিক ৯৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক জানায়, এরই প্রেক্ষিতে দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষি খাতে পর্যাপ্ত ঋণ প্রবাহ গুরুত্ব দেওয় হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ব্যাংকগুলোর নিট ঋণ ও অগ্রিমের ৪ শতাংশে উন্নীতকরণের মাধ্যমে ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে। এ লক্ষ্যমাত্রা গত ২০২৫-২০২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫৩ দশমিক ৮৫ শতাংশ বেশি।
২০২৫-২০২৬ অর্থবছরে ব্যাংকগুলো কৃষি ও পল্লী খাতে ৪২ হাজার ৮৩৪ কোটি ১৬ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। নির্ধারিত ৩৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এ বিতরণ ছিল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। আগের ২০২৪-২০২৫ অর্থবছরে বিতরণ করা হয়েছিল ৩৭ হাজার ৩২৬ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে এক বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণ বেড়েছে ৫ হাজার ৫০৭ কোটি ৬৪ লাখ টাকা বা ১৪ দশমিক ৭৬ শতাংশ।
ঋণখেলাপি হওয়ার কারণে অনেক কৃষক নতুন করে ব্যাংক থেকে ঋণ পাচ্ছিলেন না। এই মওকুফের ফলে প্রান্তিক কৃষকরা চড়া সুদের দাদন ব্যবসা বা মহাজনি ঋণ থেকে বেড়িয়ে আনুষ্ঠানিক ব্যাংকিং খাতে ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের অর্থ সরকার সরাসরি সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পরিশোধ করায় গ্রামীণ অর্থনীতিতে অর্থায়নে নিয়োজিত স্থানীয় ব্যাংক শাখা ও বিশেষায়িত ব্যাংকগুলোর তারল্য সংকট দূর হবে। গ্রামীণ অর্থনীতিতে নতুন ঋণপ্রবাহ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের জন্মদিন ভক্তদের কাছে একটি বিশাল উৎসব হিসেবে পরিচিত। নভেম্বর মাসের ২ তারিখ এলেই, মুম্বাইয়ের মান্নাতের সামনে ভক্তদের ভিড় উপচে পড়ে তার এক ঝলক দেখার জন্য। কিন্তু চলতি বছর ভক্তদের জন্য একটি মন খারাপ করা খবর রয়েছে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, শাহরুখ খান আগামী ০২ নভেম্বর ৬১ বছরে পা রাখতে চলেছেন, কিন্তু তিনি সম্ভবত তার চিরচেনা জন্মদিনের ‘উৎসবে’ অংশগ্রহণ করতে পারবেন না। ওই দিন তিনি তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে জানা গেছে, কিং খানের জন্মদিনের দিন তিনি লন্ডনে থাকার পরিকল্পনা করেছেন। সেখানে ‘কিং’ সিনেমার একটি গানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর আগে, মুম্বাইয়ে দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি গানের শুটিং সম্পন্ন করেছেন তিনি। ছবির বাকি অংশের কাজের জন্য এবার তার গন্তব্য যুক্তরাজ্য।
জন্মদিনের এই মিলনমেলা হাতছাড়া হলেও ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। শোনা যাচ্ছে, ডিসেম্বরের ২৪ তারিখে ‘কিং’ সিনেমার মুক্তির আগে ভক্তদের জন্য বিশেষ একটি মিট-অ্যান্ড-গ্রিটের আয়োজন করতে পারেন তিনি।
গত দুই বছর ধরে, শাহরুখ খান মান্নাতের বারান্দায় এসে জন্মদিনের পুরনো ভঙ্গিতে শুভেচ্ছা জানানোর প্রথা থেকে দূরে রয়েছেন। বাড়ির সংস্কার কাজের কারণে বর্তমানে তিনি অন্য জায়গায় সাময়িকভাবে বসবাস করছেন। তাই গত দুই বছর ধরে মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে পাশ নিয়ে বিশেষ ফ্যান মিট আয়োজন করে আসছেন অভিনেতা, যেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার থাকে না।
তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। জন্মদিনের চেনা উদযাপনের পরিবর্তে, শুটিংয়ের ব্যস্ততার কারণে মুম্বাইয়ের বাইরে থাকতে হচ্ছে এই মেগাস্টারকে।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন এবং অনিল কাপুরের মতো তারকাদের। ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজার শহর এবং এর আশপাশের ইউনিয়ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এই অভিযানটি পরিচালিত হয়, যেখানে একজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, বিভিন্ন অপরাধে পাঁচজন এবং পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের সূত্র অনুযায়ী, অভিযানে আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন আসহাব উদ্দিন রাসেল (৩৬)। তিনি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়াপাড়ার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ফলে এক পোশাক শ্রমিকের মৃত্যু ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় অবস্থিত।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন জানালেন, ভবনটির অধিকাংশ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি ঘর নির্মাণ করে পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দেয়া হয়েছিল। একটি কক্ষে সাকিবসহ কয়েকজন পোশাক শ্রমিক ভাড়া থাকতেন।
রাজিব হোসেন আরও জানান, শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলে সাকিব ঘটনাস্থলেই প্রাণ হারান। বিস্ফোরণের ফলে ঘরের দরজা এবং জানালাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও স্থানীয়রা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় তার শারীরিক গঠন নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন। সাংবাদিকের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করার কারণে ট্রাম্প ওই সাংবাদিককে ‘অসুস্থ’, ‘জঘন্য’ এবং ‘দেখতে ভয়াবহ’ বলে মন্তব্য করেন। এমনকি তিনি সাংবাদিককে নিজের শরীরের যত্ন নেওয়ার পরামর্শও দেন।
এই ঘটনা স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঘটে। সাংবাদিকটি সম্প্রতি কানসাস ও আইওয়াতে পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিলের সিদ্ধান্ত এবং ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কথোপকথনের শুরুতে সাংবাদিক জানতে চান, টানা কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালানোর পর অসুস্থ বোধ করায় ট্রাম্প কানসাস সফর বাতিল করেছেন কি না।
এ প্রশ্ন শুনেই ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি সাংবাদিককে বলেন, ‘এমন প্রশ্ন করতে গিয়ে আপনিই অসুস্থ। আপনি অসুস্থ।’ সাংবাদিক জানায়, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। কিন্তু ট্রাম্প তার প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকের কথা বলার ভঙ্গিও নকল করেন।
ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়।’ এরপরও সাংবাদিক যখন জানতে চান, প্রেসিডেন্ট সুস্থ আছেন কি না, তখন ট্রাম্প দাবি করেন, তার স্বাস্থ্য একদম ভালো। তিনি বলেন, ‘আমি গত দুই সপ্তাহ ধরে নিজের অবস্থার দিকে নজর রাখছি। আমার একদম ভালো লাগছে।’
এরপর সাংবাদিককে উদ্দেশ্য করে ট্রাম্প আরও ব্যক্তিগত আক্রমণ করেন। তিনি বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’ ট্রাম্পের সঙ্গে সাংবাদিকের এই উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে যখন তিনি সপ্তাহান্তে কানসাস ও আইওয়ায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন।
আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওই দুই রাজ্যে রিপাবলিকান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মুখে রয়েছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার কানসাসের সালিনায় এবং রোববার আইওয়ার ডুবুকে শহরে ট্রাম্পের নির্বাচনী সমাবেশ করার কথা ছিল।
কানসাস সফর বাতিলের বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না কানসাসে যাওয়া আমার জন্য জরুরি।’ তবে ওই রাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটিও আইওয়ার সমাবেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।
সমাবেশ বাতিলের কারণ নিয়ে প্রশ্ন এবং নিজের স্বাস্থ্য নিয়ে সাংবাদিকের অনুসন্ধানের জবাবে ট্রাম্পের এমন ব্যক্তিগত আক্রমণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: গলফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ