০৫:১৬ পি.এম
বরিশালের কালিজিরা নদী থেকে নিখোঁজের তিন দিন পর মো. নাজমুল মোল্লা (২২) নামের এক অটোরিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) সকালে নগরীর কোতোয়ালি মডেল থানাধীন কালিজিরা তেমাথা এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুল মোল্লা বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আ. রশিদ মোল্লার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ জুন) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। এরপর আর তিনি ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন রোববার (১৪ জুন) কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান
সোমবার সকাল ৭টার দিকে কালিজিরা নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে নাজমুলের পরিবারের সদস্যরা এসে লাশটি শনাক্ত করেন।
হত্যার ধরন ও পুলিশের বক্তব্য
লাশের সুরতহাল দেখে পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা নাজমুলকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর লাশটি আড়াল করতে কাঁথা দিয়ে পেঁচিয়ে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়। চালককে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
ওসি আল মামুন উল ইসলাম আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও সময় নিশ্চিত হওয়া যাবে।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন