০৬:২০ পি.এম
শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের আগ্রহ সর্বোচ্চ স্তরে। ‘বরবাদ’-এর সাফল্যের পর আবারও পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।
সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— শাকিব খানের বিপরীতে কি আবারও দেখা যাবে ইধিকা পালকে?
‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ ঘটে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের অত্যন্ত মুগ্ধ করে। এরপর প্রায় দুই বছর পরে ‘বরবাদ’-এ আবারও একসঙ্গে অভিনয় করেন এই জুটি। সেই সিনেমাতেও তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসনীয় হয় এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।
আরও পড়ুন: চীনের তাইউয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
সাম্প্রতিক সময়ে শাকিব খানের বিপরীতে একাধিক নতুন মুখ দেখা গেলেও, দর্শকদের একটি বড় অংশ এখনও ইধিকাকেই তাঁর সঙ্গে সবচেয়ে মানানসই জুটি হিসেবে বিবেচনা করেন। ফলে নতুন সিনেমার ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত আবারও শাকিব-ইধিকা জুটিকে একসঙ্গে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
দর্শকদের কৌতূহল আরও বেড়ে গেছে শাকিব খানের দেওয়া একটি পোস্টের কারণে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘বরবাদ টিম ফিরছে’।
এরপর থেকে অনেকে প্রশ্ন তুলছেন, যখন প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি, পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খান ফিরছেন, তখন কি সেই টিমের অংশ হিসেবে ফিরবেন ইধিকা পালও?
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, ছবির চিত্রনাট্যের কাজ এখনও শেষ পর্যায়ে রয়েছে। তাই নায়িকা নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে শ্রীদেবীর মন্তব্য প্রকাশ
কালের কণ্ঠকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত শাকিব খানই চূড়ান্ত হয়েছেন। যেহেতু এখনও স্ক্রিপ্টিং শেষ হয়নি তাই নায়িকার বিষয়টি এখনই বলা যাচ্ছে না।’
ইধিকা পাল আবারও এই সিনেমায় থাকবেন কি না— এমন প্রশ্নের জবাবে শাহরীন সুমি বলেন, ‘আমাদের শর্ট লিস্টে তিন-চারজন নায়িকা রয়েছেন, যাদের কথা আমরা ভাবছি।
স্ক্রিপ্টিং শেষ হলে হয়তো চরিত্র অনুযায়ী আমরা তাদের সঙ্গে কথা বলব। তবে হ্যাঁ, সেই শর্টলিস্টে ইধিকা পাল আছেন, এতটুকু বলতে পারি। তবে নায়িকা চূড়ান্ত হবার খবরটি আশা করি আগস্টের শেষ দিকে দিতে পারব।’
প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।
আরও পড়ুন: বরগুনায় অবৈধ কারখানায় নামিদামি কোম্পানির মবিল তৈরি
থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবির দৃশ্যধারণ হবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে। আগামী বছরের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন