০১:৫২ পি.এম
জলবায়ু পরিবর্তনের প্রভাব, চরম খরা ও সেচের কারণে তীব্র আর্থিক লোকসানের সম্মুখীন হয়ে বিকল্প চাষাবাদের দিকে ঝুঁকছেন তুরস্কের কৃষকরা। সরকারি বা আন্তর্জাতিক সহযোগিতার জন্য অপেক্ষা না করে, খরাপ্রবণ পশ্চিমাঞ্চলের কৃষকরা কয়েক দশকের তুলা চাষ ছেড়ে কম পানি ও কম খরচের গম এবং সূর্যমুখী রোপণ শুরু করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্কের মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় ৫ শতাংশ আসে কৃষি খাত থেকে। দেশের মোট ব্যবহৃত পানির ৭৯ শতাংশ কৃষিতে ব্যবহৃত হয়, যার প্রায় অর্ধেক অদক্ষ সেচব্যবস্থার কারণে নষ্ট হয়ে যায়। ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ ৩১) শুরু হতে যাওয়ার ঠিক আগে মাঠ পর্যায়ের কৃষকরা জানাচ্ছেন, অতিরিক্ত সেচ খরচ এবং জ্বালানি ও সারের দামের সঙ্গে তাল মেলাতে না পেরে তারা বাধ্য হয়ে ফসল পরিবর্তন করছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, তুরস্ক এক সময় বিশ্বের অষ্টম বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ ছিল, কিন্তু বর্তমানে তুলা চাষ আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে বীজ তুলা উৎপাদন আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ কমে ১২ লাখ মেট্রিক টনে নেমে আসতে পারে। সোকে অঞ্চলের কৃষকরা খরার কারণে তুলা চাষের জমি প্রায় ৬০ শতাংশ কমিয়ে এনেছেন। অন্যদিকে মার্কিন কৃষি বিভাগের মতে, ২০২৬-২৭ মৌসুমে দেশটির তুলা চাষ আরো ৩০ শতাংশ কমে ২,৭৫,০০০ হেক্টরে নেমে আসতে পারে।
আরও পড়ুন: চীনের তাইউয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
পানিসংকটের পাশাপাশি, তুরস্কের বিদ্যমান সেচ অবকাঠামোও বেশ দুর্বল। নদী ও বাঁধের অপরিশোধিত পানি ব্যবহারের কারণে পাইপ ও ড্রিপ হোস আটকে নষ্ট হয়ে যায়। আন্তর্জাতিক সংস্থা এফএও এবং ব্যাংকগুলোর তরফ থেকে প্রযুক্তি ও টেকসই অর্থায়নের কিছু উদ্যোগ থাকলেও, মূলধন ও জামানতের অভাবে ক্ষুদ্র কৃষকরা তার সুফল পাচ্ছেন না।
বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, দ্রুত টেকসই পদক্ষেপ না নিলে সেচের পানি ১০ শতাংশ কমে গেলে তুরস্কের জিডিপির প্রায় ৬ শতাংশ বা ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। (কপ ৩১) সম্মেলনে রাষ্ট্রীয় ও বেসরকারি অর্থায়নের নতুন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও, বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল কাগজ-কলমের প্রতিশ্রুতি নয়, বাস্তব সহায়তা সরাসরি কৃষকদের হাতে পৌঁছানোই হবে এই সংকটের মূল সমাধান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন