০৭:৩৬ পি.এম
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন বলেছেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের আহ্বান করেন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে।
সোমবার (২৯ জুন) সকালে গুলশানে ইউনাইটেড হাসপাতালের পাশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
আফাজ উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে উত্তরার প্রায় ৬ কিলোমিটার লেক পরিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন
তিনি আরও বলেন, যারা জনপ্রতিনিধি হয়েছেন কিংবা ভবিষ্যতে জনপ্রতিনিধি হতে চান, তাদের এখন থেকেই জনসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়া উচিত। বিশেষ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করলে জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়বে।
আফাজ উদ্দিন উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও সচেতন নগর গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এক্ষেত্রে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত।
তিনি জানান, পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করা হবে। সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বনায়নের কোনো বিকল্প নেই।
এই সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এলাকাজুড়ে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ বাবু আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন