০৮:২৩ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরানের নেতারা অত্যন্ত ‘শক্তিশালী’ এবং ‘অহংকারী’। এই কারণে চলমান যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা এখনো কোনো চুক্তিতে সম্মত হয়নি। তবে ট্রাম্প আরও বলেন, শেষ পর্যন্ত তাদের চুক্তিতে আসা ছাড়া আর ‘কোনো বিকল্প নেই’ বলেও মন্তব্য করেন।
স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) উইসকনসিনের চিপেওয়া ফলসে এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, ‘তারা শক্তিশালী ও অহংকারী। এমন কিছু বিষয় আছে, যা তারা কখনও করবে বলে ভাবেনি। কিন্তু তাদের আর কোনো উপায় নেই। এসব করতে কিছুটা সময় লাগে।’
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের আলোচনা যখন চলছে, তখনই ট্রাম্পের এই বক্তব্য এসেছে। চলমান যুদ্ধ গত সপ্তাহে চতুর্থ মাসে গড়িয়েছে।
গত এপ্রিল মাসে দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা বেশ কয়েক দফা বাড়ানো হয়েছে। তবে সম্প্রতি হরমুজ প্রণালির কাছে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার কংগ্রেস সদস্যদের জানান, ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলাগুলো ছিল ‘আত্মরক্ষামূলক’ এবং হরমুজ প্রণালির কাছে জাহাজে ইরানি হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।
রুবিও বলেন, ‘আমাদের বাহিনীকে রক্ষা করতে আমরা শুধু ড্রোন নয়, যেখান থেকে ড্রোন ছোড়া হয় সেখানেও হামলা করি। এগুলো সম্পূর্ণ আত্মরক্ষামূলক পদক্ষেপ। তারা যদি জাহাজে হামলা না করত, তাহলে আমরাও হামলা করতাম না।’
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
সংঘাতের ফলস্বরূপ বেশ কয়েক মাস আগে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, যা ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছে।
সাক্ষাৎকারে দ্রুত যুদ্ধ শেষ করতে চাপ দেওয়া সমালোচকদেরও ট্রাম্প আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘এসব বিষয় শেষ করতে বছরের পর বছর লেগে যায়।’
ইরানি নেতাদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা ৪৭ বছর ধরে লড়াই করছে। তারা আমেরিকানদের হত্যা করেছে।’ ইরান যুদ্ধকে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, ‘আমি খুব দ্রুত এগোচ্ছি। আমি মাত্র তিন মাসে আছি। ভিয়েতনাম যুদ্ধ ১৯ বছর ধরে চলেছিল। অথচ সবাই জানতে চায়— কবে জিতবেন?’
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করেছে। তবে ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রয়েছে।
আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে
তার ভাষায়, ‘ড্রোন কারখানার বেশিরভাগ ধ্বংস হয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর বেশিরভাগ ধ্বংস হয়েছে, উৎপাদন কেন্দ্রগুলোরও বড় অংশ ধ্বংস হয়েছে। কিন্তু তাদের এখনও কিছু সক্ষমতা রয়েছে।’ তিনি আরও দাবি করেন, ইরানের আগের তুলনায় এখন প্রায় ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা অবশিষ্ট রয়েছে।
তবে চলতি সপ্তাহে পারস্য উপসাগরজুড়ে একাধিক হামলা চালিয়ে ইরান দেখিয়েছে যে তারা এখনও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা ধরে রেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন