০১:৪৮ পি.এম
সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, "নীতিমালার অধীনে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে।" এ বিষয়ে দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম ধানমণ্ডি লেকের উন্নয়নকাজ সম্পর্কে জানান, লেকের খননসহ বিভিন্ন উন্নয়নকাজে ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’। সেখানে লাইব্রেরি স্থাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।
আরও পড়ুন: বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ফেসলক ও নিজস্ব প্রেসে মুদ্রণ
তিনি আরও বলেন, "ধানমণ্ডির মনোরম পরিবেশ সংরক্ষণ, এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই লেকের উন্নয়ন ও খননকাজ করা হচ্ছে।"
এদিকে, ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যাটারিচালিত রিকশার মালিক-শ্রমিক নেতারা। তারা একই সঙ্গে অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন।
মালিক-শ্রমিকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় আনতে হবে। দীর্ঘদিন ধরে ব্যবসা করা মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়ার দাবিও তারা জানিয়েছেন।
এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। পরে তারা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর ফলে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার
বিক্ষোভের সময় কাকরাইল মোড়ে সদরঘাট-গাজীপুর রুটে চলাচলকারী ভিক্টর ক্লাসিক গোল্ড সিটি নামের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরাও দিগ্বিদিক ছোটাছুটি করেন।
এ সময় আন্দোলন ছেড়ে অটোরিকশা চালিয়ে সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করা কয়েকজন চালককে আন্দোলনকারীরা মারধর করেছেন বলেও অভিযোগ পাওয়া যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন