ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ধরা


৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যমানের ৪৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

মঙ্গলবার (১৬ জুন) রাত সোয়া ১১টার সময় শ্রীপুরের পৌরসভার সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রুমান (৩২) এবং মহসীন (৪০)।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকার (ফরেস্ট রেঞ্জ অফিসের পেছনে) খালেক গার্ডের বাড়িতে মাদক কেনাবেচার প্রস্তুতি চলছিল এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই বাড়ীতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুমান এবং মহসীনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে। তাদেরকে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আনাদোলুর প্রতিবেদন

‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৫৮ এম


‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বহুল আলোচিত সমঝোতা চুক্তির খসড়া পর্যালোচনা করার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানানো হয়েছিল তেল আবিবের পক্ষ থেকে। কিন্তু যুক্তরাষ্ট্র সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ফলে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে সই হতে যাওয়া ওই চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনও ইসরায়েলের কাছে অজানা রয়ে গেছে, এমনটাই প্রতিবেদনে উঠে এসেছে।

যেমনটি জানা গেছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সমঝোতা স্মারকটি দেখার জন্য ইসরায়েলের তরফ থেকে করা একটি অনুরোধ নাকচ করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে সেই বিষয়ে দাবি করা হয়েছে। মঙ্গলবার চ্যানেল ১২-এর প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তারা স্মারকটি পর্যালোচনার সুযোগ চাইলেও ওয়াশিংটন সে বিষয়ে সাড়া দেয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও ইসরায়েলের কাছে পৌঁছায়নি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সমঝোতা সই হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে একটি সূত্র ভিন্ন তথ্য দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি আনাদোলুকে জানিয়েছেন যে, তেল আবিব যুক্তরাষ্ট্রের আলোচকদের কাছে এ ধরনের কোনো অনুরোধ জানায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা চ্যানেল ১২-এর প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন, তিনি এটিকে ‘ভুল’ হিসাবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, পুরো আলোচনা প্রক্রিয়া জুড়ে ওয়াশিংটন ইসরায়েলসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারকের প্রতিটি শব্দ নিজেরা পর্যালোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নথিটির বিষয়বস্তু কবে প্রকাশ করা হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান, কোন পক্ষই সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি। তবে ইরানি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এতে মোট ১৪টি ধারা রয়েছে।

প্রকাশিত বিভন্ন প্রতিবেদনের দাবি অনুসারে, এসব ধারার মধ্যে রয়েছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনার প্রত্যাহার, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান পুনর্গঠনের একটি পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি সই হবে এবং এরপর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। যদিও সমঝোতা স্মারকের বিস্তারিত শর্তাবলী সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৫৮ এম


গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে ঐতিহাসিক ড্রয়ের পর আবেগঘন মন্তব্য করে আলোচনায় আসেন কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহা। তিনি জানান, ভিসা-সংক্রান্ত খরচের কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি।

স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে ভোজিনহা বলেন, সময়মতো প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না হওয়ায় তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। তিনি চেয়েছিলেন, তার মা মাঠে উপস্থিত থেকে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হোন।

আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএনের প্রতিবেদনের বরাতে জানা যায়, এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভোজিনহার মাকে যুক্তরাষ্ট্রে আনার বিষয়ে তারা সহায়তার চেষ্টা করছে।

পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ভোজিনহার মায়ের নামে এখন পর্যন্ত কোনো ভিসা আবেদনের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের জন্য ভিসা জামানতের নিয়ম শিথিল করা হয়েছে। এ কারণে বিষয়টি সমাধানে খেলোয়াড়ের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।

সিএনএনের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই। তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়, কোচ, সহায়ক কর্মী ও তাদের নিকটাত্মীয়রা নির্ধারিত শর্ত পূরণ করলে ভিসা জামানত ছাড়াই আবেদন করতে পারবেন।

৪০ বছর বয়সী ভোজিনহা বর্তমানে পর্তুগালের দ্বিতীয় স্তরের এক ক্লাবে খেলেন। স্পেনের বিপক্ষে ম্যাচে তিনি সাতটি দুর্দান্ত গোল রক্ষা করে দলের জন্য ঐতিহাসিক ফল এনে দেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্ডে ফুটবল ইতিহাসের অন্যতম বড় সাফল্য অর্জন করে। মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশটিতে এই সাফল্য নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভোজিনহার জনপ্রিয়তাও হঠাৎ বেড়ে গেছে। কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে বেড়ে প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্বকাপে কেপ ভার্ডের পরবর্তী ম্যাচ আগামী রোববার (২১ জুন) উরুগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ এম


মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

লিওনেল মেসি সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন। ক্যারিয়ারের শেষ সময়ে মাঠে তিনি জাদু দেখালেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। এই ম্যাচে তিনটি গোল করেছেন লিওনেল মেসি।

মেসির জন্য এটি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। ইতিমধ্যে, তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরারও হয়ে উঠেছেন। ১৬ গোল করে, তিনি যৌথভাবে জার্মান কিংবদন্তি ক্লোজারের সঙ্গে শীর্ষে রয়েছেন।

আফ্রিকার আলজেরিয়া পুরো ম্যাচে ছোট ছোট কিছু আক্রমণ সাজালেও, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চাপে ফেলতে ব্যর্থ হয়েছে। প্রথম হাফে আর্জেন্টিনার যে খেলাধুলার ধারাবাহিকতা ছিল, তা দ্বিতীয় হাফে পরিবর্তিত হয়। তারা আক্রমণের হার বৃদ্ধি করে।

ম্যাচের প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে। দ্বিতীয় হাফে মেসি গোল করেন ৬০ এবং ৭৬তম মিনিটে, যার মাধ্যমে তিনি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এবং আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন।

এছাড়াও, মেসি এই ম্যাচে বেশকিছু রেকর্ডও গড়েছেন। আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বকাপ যাত্রার গল্পে একটি ঐতিহাসিক অধ্যায় যোগ করেছেন। ঠিক দুই দশক আগে যেদিন তিনি ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবার পা রেখেছিলেন, সেদিনেই নতুন একটি অনন্য রেকর্ড গড়লেন। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে, তিনি বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে নাম লিখিয়েছেন।

এদিকে, এদিন মাঠে নেমে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তিনি পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন।

আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান, শুনেছেন ও বললেন নিজের জীবনের কথা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৮ এম


শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান, শুনেছেন ও বললেন নিজের জীবনের কথা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার ৯০ জন শিশুশিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান আড্ডায় মাতলেন। তিনি প্রত্যেক শিশুকে কাছে ডেকে তাদের কথা শুনেছেন এবং নিজের জীবনের কথা শেয়ার করেছেন। আজ কথা বলার মধ্যে তিনি অনেক স্বপ্নের কথাও বলেছেন।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আড্ডাটি চলে। এ আয়োজন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া।

অনুষ্ঠানে উপস্থিত একাধিক সূত্র জানায়, জাইমা রহমান শিশুদের কাছে তাদের ইচ্ছার কথা জানতে চান এবং তাদের বুঝানোর চেষ্টা করেন যে পড়ালেখার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়ে অভিজ্ঞতাও অর্জন করতে হবে।

এ সময় জাইমা রহমান নিজের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি শিশুদের কাছে জানতে চান, তারা রান্না করতে পারে কি না। অনেক শিশু হ্যাঁ বলার পর, তাদের এলাকায় গেলে তারা কী খাওয়াবে তাও জানতে চান। শিশুরা জানায়, তারা বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তখন জাইমা রহমান ইলিশ মাছের সঙ্গেও বিরিয়ানি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

এই বিষয়ে আখাউড়ার রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান ওসমান রাহিন বলেন, "আমার খুব ভালো লেগেছে। প্রধানমন্ত্রীকন্যা এত কাছে এসে আমাদের সঙ্গে গল্প করবেন ভাবতে পারিনি। তিনি আমাদের বলেছেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে।"

উপস্থিত সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বাবলী মন্তব্য করেন, "প্রধানমন্ত্রীকন্যার সঙ্গে শিশুরা বেশ ভালো সময় কাটিয়েছে। তিনি প্রত্যেক শিশুকে কাছে ডেকে তাদের কথা শুনেছেন এবং নিজের জীবনের কথা বলেছেন। অনেক স্বপ্নের কথা বলেছিলেন।"

আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া বলেন, "প্রধানমন্ত্রীকন্যার সঙ্গে আলোচনা করতে পেরে শিশুরা খুব অনুপ্রাণিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও এটা নিয়ে বেশ আনন্দিত। প্রধানমন্ত্রীকন্যা শিশু শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নিজের বিষয় শেখানোও করেছেন।"

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া জানান, "আসলে আমরা আশা করিনি প্রধানমন্ত্রীকন্যা এত বেশি সময় দেবেন এবং সব শিশুর কাছ থেকে সময় নিয়ে কথা শুনবেন। বিষয়টি শিশুদের খুব অনুপ্রাণিত করেছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%