ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

আগামী ৫ দিন যেসব এলাকায় হতে পারে ভারী বর্ষণ


আগামী ৫ দিন যেসব এলাকায় হতে পারে ভারী বর্ষণ

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। পাশাপাশি প্রথম দুই দিনে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

শনি ও রবিবার (২২-২৩ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দুই দিনে দেশের কোথাও কোথাও মধ্যম থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সোম ও মঙ্গলবার (২৪-২৫ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়েও কোথাও কোথাও মধ্যম থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছেন। সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২৬ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির পরও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ এম


বৃষ্টির পরও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

বিশ্বজুড়ে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজ চলমান থাকার ফলে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। এই প্রেক্ষাপটে, আজ (শনিবার, ২২ আগস্ট) সকালে বৃষ্টির পরেও বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

ঢাকার বায়ুমান স্কোর ১৬১, যা বাতাসের এই অবস্থার মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে।

ন্যায় আন্তর্জাতিক পর্যায়ের একটি সুপরিচিত সংস্থা সুইজারল্যান্ডভিত্তিক এয়ার কোয়ালিটি ইনডেক্স বা আইকিউএয়ারের সূচক অনুসারে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং, যার দূষণের স্কোর ১৮৭, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। দ্বিতীয় স্থানে আছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৬৫ এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় শহর কলকাতা, যার স্কোর ১৬২।

ঢাকার পরের অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসা, বাহারাইনের মানামা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মতো শহরগুলো, যেগুলোও দূষণে উচ্চ অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে ‘অনেক ভালো’ হিসেবে ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ বলে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ এর স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর অতিরিক্ত স্কোর ৩০১-এর বেশি হলে সেটাকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ এম


পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি

পর্তুগালে প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন আইনে বোরকাসহ মুখ ঢেকে রাখার যেকোনো ধরনের আবরণ নিষিদ্ধ করা হয়েছে।

আইন ভঙ্গ হলে ১৫০ ইউরো থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো এই সপ্তাহেই নতুন আইনের কার্যকরের ঘোষণা দিয়েছেন। আইনটি পর্তুগিজ গণমাধ্যমে ‘বোরকা আইন’ হিসেবে পরিচিতি লাভ করেছে।

আইনে নির্দিষ্ট কোনো ধর্মীয় পোশাকের নাম উল্লেখ করা হয়নি। তবে লোকেরা মনে করছে যে মুখ আংশিক বা পুরোপুরি ঢেকে রাখা মুসলিম নারীদের পোশাককে লক্ষ্য করেই এই আইন করা হয়েছে।

নতুন আইনে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। স্বাস্থ্যগত, পেশাগত, শৈল্পিক বা আবহাওয়াজনিত কারণে মুখ ঢেকে রাখার অনুমতি থাকবে। উপাসনালয়, কূটনৈতিক মিশন এবং বিমানের ভেতরেও নিষেধাজ্ঞাটি প্রযোজ্য হবে না।

আইনে বলা হয়েছে, লিঙ্গ, ধর্ম, বয়স বা জাতিগত পরিচয়ের কারণে কাউকে জোর করে মুখ ঢাকতে বাধ্য করা যাবে না। প্রেসিডেন্ট সেগুরো এক বিবৃতিতে বলেছেন, মানুষের মুখ তাদের পরিচয় ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মুখ উন্মুক্ত থাকা পর্তুগিজ সমাজে পারস্পরিক আস্থা ও সামাজিক যোগাযোগের একটি ভিত্তি।

তবে তিনি বিষয়টিকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হিসেবেও স্বীকার করেছেন। প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় অধিকার, লৈঙ্গিক সমতা ও সামাজিক সংহতির মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন।

ডানপন্থী শেগা পার্টির উত্থাপিত বিলটির চূড়ান্ত সংস্করণ গত জুলাইয়ে পার্লামেন্টে অনুমোদিত হয়। মধ্য-ডানপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিও এতে সমর্থন দেয়। ক্ষমতাসীন ডানপন্থী জোট ও কট্টর ডানপন্থীরা নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিলেও বামপন্থী দলগুলো এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

পর্তুগালের কয়েকটি আইনজীবী সংগঠন আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে সোশ্যালিস্ট পার্টি, লিভরে ও কমিউনিস্ট পার্টি সতর্ক করে বলেছে, এ ধরনের আইন ইসলামীবিদ্বেষকে উসকে দিতে পারে। ২০১১ সালে ফ্রান্স ইউরোপের প্রথম দেশ হিসেবে প্রকাশ্যে পূর্ণ মুখাবরণ নিষিদ্ধ করে। পরবর্তীতে বেলজিয়াম, বুলগেরিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, লুক্সেমবার্গসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ একই ধরনের বিধিনিষেধ আরোপ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেনের স্কুলে ছুড়িকাঘাতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ এম


সুইডেনের স্কুলে ছুড়িকাঘাতে নিহত ১

সুইডেনের মধ্যাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই কিশোর।

আরো একজন সামান্য আহত হয়েছে। দেশটির পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর ফাগেরস্তা শহরের ব্রিনেল স্কুলে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে গ্রেপ্তারের আগে কর্মকর্তারা তার দিকে গুলি ছোড়েন। পরে তাকে আটক করা হয়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার পরে নিরাপত্তার কারণে আশপাশের আরও আটটি স্কুলের শিক্ষার্থী ও কর্মীদের কিছু সময়ের জন্য ভবনের ভেতরে রাখা হয়।

পরে তাদের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়া হয়। একই সময়ে ভেস্টম্যানল্যান্ড অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।

সুইডেনের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হামলার সময় সন্দেহভাজনের মাথায় হেলমেট ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণ ব্রিনেল স্কুলের সাবেক শিক্ষার্থী। হামলার কারণ কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এখন সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলাটিকে ‘গুরুতর ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হামলার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি। তবে পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফও ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, খবরটি তিনি ‘হতাশা ও দুঃখের সঙ্গে’ পেয়েছেন। হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবার ও স্বজনদের কথাও তিনি মনে রেখেছেন বলে জানান। গ্রীষ্মের ছুটির পর শিক্ষার্থীরা সম্প্রতি ব্রিনেল স্কুলে ফিরেছিল। নতুন শিক্ষাবর্ষ এ সপ্তাহের সোমবার বা বুধবার শুরু হয়েছিল বলে জানা গেছে। সুইডেনের সরকারি সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রিনেল স্কুলে ৫০০ জনেরও কম শিক্ষার্থী রয়েছে। রাজধানী স্টকহোম থেকে স্কুলটির দূরত্ব প্রায় ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সাম্প্রতিক বছরগুলোতে সুইডেনে শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কয়েকটি সহিংস হামলার ঘটনা ঘটেছে।

২০২৫ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। ওরেব্রোর একটি প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্রে বন্দুক হামলায় হামলাকারীসহ ১১ জন নিহত হন। ওই ঘটনার পর সুইডেন সরকার দেশটির অস্ত্র আইন আরও কঠোর করে। তদন্তে জানা যায়, হামলার সন্দেহভাজনের নামে বৈধভাবে চারটি রাইফেল ছিল। এর মধ্যে তিনটি রাইফেল ঘটনাস্থল ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায়। এর আগে ২০২২ সালে মালমোর একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহিংস হামলায় দুই শিক্ষক নিহত হন। পরে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী ওই হামলার দায় স্বীকার করেন। ২০১৫ সালে ত্রোলহেত্তানের একটি স্কুলে তলোয়ার নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫ এজেন্সি, তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ এম


মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫ এজেন্সি, তালিকা প্রকাশ

মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ার ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিউসিএমএস) পোর্টালে বাংলাদেশ সরকারের নিবন্ধিত ২৫টি রিক্রুটিং এজেন্ট এবং ৪৬টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা উন্মোচন করা হয়েছে।

তবে এই তালিকা প্রকাশের বিষয়ে বাংলাদেশ বা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো যৌথ ঘোষণা দেয়া হয়নি। তবে পোর্টালে এই তথ্য প্রকাশ হওয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরুর একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্রকাশিত তালিকায় নির্ধারিত ২৫টি রিক্রুটিং এজেন্ট এবং ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৪৬টি মেডিকেল সেন্টারের বিস্তারিত নিম্নরূপ:

অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্টের মধ্যে অন্তর্ভুক্ত: বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, আন্নেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-বায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, এবং দ্য অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৪৬টি স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল) কেন্দ্রের মধ্যে কিছু উল্লেখযোগ্য হল: ক্যাথার্সিস মেডিকেল সেন্টার লিমিটেড, রাজধানী ডিজিটাল মেডিকেল সার্ভিসেস লিমিটেড, মেডিসন মেডিকেল সার্ভিসেস লিমিটেড, মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, আল মহা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সার্ভিস, আল হুমায়রা হেলথ সেন্টার লিমিটেড, মীম মেডিকেল সেন্টার, ফেয়ারওয়েজ মেডিকেল সেন্টার, আল-হামাদ মেডিকেল সেন্টার লিমিটেড, গুলশান মেডিকেয়ার, সিলমুন ডায়াগনস্টিক সেন্টার, আল-ঘোফিলি মেডিকেল সেন্টার লিমিটেড, এসকেএন হেলথ সার্ভিসেস, ল্যাব সাইন্স ডায়াগনস্টিক, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ইউনিক্যাল মেডিকেল সার্ভিসেস, লাইফ ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, পুষ্প ক্লিনিক, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, জাইন মেডিকেল লিমিটেড, আল্ট্রা কেয়ার হেলথ সেন্টার, অ্যাপেক্স ডায়াগনস্টিক সার্ভিস, গ্রীন ক্রিসেন্ট মেডিকেল ডায়াগনস্টিক, এ. রহমান মেডিকেল সেন্টার, গ্রীন ক্রিসেন্ট মেডিলেব, ভিক্টোরিয়া হেলথকেয়ার লিমিটেড, অরবিটালস মেডিকেল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, রেইনবো হার্টস মেডিকেল সেন্টার, হাই কেয়ার জেনারেল হাসপাতাল, আল হায়াত মেডিকেল লিমিটেড, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, নোভা মেডিকেল সেন্টার, আরএক্স মেডিকেল সেন্টার লিমিটেড, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড, গুলশান ক্লিনিক লিমিটেড, ওয়েলকাম ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, সান লাইট ডায়াগনস্টিক সেন্টার, লিডিং হেলথ চেক আপ লিমিটেড, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ডিজিলেব মেডিকেল সার্ভিসেস লিমিটেড, আল-ফালাহ মেডি-কম ক্লিনিক (প্রাঃ) লিমিটেড, জান্নাহ মেডিকেল সার্ভিসেস এবং পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%