০২:০৪ পি.এম
ডাকাতির অভিযোগে উজ্জ্বল (৩৫) নামের একজন যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে আটকে আছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার রাতে শহরের ষষ্টিতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে বিজিবির পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি এবং দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উজ্জ্বল বেনাপোল পোর্ট থানা এলাকার গোগা গ্রামের আবুল কাশেমের পুত্র।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ষষ্টিতলা এলাকার ওই তিনতলা ভবনে অভিযান চালায়। তখন অভিযুক্তের ফ্ল্যাট তল্লাশি করে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উজ্জ্বল দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর পোশাক পরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও রাস্তায় ডাকাতি করে আসছিলেন বলে একাধিক অভিযোগ রয়েছে।
যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, উজ্জ্বলের বিরুদ্ধে এর আগে যশোরের বিভিন্ন থানায় দায়ের হওয়া ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন