১২:২২ পি.এম
নিউজিল্যান্ডের রাজনীতিতে তরুণ মাওরি নেতাদের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরিচয়, সাংস্কৃতিক অধিকার এবং নীতিনির্ধারণে মাওরিদের অংশগ্রহণের দাবি নিয়ে সক্রিয় এই নতুন প্রজন্ম দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে। সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, দেশটির ৫৫তম পার্লামেন্টে অন্তত নয়জন নতুন মাওরি সংসদ সদস্য যোগ দিতে যাচ্ছেন।
২০২৩ সালের নির্বাচনে মাওরিদের প্রতিনিধিত্ব একটি রেকর্ড স্থাপন করেছে। এবারের নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নতুন নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে তরুণ এবং বামঘেঁষা রাজনীতিকদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্যণীয়।
৪৭ বছর বয়সী আইনজীবী তানিয়া ওয়াইকাতো তাদের মধ্যে একজন। তিনি গত তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নীতির সমালোচনা করে আসছেন এবং নিউজিল্যান্ডের প্রতিষ্ঠাকালীন ওয়াইতাঙ্গি চুক্তির গুরুত্ব তুলে ধরে ভোটারদের উৎসাহিত করেছেন। গ্রিন পার্টি থেকে নির্বাচিত হওয়ার পর তিনি এবার পার্লামেন্টে থেকে সেই অবস্থান তুলে ধরতে চান।
আরও পড়ুন: জেলেনস্কির আহ্বান, স্টারলিংক সংযোগের ধীরগতির বিরুদ্ধে ইতিহাসের সঠিক পক্ষে থাকার জন্য
ওয়াইকাতো জানান, তার প্রধান লক্ষ্য ওয়াইতাঙ্গি চুক্তিকে আরও সুপ্রতিষ্ঠিত করা। তবে বিরোধী দলে থেকে এ লক্ষ্য অর্জন কঠিন হবে বলে তিনি মনে করেন। কারণ, তার ভাষায়, চুক্তির ভিত্তিকে দুর্বল করে এমন কয়েকটি বিল এগিয়ে নেওয়া হচ্ছে।
নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে প্রায় চার লাখ ভোট—মোট ভোটের প্রায় ১৪ শতাংশ—গণনা বাকি রয়েছে। চূড়ান্ত ফল ২৭ নভেম্বর ঘোষণা করার কথা।
ওয়াইতাঙ্গি চুক্তি ঘিরে বিতর্ক
নিউজিল্যান্ডের রাজনৈতিক এবং আইনি কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ১৮৪০ সালে ব্রিটিশ রাজমুকুট এবং ৫০০-এর বেশি মাওরি নেতার মধ্যে স্বাক্ষরিত ওয়াইতাঙ্গি চুক্তি। চুক্তিটির ইংরেজি এবং মাওরি ভাষার সংস্করণে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ফলে এর ব্যাখ্যা এবং প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে মাওরিদের সঙ্গে রাষ্ট্রের বিরোধ চলমান রয়েছে।
আরও পড়ুন: ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই: প্রেসিডেন্ট নোবোয়া
নতুন মাওরি সংসদ সদস্যদের কাছে সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক বৈষম্যও একটি বড় বিষয়। নিউজিল্যান্ডে মাওরিদের বেকারত্বের হার ১০ দশমিক ৯ শতাংশ, যেখানে জাতীয় গড় ৫ দশমিক ৭ শতাংশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব বাস্তবতা তরুণ মাওরি রাজনীতিকদের উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের রাজনীতির সহযোগী অধ্যাপক লারা গ্রিভসের মতে, মাওরি জনগোষ্ঠীর মধ্যে প্রজন্মগত পরিবর্তন ঘটেছে। নতুন প্রজন্ম নিজেদের পরিচয় নিয়ে গর্বিত এবং মাওরি সংস্কৃতি ও রাজনৈতিক অধিকারের পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নিচ্ছে।
নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় ১৭ দশমিক ৫ শতাংশ মাওরি। সরকারি তথ্য অনুযায়ী, ২০৩৮ সালের মধ্যে এ হার বেড়ে ২০ শতাংশে পৌঁছাতে পারে। দেশটির শিশুদের এক-তৃতীয়াংশ তখন মাওরি জনগোষ্ঠীর হতে পারে।
ভাষা এবং সংস্কৃতির পুনর্জাগরণে তৈরি নতুন নেতৃত্ব নির্বাচনের আগে মাওরি সংসদ সদস্যদের প্রায় অর্ধেকের বয়স ছিল ৫০ বছরের নিচে। তাদের অনেকেই বেড়ে উঠেছেন মাওরি ভাষা এবং সংস্কৃতির পুনর্জাগরণের সময়। এ সময় ‘কোহাঙ্গা রেও’ নামে মাওরি ভাষাভিত্তিক প্রাক্প্রাথমিক শিক্ষাকেন্দ্র, ‘কুরা কাপাপা মাওরি’ এবং ভাষানির্ভর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তার ঘটে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে
এ ধরনের শিক্ষাব্যবস্থা নতুন প্রজন্মের রাজনীতিকদের মাওরি সমাজের নিজস্ব জগৎ ‘তে আও মাওরি’ এবং আধুনিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে স্বচ্ছন্দে চলাফেরা করতে সহায়তা করেছে। তাদের কাছে ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা কেবল আনুষ্ঠানিক আয়োজনের বিষয় নয়; বরং রাষ্ট্রের নীতিনির্ধারণেও এসবের প্রতিফলন চান তারা।
২০২৩ সালের নির্বাচনে এ পরিবর্তনের অন্যতম প্রতীক হয়ে ওঠেন হানা-রাওহিতি মাইপি-ক্লার্ক। মাত্র ২১ বছর বয়সে তিনি মাওরি আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতাকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে মাওরিদের জন্য নির্ধারিত সাতটি আসনে তরুণ ও নতুন নেতৃত্বের প্রতি ভোটারদের সমর্থনের বিষয়টি সামনে আসে।
পরে ওয়াইতাঙ্গি চুক্তির নীতিমালা নতুন করে ব্যাখ্যার উদ্যোগ নেওয়া একটি বিতর্কিত বিলের প্রথম পাঠের সময় পার্লামেন্টে হাকা নৃত্যের নেতৃত্ব দেন তিনি। এ ঘটনায় পার্লামেন্টের প্রচলিত রীতিনীতি নিয়েও আলোচনা তৈরি হয়।
তানিয়া ওয়াইকাতো নিজেকে ওই তরুণ প্রজন্মের চেয়ে কিছুটা বয়সে বড় বলে মনে করেন। তাঁর ভাষায়, তিনি ‘হাইব্রিড প্রজন্মের’ অংশ। তবে দেশটির পূর্বাঞ্চলীয় তে তেকো এলাকায় প্রথম দিককার দ্বিভাষিক স্কুলগুলোর একটিতে পড়াশোনা করেছেন তিনি। নিজের ১৩ বছর বয়সী ছেলের উদাহরণ দিয়ে ওয়াইকাতো বলেন, স্কুলের শিক্ষা তাকে বড়দের পরিসরেও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে শিখিয়েছে।
আরও পড়ুন: নোবেল শান্তি পুরস্কার জয়ে আশাবাদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
রাজনীতিতে ভিন্ন দৃষ্টিভঙ্গি আনতে চান তরুণেরা। গ্রিন পার্টির ২৯ বছর বয়সী সংসদ সদস্য তামাথা পল সরাসরি কোহাঙ্গা রেও প্রজন্মের প্রতিনিধি। নিউজিল্যান্ডের মধ্যাঞ্চলের একটি শ্রমজীবী মাওরি ও প্রশান্ত মহাসাগরীয় জনগোষ্ঠীর পরিবারে বেড়ে ওঠা পল মনে করেন, ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে মাওরি সাংস্কৃতিক পুনর্জাগরণে যারা নেতৃত্ব দিয়েছিলেন, নতুন প্রজন্মের রাজনীতিকদেরও তেমন বড় পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোতে হবে। তিনি বলেন, তার প্রত্যাশা, নতুন প্রজন্মের মাওরি রাজনীতিকেরা অতীতের আন্দোলনকারীদের মতোই রূপান্তরমূলক উদ্যোগ নিতে আগ্রহী হবেন।
তবে তাদের সামনে রাজনৈতিক চ্যালেঞ্জও রয়েছে। ২০২৪ সালে ওয়াইতাঙ্গি চুক্তির নীতিমালা পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে টানা নয় দিনের একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে আনুমানিক ৪২ হাজার মানুষ পার্লামেন্ট অভিমুখে মিছিল করেন। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট বিলটি পাস হয়নি।
তবে সমালোচকদের অভিযোগ, ওই বিল ব্যর্থ হলেও সরকার অন্যান্য নীতিগত পরিবর্তনের মাধ্যমে জননীতিতে ওয়াইতাঙ্গি চুক্তির প্রভাব কমিয়ে চলেছে। অন্যদিকে ন্যাশনাল পার্টি ও তাদের জোটসঙ্গীদের বক্তব্য, সংস্কারগুলোর উদ্দেশ্য হলো সব নাগরিকের জন্য সরকারি সেবায় ধারাবাহিকতা এবং সমান আচরণ নিশ্চিত করা।
লেবার পার্টি, গ্রিন পার্টি এবং তে পাতি মাওরি বিভিন্ন মাত্রায় সরকারের এসব নীতির কিছু অংশ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। লেবার পার্টির সংসদ সদস্য কুশলা তাঙ্গারেয়া-ম্যানুয়েল বলেন, তার দল ওয়াইতাঙ্গি চুক্তিকে আবারও আইনপ্রণয়নের সব ক্ষেত্রে কার্যকর করতে চায়। তবে চুক্তিটি শুধু আইনে নয়, নিউজিল্যান্ডের সব মানুষের মন এবং চিন্তায়ও জায়গা করে নিতে হবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: তালেবানের নিষেধাজ্ঞা, কান্দাহারের রেডিওতে ক্রিকেট সংবাদ বন্ধ!
নতুন প্রজন্মের মাওরি রাজনীতিকদের আলোচনায় উঠে আসছে ‘তে আও মাওরি’ বিশ্বদৃষ্টিভঙ্গিও। এতে মানুষ, পূর্বপুরুষ, ভূমি, পানি এবং ভবিষ্যৎ প্রজন্মের পারস্পরিক সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি রয়েছে সম্মিলিত দায়িত্ব, যত্ন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ধারণা।
তাঙ্গারেয়া-ম্যানুয়েলের মতে, পরিবেশ এবং সামাজিক নীতি প্রণয়নে এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকা প্রয়োজন। তিনি বলেন, নিজেদের ভূমির অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ তাঁরা চান।
নতুন মাওরি রাজনীতিকদের উত্থান শুধুমাত্র পার্লামেন্টে প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয় নয়; বরং দেশের পরিচয়, অধিকার, সামাজিক বৈষম্য এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে মাওরি জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি আরও জোরালোভাবে তুলে ধরার প্রচেষ্টাও এর সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: ইমরান খানের মুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করায় ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ পাকিস্তানিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন