ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে


নারায়ণগঞ্জে পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে

নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এছাড়াও, গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত জেলার কোনো পোশাক কারখানা শ্রমিক আন্দোলনের কারণে বন্ধের ঘোষণা দেয়া হয়নি।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অন্যান্য দিনের মতো শ্রমিকেরা কাজে যোগদান করেছেন। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানিয়েছেন, শিল্পাঞ্চলের যেসব এলাকায় আগে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেসব এলাকা চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে বাঁশবাগান থেকে পুলিশ উদ্ধার করলো দেশি শ্যুটারগান

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতার কারণেই এ পরিস্থিতি বজায় রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও তিনি জানান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দেশের অন্যান্য স্থানে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শিল্পাঞ্চলসহ জেলার নিরাপত্তায় ৫৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের সদস্যসংখ্যা তুলনামূলক কম হওয়ায় মুন্সিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। শ্রমিক অসন্তোষ এড়ানো এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১-এর সদস্যরাও শিল্পাঞ্চলের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা, গোয়েন্দা নজরদারি এবং মালিক-শ্রমিকদের সহযোগিতায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রয়েছে।

আরও পড়ুন: যশোরে অস্ত্র ও গুলিসহ রাকিব হোসেন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসারে আক্রান্তের ৫ কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


ক্যানসারে আক্রান্তের ৫ কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশের স্বাস্থ্য খাতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ক্যানসারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চিকিৎসকদের আশঙ্কা, যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, তবে ২০৫০ সালের মধ্যে এই আক্রান্তের সংখ্যা বিপদসীমা অতিক্রম করবে।

কিন্তু কেন এত দ্রুত বাড়ছে ক্যানসার রোগীর সংখ্যা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে ৫টি প্রধান কারণ চিহ্নিত করেছে। আসুন, সেই কারণগুলো সম্পর্কে জানি:

১. প্রক্রিয়াজাত খাবারে আসক্তি

আজকের ব্যস্ত জীবনযাত্রায় ফ্রোজেন মাংস, ভাজাপোড়া এবং অনলাইনে অর্ডার করা ফাস্টফুড আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যুক্ত হয়েছে। খাবারগুলো দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য এতে ‘এন-নাইট্রাসো’ যৌগ মেশানো হয়, যা কোলন ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া, ডায়েট সোডা, জিরো ক্যালোরি পানীয় এবং চিউইংগামে থাকা রাসায়নিক মূত্রথলির ক্যানসারের কারণ হতে পারে।

এছাড়া চকোলেট, বিস্কুট, কুকি, বোতলবন্দি ফলের রস এবং ইনস্ট্যান্ট নুডলসে থাকা সোডিয়াম নাইট্রাইট ক্যানসারের পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস ও স্নায়বিক সমস্যা সৃষ্টি করতে পারে।

২. বায়ুদূষণে শরীরে ঢুকছে টক্সিন

বাইরে বের হলেই বাতাসের সূক্ষ্ম ধূলিকণা এবং যানবাহনের ধোঁয়া সরাসরি শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করছে। এই ধোঁয়ায় থাকা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতো বিষাক্ত কণাগুলি ফুসফুসের কোষের ডিএনএ বা জিনগত গঠনে পরিবর্তন ঘটায়, যা ক্যানসারের অন্যতম প্রধান অনুঘটক।

৩. রান্নার ঘরের নীরব বিপদ

আমাদের রান্নাঘরের কালো নন-স্টিক কড়াই, প্লাস্টিকের টিফিন বাক্স, পানির বোতল এবং মাইক্রোওয়েভে খাবার গরম করার প্লাস্টিকের পাত্র— সবকিছু এখন মারাত্মক বিপজ্জনক হয়ে উঠেছে।

নন-স্টিক পাত্রের ‘টেফলন’ বা পিএফএএস অতিরিক্ত তাপে গলে খাবারে মিশে যায়। এছাড়া, প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখলে সেখানে মাইক্রোপ্লাস্টিক ও বিসফেনলের মতো ক্ষতিকর রাসায়নিক মিশে যায়।

সম্প্রতি ‘সায়েন্টিফিক জার্নাল অফ কেমোস্ফিয়ার’-এর গবেষণায় দাবি করা হয়েছে, কালো প্লাস্টিকে প্রায় ১৬ হাজার রকম রাসায়নিক রয়েছে, যার বেশিরভাগই মানবদেহের জন্য বিষ। এই রাসায়নিকগুলো হার্ট, কিডনি, মস্তিষ্কের পাশাপাশি ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে।

৪. অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার

সামান্য সর্দি-কাশি বা ভাইরাল জ্বরে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন অ্যান্টিবায়োটিক গ্রহণের প্রবণতা আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে। এর ফলে অন্ত্রের উপকারী মাইক্রোবায়োম বা অণুজীবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চিকিৎসকদের মতে, শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠলে পেটে ‘হেলিকোব্যাক্টর পাইলোরি’-এর মতো সংক্রামক ব্যাকটেরিয়া জন্ম নেয়, যা পরিপাকতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে এবং পরবর্তীতে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

৫. বিপাকীয় ভারসাম্যহীনতা ও স্থূলতা

মেটাবলিক সিনড্রোম বা বিপাকের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলে শরীরে ওজন বৃদ্ধি পায় এবং রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, অতিরিক্ত ওজন, স্থূলতা এবং রক্তে খারাপ কোলেস্টেরল কেবল হৃদরোগ নয়, বরং অন্তত ১৩ ধরনের ক্যানসারের প্রত্যক্ষ কারণ।

স্থূলতার কারণে শরীরে ইনসুলিন এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই হরমোনগুলোর বাড়বাড়ন্ত কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ঘটায়, যার ফলে স্তন, জরায়ু, কোলন এবং অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞদের মতে, এই মারাত্মক রোগ থেকে বাঁচতে জীবনযাত্রার অভ্যাস পরিবর্তন এবং সচেতন হওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

সূত্র: আনন্দবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্র আরমানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্র আরমানের

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র আরমান শেখের (১৭) মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ব্রাহ্মণকান্দা ও সূর্যনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরমান শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ফারুক শেখের ছেলে। তিনি পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে আরমান এবং তার দুই বন্ধু সূর্যনগর দৃষ্টিনন্দন মসজিদ দেখতে গিয়েছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলে একটি ট্রাক ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গায় নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরমানের মৃত্যু ঘটে। অন্য দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম জানান, মোটরসাইকেলের একজন আরোহী নিহত এবং দুজন আহত হওয়ার খবর তারা পেয়েছেন। তবে ঘটনাস্থল শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় ওই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় শিবচর হাইওয়ে থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় অতিথি পাখি শিকারবিরোধী অভিযানে ৮ হাজার মিটার জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


উখিয়ায় অতিথি পাখি শিকারবিরোধী অভিযানে ৮ হাজার মিটার জাল জব্দ

উখিয়ার অতিথি পাখি শিকারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। অভিযানের অংশ হিসেবে পাখি শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত প্রায় ৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ সময় পাখি আকৃষ্ট করার জন্য ব্যবহৃত কৃত্রিম বক ধ্বংস করা হয় এবং কৃত্রিম পাখি তৈরির বিপুল পরিমাণ ককশিটও জব্দ করা হয়। পাশাপাশি, শিকারিদের ফাঁদে আটকে পড়া আটটি জীবিত বক উদ্ধার করে সেগুলোকে প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সদর বিটের মাছকারিয়া ডেবাই এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিশেষ দখল টিম এবং উখিয়া রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মাছকারিয়া ডেবাই এলাকায় পাখি শিকারের ফাঁদ পেতে আসছিল। তারা জলাশয় ও পাখির বিচরণস্থলে দীর্ঘ জাল স্থাপন করে এবং কৃত্রিম বক বসিয়ে অতিথি পাখিদের আকৃষ্ট করে শিকার করত। বনকর্মীরা অভিযান চালিয়ে এসব শিকার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করেন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, "অতিথি পাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এসব পাখির ভূমিকা অপরিসীম। নির্বিচারে পাখি শিকারের ফলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। পাখি শিকার সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।"

তিনি আরও বলেন, "উখিয়ার মাছকারিয়া ডেবার এলাকাসহ উপকূলীয় অঞ্চলে অতিথি পাখি শিকার বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"

বন বিভাগ জানায়, জব্দ করা শিকারি জাল ও ককশিট ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা আটটি বক সুস্থ থাকায় সেগুলোকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কিনা?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কিনা?

বর্তমান সময়ে, অনেক মানুষ মুদ্রিত কুরআন শরিফের পরিবর্তে মোবাইল ফোনের মাধ্যমে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন। যাতায়াতের পথে কিংবা অবসর সময়ে সহজে কুরআন পড়ার সুবিধা থাকায়, এই অভ্যাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে, মোবাইল ফোনে কুরআন পড়ার মাধ্যমে সওয়াব পাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।

ইসলামি আলেমদের মতে, মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত করা হলে সওয়াব পাওয়া যাবে। তবে, মুদ্রিত কুরআন শরিফ বা মুসহাফ দেখে পড়া উত্তম বলে মনে করা হয়। এ বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার মুহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।

তিনি উল্লেখ করেন, মুদ্রিত কুরআন শরিফ দেখে পড়ার মধ্যে বিশেষ কিছু ফজিলত বিদ্যমান। মুসহাফ হাতে নিয়ে তিলাওয়াত করার সময় আয়াতের দিকে তাকানো এবং তা নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ তৈরি হয়। এই বিষয়গুলো কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তিলাওয়াতের গুরুত্ব বৃদ্ধি করে। তবে, যদি কেউ মোবাইল ফোনে কুরআন পড়েন, তাহলে আল্লাহর রহমতে তিনিও সওয়াব পাবেন বলে আশা করা যায়। তাই, মুদ্রিত কুরআন কাছে না থাকলে মোবাইলের মাধ্যমে তিলাওয়াত করতেও কোন বাধা নেই।

এ বিষয়ে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, মোবাইলের স্ক্রিনে যখন কুরআনের আয়াত দৃশ্যমান থাকে, তখন স্ক্রিনের ওই অংশকে কুরআনের পাতার মতো গণ্য করা হয়। ফলে, অজু ছাড়া সরাসরি আয়াত দৃশ্যমান অংশ স্পর্শ করা জায়েজ নয়। তবে, মোবাইলের বডি বা ফ্রেম স্পর্শ করার জন্য অজুর প্রয়োজন নেই।

ফতোয়ায় আরও বলা হয়েছে, মুদ্রিত কুরআন দেখে তিলাওয়াত করা উত্তম হলেও, ব্যক্তির জন্য যে পদ্ধতিতে বেশি মনোযোগ, একাগ্রতা ও আন্তরিকতা বজায় থাকে, সেটিই তার জন্য বেশি উপযোগী হতে পারে।

এ বিষয়ে পাকিস্তানের জামিয়া ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরি টাউনের একটি ফতোয়াতেও মুসহাফ দেখে তিলাওয়াতের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%