০৭:৪৭ পি.এম
চব্বিশের জুলাই আন্দোলনের নেতা এবং মাস্টারমাইন্ড কে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে উদ্ধৃত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে।
তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পরপরই বিরোধীদলীয় নেতা একটি কথা বলেছিলেন, আমাদের সাথে আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, জনাব তারেক রহমান, আজকে সংযুক্ত হয়েছেন। তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো, অত্যন্ত বুদ্ধিবৃত্তিকভাবে এবং অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
অর্থাৎ, তিনি নেতৃত্ব দিয়ে এই গণ অভ্যুত্থানটাকে সফল করেছে এবং আজকে আমরা এই জায়গায় এসছি, এটা তার মুখের কথা। কাজেই বাজেট নিয়ে বিরোধী দলীয় নেতারা যে চিন্তিত আছেন, আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, বলেন তিনি।
তার বক্তব্যের পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড মানি না।
আগস্টের পাঁচ তারিখের পরে, আমার এই বক্তব্য। ওই সময়ে যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে, আমরা সবাই অন্তর থেকে তাদেরকে সম্মান করি, ভালোবাসি। তাদের এই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে, বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বলেছিলেন, বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। যিনি ওই সরকারে একজন উপদেষ্টা ছিলেন।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা
তারেক রহমান বলেন, এমনকি ড. ইউনূস অ্যামেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টারমাইন্ড বলেছিলেন। আমিই সেই ব্যক্তি, প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমাদের যুবসমাজকে কৃতিত্ব দিতে চাই। আর মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন