ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

লালমনিরহাটে তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে


লালমনিরহাটে তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে

লালমনিরহাটের তিস্তা ব্যারাজ (ডালিয়া) পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় নদীটির পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ভারি থেকে অতি ভারি বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ডালিয়া পয়েন্টে সন্ধ্যা ৬টায় পানিপ্রবাহ ছিল বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপরে। এর আগে সকাল ৬টায় ওই পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ

পাউবো জানায়, রংপুর অঞ্চলের তিস্তা অববাহিকায় এবং উজানে ভারতের জলপাইগুড়িসহ বিভিন্ন এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রভাবে নদীটিতে পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

উজানের ঢলের কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার।

আরও পড়ুন: পিরোজপুরে ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই রোগীর মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনের নিম্নাঞ্চল ভারী বর্ষণে তলিয়ে গেছে, ভেসে গেছে ঘেরের মাছ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


চরফ্যাশনের নিম্নাঞ্চল ভারী বর্ষণে তলিয়ে গেছে, ভেসে গেছে ঘেরের মাছ

চরফ্যাশনের নিম্নাঞ্চল ভারী বর্ষণে তলিয়ে গেছে, ঘেরের মাছ ভেসে গেছে।

টানা এক সপ্তাহের বর্ষণে ভোলার নদী-নালা ও খাল-বিলে পানি বেড়েছে। এ কারণে চরফ্যাশন উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে হাজারো মানুষ পানিবন্ধী হয়ে পড়েছেন।

এ অঞ্চলের মানুষের ঘর-বাড়ি, কয়েক’শ মাছের ঘের, পুকুর, খাল ও বিল পানিতে তলিয়ে গিয়েছে। ফলে মৎস্যচাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করেন, বেড়িবাঁধের স্লুইসগেট বন্ধ থাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর ফলে পানির প্রবাহ বেড়ে ঘর-বাড়ি, পুকুর-নালা ও মাছের ঘেরসহ ফসলি জমি তলিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চরফ্যাশন উপজেলার আসলামপুর, চরমাদ্রাজ, হাজারীগঞ্জ, জাহানপুর, চরমানিকা ও নীলকমল ইউনিয়নের বাংলাবাজার, ঘোষেরহাট, চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া, নজরুল নগর বাবুরহাট চর নলুয়াসহ ঢালচর, কুকরি-মুকরি, চরপাতিলা ও চর নিজামে ভারী বর্ষণ ও অতি জোয়ারের কারণে নদীর পানির উচ্চতা বেড়ে খাল বিল, পুকুর ও জলাশয়ে মাছের ঘের এবং কৃষি ফসল তলিয়ে গিয়েছে।

এছাড়া, বেড়িবাঁধের একাধিক স্লুইসগেট বন্ধ থাকায় জলাবদ্ধতার কারণে বিভিন্ন বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এর ফলে হাঁস মুরগির খামারসহ গবাদিপশুর খামারও পানিতে ডুবে গেছে।

মৎস্যচাষিরা জানান, উপকূলীয় ইউনিয়নগুলোর বেড়িবাঁধে কিছু স্লুইসগেট রয়েছে, সেগুলোর কপাট সবসময় খোলা থাকে না। লিজ নেওয়া ব্যক্তিরা মাছ ধরার সুবিধার্থে অধিকাংশ সময় গেটগুলো বন্ধ রাখেন। বিশেষ করে জোয়ারের সময় খোলা থাকে এবং অন্য সময় বন্ধ থাকে। ফলে বৃষ্টি ও জোয়ারের পানি নদীতে প্রবেশ করতে না পেয়ে জনবসতী এলাকায় পানির পরিমাণ বেড়ে প্লাবিত হয়। সেখানকার আটকপাট, পাঁচকপাট ও এক কপাট এলাকা এবং চর মাদ্রাজের নতুন বাজার স্লুইসগেট ও পশ্চিমাঞ্চলের স্লুইসগেট অধিকাংশ সময় বন্ধ থাকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা বাসসকে বলেন, চরফ্যাশন উপজেলার কৃষিতে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২১০ হেক্টর শাকসবজি এবং ১৭০ হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে ২ হাজার ৩৬০ জন মৎস্যচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এছাড়া, ৩ হাজার ৬৭১টি ছোট-বড় মৎস্য খামার তলিয়ে গেছে, যার আয়তন ২১৮ হেক্টর।

এর মধ্যে ২৭২ মেট্টিক টন মাছ এবং মাছের পোনা ভেসে গেছে।

উপজেলার জাহানপুর ইউনিয়নের মৎস্যচাষি মনিরুল ইসলাম পন্ডিত, আবুল খায়ের, জসিম মিয়া ও মৎস্য উদ্যোক্তা ছালেহা খাতুন জানান, এলাকায় কোটি টাকার মাছের ঘেরসহ অনেকের বাড়ি-ঘর, পুকুর, নালা পানিতে ডুবে গেছে। খামারে ছাড়া মাছগুলো পানির সাথে চলে গেছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বাসসকে জানান, অবিরাম বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় এবং ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে।

সেখানে জলাবদ্ধতা নিরসন, সংকট মোকাবিলা এবং সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ প্রদান করা হয়েছে।

চরফ্যাশনের (ভোলা-৪ আসন) সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বাসসকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়নের কাজ চলছে। অসহায় পরিবারগুলোকে যথাযথ সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেকপাড়ের ভাঙন ও জলাবদ্ধতা রোধে সমন্বিত উদ্যোগ: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


লেকপাড়ের ভাঙন ও জলাবদ্ধতা রোধে সমন্বিত উদ্যোগ: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর আওতাধীন লেকপাড়ের ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে বৃষ্টির পানি যাতে সড়কে জমে না থাকে, সে জন্য রাজউক, ওয়াসাসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রাজধানীর গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কে মানারাত বিশ্ববিদ্যালয়ের সামনে লেকপাড়ের ভাঙন এবং বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন শেষে আজ সোমবার তিনি সাংবাদিকদের সঙ্গে এই বক্তব্য উল্লেখ করেন।

প্রশাসক আরও বলেন, নগরবাসী যদি সচেতন হয় এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হয়, তবেই ভবিষ্যতে রাজধানীর সড়কে বৃষ্টির পানি জমে থাকার সমস্যা অনেকাংশে দূর করা সম্ভব হবে। তিনি নগরবাসীকে আহ্বান জানান যে, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে ড্রেন পরিষ্কার রাখতে সহযোগিতা করা জরুরি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই নগরকে বাসযোগ্য রাখার জন্য এবং দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে বেদখল খালগুলো দখলমুক্ত করা প্রয়োজন।

তিনি এ কাজে গণমাধ্যম ও নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ইতোমধ্যে মুসলিম বাজার খালসহ কয়েকটি খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করার ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রবও কমেছে।

প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সড়কে জমে থাকা পানি অপসারণ এবং ভবিষ্যতে যেন পানি না জমে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

পরে, তিনি খিলক্ষেতের নামাপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য পানি নিষ্কাশনের স্থান পরিদর্শন করেন এবং নির্দেশ দেন যে নামাপাড়া খাল সংস্কার করে পানি প্রবাহের উপযোগী করতে হবে।

এই পরিদর্শনে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রশাসকের একান্ত সহকারী ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে থানা ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে থানা ঘেরাও

ময়মনসিংহের নান্দাইলে পাঁচ বছর বয়সী এক শিশুকে নৌকা ভ্রমণের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনার বিচারের দাবিতে সোমবার (১৩ জুলাই) সকালে নান্দাইল মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন কয়েক হাজর স্থানীয় বাসিন্দা। পুলিশের এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার দুপুরে নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এক দিনমজুরের কন্যাশিশুকে প্রতিবেশী যুবক মোস্তফা (২৫) নৌকা ভ্রমণের কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। অভিযোগ রয়েছে, নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।

শিশুর পরিবার থেকে জানা গেছে, আহত অবস্থায় শিশুটি বাড়ি ফিরলে ঘটনাটি তার মাকে জানায়। পরে যখন শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে, তখন তাকে রাতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিস রবিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মোস্তফাকে আটক করতে সক্ষম হয়। এরপর সোমবার সকালে ঘটনার সুষ্ঠু বিচার এবং ধর্ষকের ফাঁসির দাবিতে পৌরসভার সর্বস্তরের কয়েক হাজার বাসিন্দা নান্দাইল মডেল থানায় গিয়ে জড়ো হন এবং থানাটি ঘেরাও করেন। এসময় উত্তেজিত জনতা স্লোগান দিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

এই পরিস্থিতিতে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্তসাপেক্ষে সর্বোচ্চ আইনি ব্যবস্থা ও সঠিক বিচার নিশ্চিত করা হবে।’

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফ্রান্স-স্পেনের স্মরণীয় পাঁচ লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফ্রান্স-স্পেনের স্মরণীয় পাঁচ লড়াই

যুক্তরাষ্ট্রের ডালাসে ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামী ১৫ জুলাই রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন। তারা নিজেদের বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ এবং টানা তৃতীয়বার ফাইনালে উঠার লক্ষ্যে মাঠে নামবে। ফ্রান্স দু’বারের চ্যাম্পিয়ন।

স্পেনের লক্ষ্য হচ্ছে, তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলবে। স্প্যানিশরা প্রথম এবং শেষবার ২০১০ সালে ফাইনাল খেলেছিল। সেবার স্পেন নিজেদের প্রথম বিশ্বকাপ ইতিহাসে ফাইনালে উঠেই বাজিমাত করেছিল এবং তারা নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিল।

ফ্রান্স ও স্পেনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের আগে অতীতে হওয়া দু’দলের মধ্যকার সেরা পাঁচ লড়াইয়ে বিশদভাবে দেখা যাক।

-আরকোনাদার মারাত্মক ভুল, ফ্রান্সের প্রথম শিরোপা-

১৯৮৪ সালে ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ফ্রান্স। তারা ফাইনালে স্পেনকে ২-০ গোলে হারায়। ১৯৮৪ সালে ইউরো ফাইনালে ইউরোপের দুই প্রতিবেশী ফ্রান্স ও স্পেনের মধ্যে প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের দেখা হয়েছিল। মিশেল প্লাতিনির নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ পায় ফ্রান্স।

প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে অনুষ্ঠিত ঐ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও, ৫৭ মিনিটে গোল করে ফ্রান্সকে প্রথম এগিয়ে দেন প্লাতিনি। ডি বক্সের বাইরে থেকে প্লাতিনির ফ্রি-কিক স্পেনের গোলরক্ষক লুইস আরকোনাদার হাত ফসকে জালে প্রবেশ করে। ঐ টুর্নামেন্টে এটি প্লাতিনির নবম গোল ছিল।

ম্যাচের ৮৫ মিনিটে ফ্রান্সের লে রুক্স লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ফ্রান্স। তবে ৯০ মিনিটে ব্রুনো বেলোনে গোল করলে তাদের ২-০ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে ফাইনাল জিতে শিরোপা ঘরে তুলে ফরাসিরা। এরপর ২০০৮ সালে ইউরো জয়ের আগে স্পেন কোন প্রতিযোগিতামূলক আসরের ফাইনালে উঠতে পারেনি।

- হ্যানোভারে ফরাসিদের প্রত্যাবর্তন -

২০০৬ সালের বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্স ৩ : স্পেন ১। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে ১টিতে জয় এবং ২টিতে হেরে ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে উঠে ফ্রান্স। অন্যদিকে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট পায় স্পেন। হ্যানোভারে শেষ ষোলোতে দেখা হয় ফ্রান্স ও স্পেনের। কাগজে কলমে ফেভারিটের তকমাটা স্পেনের গায়েই ছিল। স্প্যানিশরা সেটি মাঠে প্রমাণ করতে বেশি সময় নেয়নি।

ম্যাচের ২৮ মিনিটে তারা এগিয়ে যায়। পেনাল্টি থেকে গোল করেন ডেভিদ ভিয়া। তবে লিড ধরে রাখতে পারেনি স্পেন। প্রথমার্ধেই গোল পরিশোধ করে ফ্রান্স। ৪১ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির গোলে ম্যাচে সমতা আসে।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল ফ্রান্স ও স্পেন। অবশেষে ৮৩ মিনিটে প্যাট্রিক ভিয়েরার গোলে ম্যাচে লিড নেয় ফ্রান্স। এরপর ইনজুরি সময়ে ফ্রান্সের জিনেদিন জিদান স্পেনের জালে তৃতীয়বারের মতো বল পাঠান। ৩-১ গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে ফ্রান্স। শেষ আটে ব্রাজিলকে এবং সেমিফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ফ্রান্স। তবে ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হারে তারা।

- নেশন্স লিগ জিতলেন এমবাপ্পে -

২০২১ উয়েফা নেশন্স লিগ ফাইনাল : স্পেন ১ - ফ্রান্স ২। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স ও স্পেনের মধ্যে বেশ কয়েকবার দেখা হয়েছে। যার শুরু হয়েছিল মিলানে ২০২১ সালের নেশন্স লিগের ফাইনাল দিয়ে।

কোভিড মহামারির কারণে সীমিত সংখ্যক দর্শকের সামনে, খেলার প্রথমভাগে কোন দলই গোল করতে পারেনি। ৬৪ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন স্পেনের মিকেল ওয়ারজাবাল। তারা ১-০ গোলের লিড নেয়।

পিছিয়ে পড়ার দুই মিনিট পরই ম্যাচে সমতা ফেরান রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা। কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট থেকে গোল করেন বেনজেমা।

ম্যাচের সমতা ফিরিয়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ফ্রান্স। এবার ৮০ মিনিটে নিজেই গোলদাতার তালিকায় নাম তুলেন এমবাপ্পে। এতে ফ্রান্স কোচ দিদিয়ের দেশ্যমের অধীনে ২০১৮ সালের বিশ্বকাপের পর দ্বিতীয় শিরোপা জিতে নেয় ফ্রান্স।

- ইয়ামালের বিস্ময়কর গোল-

ইউরো ২০২৪ সেমিফাইনাল : স্পেন ২ - ফ্রান্স ১। ইউরো ২০২৪ সালের দল থেকে চলতি বিশ্বকাপের ফ্রান্স দল একেবারেই ভিন্ন। ঐ আসরে পাঁচ ম্যাচে তিনটি গোল করে তারা শেষ চারের টিকিট পায়। যার মধ্যে একটি পেনাল্টি এবং অন্য দু’টি আত্মঘাতী গোল ছিল।

মিউনিখে স্পেনের বিপক্ষে সেমি ফাইনালে খেলার শুরুতে নবম মিনিটে এমবাপ্পের দারুণ পাস থেকে হেডে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন রান্ডাল কোলো মুয়ানি। টুর্নামেন্টে প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে গোল করেন মুয়ানি।

তবে ১৭তম জন্মদিনের চার দিন আগে ডি-বক্সের বাইরে বাঁকানো শটে গোল করেন লামিন ইয়ামাল। এতে ম্যাচে ১-১ সমতা ফেরায় স্পেন। ৪ মিনিট পর দানি ওলমো গোলে দ্বিগুণ লিড নেয় স্পেন। এবং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধান ধরে রেখে ফাইনালে উঠে তারা। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে স্প্যানিশরা।

- নয় গোলের রোমাঞ্চকর ম্যাচ -

২০২৫ সালে উয়েফা নেশন্স লিগ সেমিফাইনাল : স্পেন ৫- ফ্রান্স ৪। গত বছরের জুন মাসে স্টুটগার্টে অনুষ্ঠিত নেশন্স লিগের সেমিফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও স্পেন।

নিকো উইলিয়ামস এবং মিকেল মেরিনোর গোলে ২৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ৫৪ মিনিটে লামিন ইয়ামালের পেনাল্টি এবং ৫৫ মিনিটে পেদ্রির গোলে ৪-০ গোলে এগিয়ে সহজ জয় দেখছিল তারা।

৫৯ মিনিটে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে গোল থেকে ব্যবধান কমায়। তবে ৬৭ মিনিটে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় স্পেন। পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। তারা ৫-১ গোলে এগিয়ে যায়।

পাঁচ গোল হজম করেও দমে যায়নি ফ্রান্স। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তারা। ৭৯ মিনিটে রায়ান চেরকি, ৮৪ মিনিটে দানি ভিভিয়ানের আত্মঘাতী গোল এবং ৯৩ মিনিটে রান্ডাল কোলো মুয়ানির গোলে ব্যবধান ৫-৪আনতে উঠে আসে ফ্রান্স। তবে শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয়নি। নয় গোলের রোমাঞ্চকর ম্যাচ হেরে সেমি থেকে বিদায় নেয় তারা।

ফাইনালে টাইব্রেকারে পর্তুগালের কাছে হেরে যায় স্পেন। নির্ধারিত সময় ২-২ গোলে সমতা থাকার পর পেনাল্টিতে ৫-৩ গোলে হারে তারা। ২০২৪ অলিম্পিকের স্বর্ণপদক জয়ের ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছিল স্পেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%