১০:১৫ এম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি সম্পূর্ণ নির্জন স্থানে গোপনে প্রতিষ্ঠিত একটি বিপজ্জনক খাদ্য কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় অবস্থিত আনিকা ফুড প্রোডাক্টস নামক এই কারখানায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভিন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। নির্জন ওই কারখানায় প্রবেশ করতেই দেখা যায় চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। সেখানে মসলা জাতীয় দ্রব্য, শিশু খাদ্য, টেস্টি সল্ট, বিট লবণ, সাবুদানা, ফ্লেভার, সয়া সস, ভিনেগার, গ্লুকোজ, পান, কোকোসহ মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের খাদ্যপণ্য তৈরি ও প্যাকেটজাত করা হচ্ছিল।
বিভিন্ন কাঁচামাল ও পণ্য বস্তায় ভরে এনে কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই শুধু প্যাকেটজাত করা হচ্ছিল। অনেক পণ্যের গায়ে কোনো মেয়াদ উল্লেখ নেই। আবার কাঁচামালের (র-ম্যাটেরিয়াল) নির্ধারিত মেয়াদ থাকলেও প্যাকেটে অনেক পণ্যের মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছিল। খাদ্য ও কেমিক্যাল তৈরির জন্য দক্ষ কেমিস্ট থাকার কথা থাকলেও কারখানায় কোনো কেমিস্ট নেই। শ্রমিকরা নিজেদের হাতেই এসব পণ্য তৈরি করছেন। একটি নির্দিষ্ট পণ্যের লাইসেন্স না পেয়েই কারখানা কর্তৃপক্ষ বিএসটিআইয়ের লাইসেন্স লোগো অবৈধভাবে ব্যবহার করছিল। কারখানার ভেতরে হাজার হাজার আকর্ষণীয় মোড়ক সাজিয়ে রাখা হয়েছে। চটকদার মোড়ক লাগিয়ে বাজারে ছাড়ায় কোনটি আসল আর কোনটি নকল, তা বোঝার কোনো উপায় নেই।
আরও পড়ুন: অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের পাশে রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
অভিযানকালে কারখানার একটি মেশিনের মাধ্যমে বিভিন্ন ফ্লেভার প্যাকেটজাত করতে দেখা যায় এবং মেঝেতে ফ্লেভারের বিভিন্ন ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এক স্থানে বিপুল পরিমাণ সিল পাওয়া যায়, যা ব্যবহার করে ভেজাল ও নকল পণ্যকে ‘আসল ও নির্ভেজাল’ হিসেবে রূপ দেওয়া হচ্ছিল। আরেকটি কক্ষে সারিবদ্ধভাবে সাজানো ড্রামে বিভিন্ন ধরনের কেমিক্যাল মজুত পাওয়া যায়। কোনো কেমিস্ট ছাড়াই শ্রমিকরা লবণ, চিনি ও নানা কেমিক্যাল মিশিয়ে আকর্ষণীয় পণ্য ও ফ্লেভার তৈরি করছিলেন। এছাড়া কারখানায় ‘ক্লোজআপ’-এর নকল পণ্য পাওয়া গেছে এবং গ্লুকোজের ক্ষেত্রেও আসল ও নকলের পার্থক্য বোঝার উপায় রাখা হয়নি। শিশু খাদ্য ও সাবুদানাও একইভাবে তৈরি ও প্যাকেটজাত করা হচ্ছিল। অভিযানের সময় কর্মরত এক শ্রমিকের কাছে কারখানায় কেমিস্ট আছে কি না এবং কীভাবে এসব পণ্য বানানো হয় - এমন প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভিন বলেন, অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা কার্যালয় থেকে এই কারখানায় মনিটরিংয়ে আসা হয়। এটি মূলত একটি মাল্টিপারপাস বা মাল্টি-ফাংশনাল কারখানা, যেখানে নানা ধরনের পণ্য তৈরি, রিফিল, প্যাকেটজাত ও বাজারজাত করা হচ্ছে। সয়া সস বা লোকাল ভিনেগারের মতো পণ্যের কনসেন্ট্রেট আইটেম এনে নিজেদের মতো করে অন্যান্য উপাদান মিশিয়ে প্যাকেটজাত করা হচ্ছে। কিন্তু এসব পণ্যে কোনো ধরনের ইনফেকশন, ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করা হচ্ছে না। পাশাপাশি কাঁচামালের মেয়াদ থাকলেও প্যাকেটে মেয়াদ বাড়িয়ে দেওয়া এবং একটি পণ্যে লাইসেন্স না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের লোগো অবৈধভাবে ব্যবহারের প্রমাণ মিলেছে। প্রাথমিক অবস্থায় এসব অপরাধে কারখানাটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আবারও যাচাই-বাছাই ও নিয়মিত মনিটরিং চলমান থাকবে।
আনিকা ফুড প্রোডাক্টসের এই অভিযান সাধারণ ভোক্তাদের মাঝে তীব্র উদ্বেগ তৈরি করেছে। শিশু খাদ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় মসলা, সস, ভিনেগার ও গ্লুকোজ - সবকিছুই অস্বাস্থ্যকর পরিবেশে, অনুমোদন ও পরীক্ষা ছাড়াই তৈরি হওয়ার বিষয়টি সামনে আসায় চটকদার মোড়কের পণ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুধু ৮০ হাজার টাকা জরিমানায় এই কারখানার কার্যক্রম আদৌ বন্ধ হবে কি না, নাকি ঘুরেফিরে আবারও একইভাবে ভেজাল ও ক্ষতিকর খাদ্য বাজারে ছাড়বে - এমন প্রশ্ন তুলেছেন সচেতন মহল। দ্রুত এসব ভেজাল কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন