০৯:৫০ পি.এম
রাজধানীর ধানমণ্ডিতে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে মোছা. রিক্তা মনি (১১) নামের এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৬টায় ঘটনাটি ধানমণ্ডির ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার ছাদে ঘটে।
নিহত রিক্তা সুনামগঞ্জ জেলার সালনা থানার নিজগাঁও গ্রামের দিনমজুর মো. শাহিন আলী এবং মাজেদা বেগমের কন্যা। সে চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌসী ঘটনা সম্পর্কে সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ওই বাসার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় রিক্তা। পরে তাকে উদ্ধার করে ধানমণ্ডির ১৫/এ নম্বর রোডের ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
খবর পাওয়ার পর ধানমণ্ডি থানা-পুলিশ এসে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে বিকেল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
তবে রিক্তার পরিবার অভিযোগ করেছে, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহতের বাবা শাহিন আলী জানান, ঈদুল আজহার ১৫ দিন আগে গাজীবুল নামের এক ব্যক্তির মাধ্যমে চার হাজার টাকা বেতনে মেয়েটিকে ওই বাসায় কাজে দিয়েছিলেন।
শাহিন আলী অভিযোগ করে বলেন, কয়েক দিন আগে রিক্তা ফোন করে তার মায়ের কাছে কান্নাকাটি করে বলেছিল, সে আর ওই বাসায় কাজ করতে চায় না।
গত শুক্রবারেও ভিডিও কলে কেঁদে ছিল। যখন আমরা মেয়েকে নিয়ে আসতে চাইলে বাড়ির মালিক জানান, গাজীবুলকে ১০ হাজার টাকা দিয়েছেন। ওই টাকা ফেরত দিয়ে মেয়েকে নিয়ে আসতে হবে। আমরা টাকা দিয়ে মেয়েকে নিয়ে আসতে রাজি হয়েছিলাম।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
তিনি আরো বলেন, আজ হঠাৎ সকালে ফোনে আমাদের জানানো হয় রিক্তার আমাশয় হয়েছে এবং সে খুব অসুস্থ।
পরে এসে জানতে পারি সে নাকি ভবন থেকে পড়ে গেছে। কিন্তু আমার মেয়ে ভবন থেকে পড়ে যায়নি, তাকে মারধর করে হত্যা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন