০৯:৫১ পি.এম
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি নিয়ে বিরোধের কারণে সংগঠনটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চলাকালে এ হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নবঘোষিত কমিটি বাতিল করার পাশাপাশি নতুন করে কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একটি অংশের নেতাকর্মীরা কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, নবঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’ উল্লেখ করে দাবি করেছেন যে, অর্থের বিনিময়ে এ কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানান।
এ প্রসঙ্গে, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এতে আহ্বায়ক হিসেবে আবু সাইদ হাসান এবং সদস্যসচিব হিসেবে শামসুল হক হৃদয়ের নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন