০৪:৩৭ পি.এম
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগগুলোকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের মানুষের সেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য ভূয়সী প্রশংসা করেছেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর হজের মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটির কাজ কেবল টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণে সীমাবদ্ধ নয়, বরং তারা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রেও মাস্তুল ফাউন্ডেশনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের সাহায্যে এই ফাউন্ডেশন সুষম খাদ্য, ওষুধ এবং আর্থিক সহযোগিতা প্রদান করছে।
রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী হওয়ায় তিনি স্থানীয় দায়িত্বশীল এবং স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সাথে এই ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশনা দেন।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের
এসময়, মন্ত্রী নিজের কারাগারের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কারাগারে থাকাকালীন আমি পানির কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা আমাকে সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা করতে সচেষ্ট হতে উদ্বুদ্ধ করেছে।
মন্ত্রী আরও বলেন, সৎ, দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির পরিচালনায় মাস্তুল ফাউন্ডেশন সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
তিনি রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ মাস্তুল ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড
অনুষ্ঠানের শেষে, মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২টি টিউবওয়েল এবং একটি সেলাই মেশিন উপকারভোগীদের হাতে বিতরণ করা হয়, যা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সহায়ক হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন