০৭:২১ পি.এম
সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটক ৮ রোহিঙ্গা এবং ৪ মানবপাচারকারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতে তোলা হলে আদালত এই নির্দেশ দেন।
এর আগে ১৭ আগস্ট কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি মাদরাসার সামনে থেকে তাদের আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সময় পাচার কাজে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি মাদরাসার সামনে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে স্থানীয়রা তাদের আটক করেন এবং পুলিশে খবর দেন। পরবর্তীতে কানাইঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
বাকি চারজন মানবপাচারকারী। সিলেট নগরের কদমতলী এলাকা থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই ৮ রোহিঙ্গাকে কানাইঘাটে নিয়ে আসা হয়েছিল। পুলিশ জানায়, দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদের ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল।
আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন, এনায়েত হোসেন (১৮), আব্দুল মুবিন (২৪), জুবের আহমদ (১৮), আজিদা বেগম (১৮), জামিলা বেগম (২০), ফাতেমা বিবি (১৮), নুর ফাতেমা (১৮) এবং আজিদা (১৮)।
পুলিশ জানায়, তারা সকলেই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।
মানবপাচারকারীদের মধ্যে রয়েছে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল বাঙ্গীছড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আছাদ আহমদ, বড়খেরড় গ্রামের বাতা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন এবং দুই সিএনজিচালিত অটোরিকশার চালক সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের ছেলে রফিক আহমদ ও নেত্রকোনা সদর উপজেলার মইন নুরুলীয়া গ্রামের মৃত আবুল কাশের ছেলে এলাছ উদ্দিন।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
সিলেটের কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আটকদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন