০৪:৫৬ পি.এম
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরিতে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। তিনি ডায়েরিতে উল্লেখ করেছেন যে, জীবনে তিনবার শয়তানকে দেখার অভিজ্ঞতা হয়েছে তার। এমনকি তিনি ‘নরকের প্রবেশদ্বার’ দেখার কথাও উল্লেখ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ের ২০২১ সালের একটি লেখায় এসব তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে ফ্রান্সিস জানান, প্রথমবার তিনি গাড়িতে থাকাকালীন, দ্বিতীয়বার গির্জায় প্রার্থনার সময় গায়কদলের বসার জায়গায় এবং তৃতীয়বার ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় শয়তানকে দেখেছিলেন।
একটি ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ফ্রান্সিস লিখেছেন, “তার কণ্ঠস্বরের সেই তীব্র কর্কশ আওয়াজ আমি কিছুতেই ভুলতে পারি না।” ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফরের সময় তার অনুশোচনার কথাও তুলে ধরেছেন। ওই সফরে ফ্রান্সিস এমন একজন বিশপকে সমর্থন দিয়েছিলেন, যার বিরুদ্ধে এক যাজকের যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ছিল। এই ঘটনায় তাকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার স্বর্ণখনিতে আটকা ২৬ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে
২০২৫ সালে মৃত্যুর আগে ১২ বছর ধরে ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেওয়া পোপ ফ্রান্সিস পরবর্তী সময়ে ওই ঘটনার জন্য ক্ষমা চান। তিনি চিলির বিশপদের রোমে তলব করেন। সেখানে তারা সবাই পদত্যাগের প্রস্তাব দেন। ২০২১ সালের ডায়েরির একটি লেখায় ফ্রান্সিস উল্লেখ করেন, “চিলির পরিস্থিতির কারণে আমি মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম।” তিনি আরো লেখেন, “চিলিতে যা ঘটেছিল, তা মেনে নেওয়া আমার জন্য কঠিন ছিল। আমি ভাবতেও পারিনি, বিষয়টি এতটা গুরুতর।” শয়তানকে দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ফ্রান্সিস বলেন, শয়তানের সেই “ভীতিকর” চোখের কথা তিনি কখনোই ভুলতে পারবেন না।
বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালে একটি কারমেলাইট চ্যাপেলে শয়তানকে দ্বিতীয়বার দেখার অভিজ্ঞতার কথা ডায়েরিতে উল্লেখ করেছেন ফ্রান্সিস। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়েছিল, আগেরবারের চেয়েও তীব্র দৃষ্টিতে। তার চোখ দুটি যেন আগুনের শিখার মতো জ্বলছিল।”
ফ্রান্সিসের দাবি, বিভিন্ন সময়ে তার যাত্রাপথে শয়তানের উপস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছিল। এর মধ্যে চিলি সফরের সময়ও এমন অভিজ্ঞতা হয়েছিল। সে সময় দেশটিতে যাজকদের যৌন নির্যাতনের ঘটনা নিয়ে ব্যাপক কেলেঙ্কারি চলছিল। এ ছাড়া রোমে ফিরে আসার কয়েক দিন পর একটি বৈঠকের সময়ও তিনি শয়তানকে দেখেছিলেন বলে দাবি করেন।
এ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, “আমি তাকে দেখেছিলাম এবং তার কণ্ঠস্বর শুনেছিলাম। তাকে দেখে মনে হচ্ছিল, সে যেন বিজয়ী এবং সবকিছু তার নিয়ন্ত্রণে।” তবে ফ্রান্সিস আরো লিখেছেন, “প্রভু আমাকে এসব অভিজ্ঞতা থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন।”
আরও পড়ুন: ভারতে স্বামীর বন্ধুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ
প্রয়াত পোপ ফ্রান্সিস আরও জানিয়েছেন, ২০১৮ সালের জুনে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেন। তিনি লিখেছেন, “আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে ছিলাম। দৃশ্যটি আমাকে ভীষণ আতঙ্কিত করেছিল।” এ সময় আত্মরক্ষার জন্য তিনি ‘অস্ত্র’ হিসেবে জপমালা বা রোজারি হাতে তুলে নিয়েছিলেন বলেও জানান।
ডায়েরিতে তিনি আরো লেখেন, “নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক। কারণ, সেখান থেকে আগুনের শিখা বেরিয়ে এসে পুড়িয়ে দিতে পারে।” ভ্যাটিকানের ধর্মবিশ্বাসবিষয়ক দপ্তর ‘ডিকাস্টেরি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথ’-এর প্রধান এবং পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের লেখা ব্যক্তিগত ডায়েরি জনসাধারণের জন্য প্রকাশিত হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন