০৪:৫৭ পি.এম
গাইবান্ধায় নতুন স্বেচ্ছাসেবীদের রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। সভায় অংশগ্রহণকারী নতুন স্বেচ্ছাসেবীরা রক্তদানের অঙ্গীকার করেন। পাশাপাশি, জরুরি প্রয়োজনে রক্তদাতাদের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য তাদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে খোলা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নতুন স্বেচ্ছাসেবী ও শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষু রোগীকে জীবনসংকটের মুখোমুখি হতে হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তি, অস্ত্রোপচারের রোগী, প্রসূতি মা এবং জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জরুরি প্রয়োজনে রক্তের প্রয়োজন হয়ে থাকে। এ ধরনের পরিস্থিতিতে স্বেচ্ছায় রক্তদাতাদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজ যদি সচেতন ও মানবিক হয়, তবে রক্তের অভাবে কোনো রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।
আরও পড়ুন: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার
আলোচনা সভায় রক্তদানের গুরুত্ব, উপকারিতা এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে নতুন স্বেচ্ছাসেবীদের ধারণা দেওয়া হয়। রক্তদান নিয়ে প্রচলিত ভয় ও ভুল ধারণা দূর করার জন্য সুস্থ ও উপযুক্ত ব্যক্তিদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় অংশগ্রহণকারী নতুন স্বেচ্ছাসেবীরা ভবিষ্যতে নিজেদের রক্তদান এবং জরুরি প্রয়োজনে অন্যদের রক্তের ব্যবস্থা করার অঙ্গীকার করেন। এ সময় প্রত্যেকে নিজেদের যোগাযোগ নম্বর সংগঠনের বন্ধুদের কাছে জমা দেন। এর মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, যাতে জরুরি মুহূর্তে সহজেই রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো. সামিউল বাসির বলেন, ‘রক্তদান করলে সাধারণত সুস্থ ও উপযুক্ত ব্যক্তির শরীরের কোনো ক্ষতি হয় না। শরীর নিয়মিত নতুন রক্তকণিকা তৈরি করে। তাই রক্তদানে ভয় না পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা উচিত। আপনার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই আসুন, রক্তদান করি, মানুষের পাশে দাঁড়াই।’
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সহসভাপতি মো. সোহাগ ইসলাম বলেন, রক্তের বিকল্প নেই। একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্ত অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের নিয়মিত রক্তদানে উৎসাহিত করতে হবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার
শাখার সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম বলেন, তরুণরাই সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ কাজ করছে। রক্তদানের মতো মানবিক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়লে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শাখার আপ্যায়ন সম্পাদক মো. আতিকুর রহমান, সদস্য মো. হাবিবুর রহমান ও মো. সাদমান হোসেন। নতুন রক্তদাতা স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন জিহাদ মিয়া, মিজানুর রহমান, নুর আলম নেহান, আশিকুর রহমান, একরামুল ইসলাম, কবির হোসেন, শামিম মিয়া, মারুফ মিয়া, সুমন ইসলাম ও লিমন মিয়া।
সভায় বক্তারা নিয়মিত রক্তদাতা তৈরি, স্বেচ্ছাসেবীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে দ্রুত রক্তের ব্যবস্থা করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: গোপালগঞ্জের অরাজক পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের উদ্বেগ সত্যি হলো: আবদুল্লাহ আল জাবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন