মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
১০:০৮ এম
১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে রোজ বুধবার, নারায়ণগঞ্জ বাঁকে জান্নাত সড়ক এর কাজ শুভ উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, সাখাওয়াত হোসেন খান, সাথে ছিলেন, নারায়গঞ্জের চারবারের কমিশনার ১২ নম্বর ওয়ার্ডের, শওকত হাসেম শুকু, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সাখাওয়াত ইসলাম রানা, থানা কমিটির জাকির হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ এই শুভ উদ্বোধনে মিষ্টি বিতরণের মাধ্যমে দোয়া ও কামনা করা হয়, ৮০০ ফিট এই রাস্তাটি যথাসময়ে কন্টাকটার কে কাজ সমাধান করার জন্য প্রশাসক মহোদয় জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা সৃষ্টি করেছে। রাশেদের কটাক্ষপূর্ণ ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় সারজিস মন্তব্যের ঘরে লিখেছেন, ‘যত যাই বলেন না কেন ভাই, যতই ফুটেজ খাওয়ার চেষ্টা করেন; মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাশেদ খাঁন তার ফেসবুক পেজে সারজিস আলমকে নিয়ে একটি পোস্ট করেন। সেখানে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে সারজিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ছাত্রলীগের একটি পদ পাওয়ার জন্য সারজিস আলম তৎকালীন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও ইনানকে তোষামোদ করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সারজিসের অতীতের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর এখন কেন সারজিস তাদের সমালোচনা করছেন।
জুলাই গণঅভ্যুত্থানে সারজিসের ভূমিকা নিয়েও রাশেদ কটাক্ষ করেন। তিনি দাবি করেন, আন্দোলনের সময় সারজিসের ব্যক্তিগত উপস্থিতি ও আচরণ নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাশেদের ভূমিকার সমালোচনা করায় সারজিসের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রাশেদ খাঁন আরও লেখেন, ২০১৮ সালের পর আওয়ামী লীগবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে তারা বিভিন্ন সময় ক্যাম্পাসে হামলার শিকার হয়েছেন। সে সময় সারজিস আওয়ামী লীগের প্রতি অনুগত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনা উল্লেখ করে রাশেদ অভিযোগ করেন, সারজিস শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। এছাড়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়া বা গোয়েন্দা হেফাজতে নেওয়ার পর কারফিউ চলাকালে সারজিস ও হাসনাত আবদুল্লাহ গোয়েন্দা সংস্থার গাড়িতে ঘুরে বেড়িয়েছেন বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের এসব বক্তব্যের জবাবে সারজিস আলম মন্তব্যের ঘরে লেখেন, ‘যত যাই বলেন না কেন ভাই, যতই ফুটেজ খাওয়ার চেষ্টা করেন; মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না।’
দুই নেতার এই পাল্টাপাল্টি বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ : আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই কোনো কর্মসংস্থান খুঁজে পাবে না বলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) চরম উদ্বেগ প্রকাশ করেছে।
সংস্থাটি সতর্ক করেছে যে, যদি দেশগুলো এখনই নীতিগত পরিবর্তন ও সুনির্দিষ্ট পদক্ষেপ না নেয়, তবে এই বিশাল তরুণ জনগোষ্ঠী চাকরিহীন ভবিষ্যতের মুখোমুখি হবে।
জাতিসংঘের অফিশিয়াল ব্রডকাস্টার ইউএন ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচারিত সদর দপ্তরের নিয়মিত মধ্যাহ্নকালীন সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে মঙ্গলবার এই বিশ্বজনীন সতর্কবার্তা দেন সংস্থাটির প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু।
থাইল্যান্ডের ব্যাংককে চলমান বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভার সাইডলাইন থেকে তিনি ভার্চুয়ালি এই অনলাইন প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।
ডি ক্রুকে ইউএন ওয়েব টিভির পর্দায় ২২ মিনিট ৯ সেকেন্ডের এই ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থার নতুন নীতিগত প্রতিবেদন ‘নো টাইম টু রিকভার’-এর মূল রূপরেখা প্রদর্শন করতে দেখা যায়।
তিনি ডিজিটাল স্ক্রিনে বৈশ্বিক জনসংখ্যার দ্রুত বৃদ্ধির চার্ট ও প্রযুক্তির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, 'যদি নীতিগত পরিবর্তন ও সুনির্দিষ্ট পদক্ষেপ এখনই না নেওয়া হয়, তবে এই সংকট নিজে থেকে সমাধান হবে না। উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ মানুষের গড় বয়স ১৮ থেকে ২৫ বছর, যা একটি বড় চ্যালেঞ্জ।'
লাইভ ব্রিফিংয়ে বিশ্বব্যাপী চলমান ‘ত্রিমুখী ধাক্কা’ (উচ্চ ঋণ পরিশোধ, তীব্র এল নিনো এবং জ্বালানি সংকট)-এর রূপরেখা গ্রাফিক্সের মাধ্যমে ব্যাখ্যা করেন ইউএনডিপি প্রধান।
তিনি পর্দায় দেখান যে, বর্তমানে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশগুলো তাদের মোট রাজস্ব আয়ের ৯.৫ শতাংশই ব্যয় করছে ঋণের সুদ মেটাতে, যা উচ্চ আয়ের দেশের তুলনায় তিনগুণ এবং গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
এই ধারা অব্যাহত থাকলে বিশ্বজুড়ে নতুন করে আরও ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার হতে পারে বলে সতর্ক করেন তিনি।
এই সংকট মোকাবিলায় ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপ, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এবং ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের অংশীদারিত্বে ইউএনডিপির দুটি নতুন বৈশ্বিক ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘ইনভেস্টমেন্ট অ্যাক্সিলারেটর’ ও ‘জবস ফর প্রসপারিটি ফ্যাসিলিটি’-র আনুষ্ঠানিক লোগো ও স্লাইড উন্মোচন করেন তিনি।
ইতিমধ্যে নেপাল, ইয়েমেন, হাইতি, লেবানন ও ঘানায় এর পাইলট কার্যক্রম শুরু হওয়ার বিষয়টিও তিনি স্ক্রিনে দেখান।
ব্রিফিংয়ের শেষ অংশে জাতিসংঘ সদর দফতরে উপস্থিত সাংবাদিকদের স্ক্রিনের মাধ্যমে সরাসরি বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডি ক্রু।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে বিমা খাতের ঝুঁকি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ঘটলেও সেবা খাত, কৃষি ও পর্যটনের মতো শ্রমঘন খাতগুলোয় বিপুল কর্মসংস্থান তৈরি সম্ভব।
২০১৫ সালে এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ৬৫ বিলিয়ন ডলারের সামগ্রিক অর্থনৈতিক ক্ষতির বিপরীতে মাত্র ৫ বিলিয়ন ডলারের বিমা থাকার উদাহরণ টেনে তিনি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে সুরক্ষার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ের সমাপনী বক্তব্যে ডি ক্রু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংহতি ও বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেন, মানুষকে বহুমাত্রিক দারিদ্র্য থেকে বের করে আনতে বিশ্বজুড়ে টেকসই কর্মসংস্থান সৃষ্টির কোনো বিকল্প নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দ্বীনি দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, এই দুই সপ্তাহের সফরের সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন চরমোনাই পীর। সফরের সময় তিনি স্থানীয় মসজিদ ও মুসলিম কমিউনিটি আয়োজিত ইসলামি সম্মেলনগুলোতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন। এছাড়াও, তিনি প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধি এবং আন্তর্জাতিক বিভিন্ন মুসলিম সংগঠনের নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
অন্যদিকে, সৌদি আরবে সাম্প্রতিক সংঘাতের কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকায় আটকে পড়া সাধারণ প্রবাসী শ্রমিকদের জন্য জরুরি ভিত্তিতে থাকার ও খাবারের ব্যবস্থা করার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। সংগঠনটি একই সাথে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার এবং পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান জানান, সংঘাতের কারণে সৌদির বিমানবন্দরগুলোতে ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক স্বল্প আয়ের প্রবাসী শ্রমিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঢাকায় প্রবাসীদের অনেকেরই থাকার জায়গা ও খাবারের সংস্থান নেই উল্লেখ করে তিনি দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সান ফ্রান্সিসকোর ওপেনএআইয়ের অফিসে গোপন রেকর্ডিং যন্ত্র স্থাপনের অভিযোগে এক সৌদি নাগরিককে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী আবদুল রহমান আলফোজানকে ৯ অক্টোবর গ্রেপ্তার করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর ওপেনএআইয়ের সান ফ্রান্সিসকোর দপ্তরের একটি কক্ষে গোপন রেকর্ডিং যন্ত্র আবিষ্কার করেন সংস্থার কর্মীরা।
আলফোজানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি সংস্থার সান ফ্রান্সিসকোর অফিসে গোপন অডিও রেকর্ডিং যন্ত্র স্থাপন করে গুরুত্বপূর্ণ বৈঠকের কথাবার্তা শোনার চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা এফবিআই এই অভিযোগের তদন্ত করছে। তবে ওপেনএআই জানিয়েছে যে, তাদের গোপন প্রযুক্তিগত তথ্য বা গ্রাহকদের তথ্য চুরি হওয়ার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, রেকর্ডিং যন্ত্রটি ঘরের একটি টেলিভিশনের পেছনে ইউএসবি সংযোগে স্থাপন করা হয়েছিল। অভিযোগ রয়েছে যে, সেটিকে বাইরে থেকে সহজে বোঝা না যায়, এমনভাবে টিস্যু পেপারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
ওই রুমে সংস্থার গুরুত্বপূর্ণ প্রযুক্তি, নতুন পণ্য তৈরির পরিকল্পনা, ব্যবসায়িক কৌশল এবং ভবিষ্যতের প্রকল্প নিয়ে আলোচনা হতো। তাই সেখানে গোপনে কথাবার্তা রেকর্ড করার চেষ্টা কেন করা হয়েছিল, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ